২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ায় প্রবাসী সাংবাদিক গৌতম রায় স্মরণসভা

মালয়েশিয়ায় বাংলা পত্রিকা ‘সাপ্তাহিক প্রবাসী কণ্ঠ’ সম্পাদনা করতেন তিনি।

রফিক আহমদ খান রফিক আহমদ খান

মালয়েশিয়া থেকে

Published : 30 Oct 2023, 08:03 PM

Updated : 30 Oct 2023, 08:03 PM

সদ্যপ্রয়াত প্রবাসী সাংবাদিক গৌতম রায় স্মরণে আলোচনা সভা করেছে বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়া।

রোববার সন্ধ্যায় কুয়ালালামপুর বুকিত বিনতাংয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল কাদেরের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মোস্তফা ইমরান রাজু। মূল আলোচক ছিলেন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী অহিদুর রহমান অহিদ।

বক্তব্য দেন রাশেদ বাদল, সেলিম জালাল, সাখাওয়াত হোসেন জোসেফ, প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি আমিনুল ইসলাম রতন, সহ সভাপতি রফিক আহমদ খান, সহ সভাপতি কায়সার হামিদ হান্নান ও যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম হিরণ।

অহিদুর রহমান অহিদ বলেন, “গৌতম রায় আশির দশকের শেষ দিকে মালয়েশিয়া আসেন। তিনি ছিলেন একজন শ্রমিকবান্ধব সাংবাদিক, মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের বন্ধু-স্বজন। মালয়েশিয়ার যে কোন প্রান্তে কোনো বাংলাদেশির সমস্যার কথা জেনেছেন, সেখানে ছুটে গেছেন। হাই কমিশনে গিয়ে সাহায্য কামনা করেছেন, কমিউনিটি নেতাদের জানিয়েছেন।

রাশেদ বাদল বলেন, “গৌতম রায় মালয়েশিয়ায় প্রথম বাংলা পত্রিকা ‘সাপ্তাহিক প্রবাসী কণ্ঠ’ প্রকাশ করেন, যা ইতিহাস হয়ে থাকবে।”

সভাপতির বক্তব্যে মোস্তফা ইমরান রাজু বলেন, “মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের অভিভাবক ছিলেন সাংবাদিক গৌতম রায়। তিনি আমাদের সাহস যোগাতেন।”

সভায় আরও উপস্থিত ছিলেন মতিন সরকার, প্রেস ক্লাবের সহ সভাপতি এম. ফরহাদ হোসেন, সাংবাদিক আশরাফুল মামুন, ইউনিভার্সিটি মালায়ার গবেষক জিনাত এ. তাবাসসুম, শাহাবুদ্দিন আহমেদ, সওকত হোসেন জনি, মোহাম্মদ ইকবাল গনি ও নজরুল ইসলাম।

বুধবার বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি হাসপাতালে মারা যান প্রবাসী সাংবাদিক গৌতম রায় (৫৭)।