কানাডায় ঢাকা কলেজ প্রাক্তনদের বনভোজন
বার্ষিক বনভোজন করেছে কানাডা প্রবাসী ঢাকা কলেজের প্রাক্তন ছাত্রদের সংগঠন ‘ঢাকা কলেজ গ্র্যাজুয়েটস ইন কানাডা’ (ডিসিজিসি)।
শনিবার টরন্টো থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে হুইটবির সানরাইজ লেক পার্কে এ আয়োজন করেন তারা।
ওইদিন দুপুর পেরোতেই কলেজের প্রাক্তন ছাত্ররা পরিবার-পরিজন নিয়ে একে একে হাজির হতে শুরু করেন লেক পার্কের পাশের ছাউনিতে। ১৯৬৬ ব্যাচের ছাত্র তাজ হাশমি থেকে শুরু করে ২০০৯-এর ওমর বাবুসহ বিভিন্ন ব্যাচের প্রাক্তন ছাত্ররা সপরিবারে হাজির হয়েছিলেন বনভোজনে। শহীদ খন্দকার টুকু, সাকিব আলমসহ কেউ কেউ দিনের প্রথম ভাগে হাজির হয়ে শেষ ভাগে ছুটে যান অন্য কাজে।
এ আয়োজনে ছিলেন সাজ্জাদুর রহমান, জাহিদুল ইসলাম তুষার, মফিজুল হিরু ও আনোয়ার হোসেন। বনভোজনের নানা কর্মসূচির মধ্যে ছিল শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিযোগিতা, নারীদের বালিশ চালাচালির পর্ব ও ফুটবল।
