২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশিগানে প্রবাসীদের প্যারেডে বাঙালির রঙ

হ্যামট্রমিক সিটির শতবর্ষপূতিতে ‘লেবার ডে’র প্যারেডে দেখা গেল বাঙালির রিকশাও।

মিশিগানে প্রবাসীদের প্যারেডে বাঙালির রঙ

মিশিগানে হ্যামট্রমিক সিটির লেবার ডে’র প্যারেডে ছিল প্রবাসী বাঙালিদের সরব অংশগ্রহণ

নিউইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2022, 09:01 PM

Updated : 11 Sep 2022, 09:01 PM

যুক্তরাষ্ট্রের মাটিতে বাঙালির চিয়ারত পোশাক শাড়ি, পাঞ্জাবি, লুঙ্গি-গামছা এবং তিনচাকার বাহন নজড় কেড়েছে সবার। হ্যামট্রমিক সিটির শতবর্ষপূতিতে এসব পোশাক পরেই নেচে-গেয়ে ‘লেবার ডে’র প্যারেডে অংশ নিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

গত ৫ সেপ্টেম্বর ওই প্যারেডে বিভিন্ন জাতিগোষ্ঠীর হাজারো মানুষ তাদের নিজস্ব সংস্কৃতি-কৃষ্টি নিয়ে হাজির হন। শহরের জোসেফ কম্পাউন্ডের পুরো এলাকা মেতে ওঠে তাদের সরব উপস্থিতিতে।

প্যারেডে অংশ নেওয়া প্রবাসী বাঙালিদের পরনে দেখা যায় বাংলাদেশের চিরায়ত পোশাক। নারীদের পরনে ছিল রঙ-বেরঙের শড়ি; আর পুরুষেরা পাঞ্জাবি ও লুঙ্গির সঙ্গে মাথায় বাঁধেন গামছা।

Image

হ্যামট্রমিক সিটির শতবর্ষপূতিতে লেবার ডে’র প্যারেডের অন্যতম আকর্ষণ ছিল রিকশা।

শহরের হলবক্স পয়েন্ট থেকে জোসেফ কম্পাউন্ড প্যারেড মঞ্চ পর্যন্ত হাতে বাংলাদেশর পতাকা নিয়ে শিশু-কিশোর-তরুণ থেকে সব বয়সের মানুষ দেশের গানের সঙ্গে নেচে গলামিলিয়ে মাতিয়ে দেন দিনটি। কেউ কেউ বাঁজিয়েছেন বাঁশি। বাঙালির প্যারেডের আকর্ষণ বাড়িয়ে দেয় ‘রিকশা’।

মিশিগানে বসবাসরত হিন্দু কমিউনিটির পক্ষ থেকে শোভাযাত্রায় গাওয়া হয় কীর্তন। দুর্গার প্রতীমা নিয়েও হাজির হন তারা।

Image

যুক্তরাষ্ট্রের মিশিগানে হ্যামট্রমিক সিটির শতবর্ষ পূতি হয় গত ৫ সেপ্টেম্বর

হ্যামট্রমিক সিটির কাউন্সিলের ছয় সদস্যের দুজন নাঈম চৌধুরী এবং মোহাম্মদ কামরুল হাসান বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান। অনুষ্ঠানে বাঙালিদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নাঈম চৌধুরী ।