লন্ডনে বাংলাদেশ মিশনে জাতীয় শোক দিবস পালন
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ হাই কমিশন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার লন্ডনে আয়োজিত এ স্মারক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী।
তিনি বলেন, “১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মূল লক্ষ্য ছিল জাতির পিতার গণতান্ত্রিক, প্রগতিশীল, ধর্মনিরপেক্ষ এবং বাঙালি জাতীয়তাবাদ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্য ব্যর্থ করে দেওয়া এবং দেশকে স্বাধীনতার পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে নেওয়া।”
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিম। বিশেষ অতিথি ছিলেন মানবাধিকারকর্মী সুলতানা কামাল।
আরও বক্তব্য দেন যুক্তরাজ্যে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সুলতান মাহমুদ শরীফ, মুক্তিযোদ্ধা লোকমান হোসেন, লন্ডন অ্যাসেম্বলির সদস্য উনমেস দেশাই, বিবিসির সাবেক সাংবাদিক ও লন্ডনভিত্তিক পত্রিকা ‘এশিয়ান অ্যাফেয়ার্স’-এর সম্পাদক ডানকান বার্টলেট এবং ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির নঈম উদ্দিন রিয়াজ।
অনুষ্ঠানের নানা আয়োজনের মধ্যে ছিল বঙ্গবন্ধু ও ১৫ অগাস্টের শহীদ স্মরণে নিরবতা পালন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়া, স্মারক প্রকাশনার মোড়ক উন্মোচন, তথ্যচিত্র প্রদর্শন ও কবিতা আবৃত্তি।
