মিশিগানে প্রবাসী ক্রিকেটে চ্যাম্পিয়ন বিয়ানীবাজার
জাতীয় ক্রিকেট দলের সাবেক বেশ কয়েকজন ক্রিকেটার এ টুর্নামেন্টে অংশ নেন।
যুক্তরাষ্ট্রের মিশিগানে ‘বিডি কমিউনিটি ক্রিকেট টুর্নামেন্টে’ চ্যাম্পিয়ন হয়েছে ‘বিয়ানীবাজার স্ট্রাইকার্স’।
বাংলাদেশি-আমেরিকান ক্রিকেটারদের অংশগ্রহণে সপ্তমবারের মতো অনুষ্ঠিত এ প্রতিযোগিতার ফাইনালে ‘গোলাপগঞ্জ গানার্সকে’ হারায় তারা।
৪ জুলাই ডেট্রয়েট শহরের লাস্কি রিক্রিয়েশন সেন্টারের ক্রিকেট মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
ডেট্রয়েট থেকে সাংবাদিক আশিক রহমান জানান, টুর্নামেন্টের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হন চ্যাম্পিয়ন দলের তৌহিদুল ইসলাম। সেরা ব্যাটার গোলাপগঞ্জ গানার্সের আলী সামাদ, সেরা বোলার পাওয়ার রেঞ্জার্সের এমডি আলী এবং সেরা ফিল্ডার হয়েছেন বিয়ানীবাজার স্ট্রাইকার্সের শাহান খান।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন অব মিশিগানের প্রেসিডেন্ট তায়েফুর রহমান, কোড অব কন্ডাক্ট তানিম আহমেদ, ট্রেজারার রসি মীর, মোশারফ চৌধুরী লিটু ও ক্রীড়া সংগঠক সায়েল হুদা।
টুর্নামেন্টে ৬টি দল অংশ নেয়। দলগুলো হলো- পাওয়ার রেঞ্জার্স, সুলতানস অব সিলেট, এ বি হোম কেয়ার, ডেট্রয়েট ওয়ারিয়র্স, গোলাপগঞ্জ গানার্স ও বিয়ানীবাজার স্ট্রাইকার্স।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক বেশ কয়েকজন ক্রিকেটার এ প্রতিযোগিতায় অংশ নেন। এদের মধ্যে রয়েছেন আরিফুল হক, ফরহাদ রেজা, সৈয়দ রাসেল, তানভীর হায়দার, মুক্তার আলী ও সোহরাওয়ার্দী শুভ।
