৫০ বছরে বাংলাদেশের অগ্রযাত্রা নিয়ে লন্ডনে সেমিনার
স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশের অগ্রযাত্রার গল্প তুলে ধরা হল লন্ডনে আয়োজিত এক সেমিনারে।
পূর্ব লন্ডনের রেডব্রিজ টাউন হলে বৃহস্পতিবার ‘ধ্বংসস্তুপ থেকে সমৃদ্ধির পথে: অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক এই সেমিনার হয়।
রেডব্রিজ কাউন্সিলের লিডার জ্যাস আথোয়ালের সভাপতিত্বে ও কাউন্সিলর সায়মা আহমেদের পরিচালনায় সেমিনারে মূল প্রবন্ধ পড়েন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান।
তিনি বলেন, গত ৫০ বছরে রাজনৈতিক সংকট কিংবা প্রাকৃতিক বিপর্যয় সত্ত্বেও বাংলাদেশ ‘অবিশ্বাস্যভাবে’ ঘুরে দাঁড়িয়েছে। অনেক ধরনের চ্যালেঞ্জ নিয়েও বাংলাদেশ সক্ষমতার বিচারে প্রতিবেশী অনেক রাষ্ট্রের চেয়ে এগিয়ে গেছে।
জ্যাস আথোয়াল বলেন, ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি দেশের উন্নয়নে অবদান রাখার পাশাপাশি যুক্তরাজ্যের মূলধারাতেও নিজেদের মেলে ধরতে সক্ষম হয়েছে।
মুক্তিযুদ্ধ চেতনা বিকাশ কেন্দ্রের চেয়ার মাহমুদ হাসান এমবিই ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির সংগ্রাম, সম্ভাবনা ও সাফল্যগাথা তুলে ধরেন সেমিনারে।
সমাপনী বক্তব্যে রেডব্রিজ কাউন্সিলের মেয়র থাবাথুরায় জয়ারঞ্জন বাংলাদেশের গত ৫০ বছরের অর্জনকে বলেন ‘অসামান্য’।
সেমিনারের শেষ পর্যায়ে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন কমিউনিটি ও ব্যবসায়ী নেতৃবৃন্দ, শিক্ষক, রাজনীবিদ, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
