নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে বাংলা নববর্ষ ও রবীন্দ্র-নজরুল জন্মবার্ষিকী উদযাপন
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলা নববর্ষের অনুষ্ঠানের পাশাপাশি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার নিউ ইয়র্কের বাংলাদেশ কনস্যুুলেট ওই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতেমা, ইতালিতে বাংলাদেশের রাষ্টদূত মো. শামীম আহসান, নিউইয়র্ক স্টেট সিনেটর জন ল্যু, নিউ ইয়র্কে নিযুক্ত বিভিন্ন দেশের কনসাল জেনারেল ও কূটনীতিক, বীর মুক্তিযোদ্ধা, নিউ ইয়র্কে বাংলাদেশ কমিউনিটির সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়িক এবং কমিউনিটির নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান উপলক্ষে কনস্যুলেট জেনারেলকে দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতির আলোকে সজ্জিত করা হয়।
কনসাল জেনারেল মোহাম্মদ মনিরুল ইসলাম শুরুতে সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান এবং পহেলা বৈশাখকে বাঙালির প্রাণের উৎসব বলে অভিহিত করেন।
তিনি আরও বলেন, “ইউনেস্কো কর্তৃক পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রাকে ‘রিপ্রেজেন্টেটিভ লিস্ট অব ইনট্যানজিয়েবল কালচারাল হেরিটেজ অব হিউমিনিটি’ তালিকায় স্বীকৃতি দেওয়ায় এটি দেশের গণ্ডি পেরিয়ে বৈশ্বিক উৎসবের রূপ নিয়েছে।”
কনসাল জেনারেল তার বক্তব্যে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম-কে বাংলাদেশ তথা বিশ্ব সাহিত্যের অমূল্য সম্পদ বলে উল্লেখ করেন।
তিনি বলেন, “বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির উন্নয়ন ও বিকাশে তাদের অবদান চিরস্মরণীয়।”
বৈশাখ বরণ উৎসবে বীর মুক্তিযোদ্ধা সাথে উপস্থিত অতিথিরা।
অনুষ্ঠানে বিভিন্ন দেশাত্মবোধক গান, রবীন্দ্র সংগীত, নজরুল গীতি, গ্রাম-বাংলার লোকজ গান ও নৃত্য পরিবেশন করা হয়।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের খ্যাতনামা শিল্পী একুশে পদকপ্রাপ্ত রথীন্দ্রনাথ রায় ও শহিদ হাসান- এর দরদী কণ্ঠের পরিবেশনায় কনস্যুলেটে এক মনোরম আবহ তৈরি হয়।
নিউ ইয়র্কের সাংস্কৃতিক সংগঠন অনুপ কুমার ড্যান্স একাডেমি (আড্ডা) এবং বিপা তাদের ছন্দে পূর্ণ সৃজনশীল নৃত্য ও সঙ্গীতের মাধ্যমে উপস্থিত অতিথিদের মুগ্ধ করে।
আমন্ত্রিত অতিথিদেরকে বিভিন্ন প্রকার ঐতিহ্যবাহী দেশীয় খাবার পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
