দুবাই ওয়ার্ল্ড এক্সপো: বাংলাদেশের অর্জন ‘আশাব্যঞ্জক’
বাণিজ্য ও বিনিয়োগে বাংলাদেশে সম্ভাবনার বার্তাটি বিশ্বের অন্যান্য দেশের কাছে সদ্য শেষ হওয়া দুবাই ওয়ার্ল্ড এক্সপো-র মাধ্যমে ইতিবাচকভাবে পৌঁছে দেওয়া গেছে বলে মনে করছেন আরব আমিরাতে বাংলাদেশ দূতাবাস সংশ্লিষ্টরা।
ছয় মাসব্যাপি দুবাই ওয়ার্ল্ড এক্সপো গত বছরের সেপ্টেম্বরে শুরু হয়। চলতি বছরের ৩১ মার্চে শেষ হওয়া বিশ্বের বৃহত্তম এই এক্সপোতে অংশ নেয় ১৯২টি দেশ।
বৃহস্পতিবার ওয়ার্ল্ড এক্সপোর শেষ দিনে বাংলাদেশের প্রাপ্তি নিয়ে আলাপ করতে গিয়ে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কমার্শিয়াল কাউন্সেলর কামরুল হাসান বলেন, "এক্সপোতে বাংলাদেশের কেবল প্যাভিলিয়নভিত্তিক অংশগ্রহণই ছিল না, এটি ঘিরে আমাদের ইন্টার-অ্যাকটিভ সেশনও ছিল। আমরা এখানে ৩০টির মতো সেমিনার করেছি। বিডা, বেপজা, বেজা, পিডব্লিউডি, স্বাস্থ্য মন্ত্রণালয়, আণবিক শক্তি কমিশন এর মতো প্রতিষ্ঠানগুলোর সাথে সেমিনার হয়েছে।”
বিভিন্ন দেশের বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে প্রাতিষ্ঠানিক যোগাযোগ বা বিটুবি- প্লাটফর্ম হচ্ছে দুবাই ওয়ার্ল্ড এক্সপো।
কামরুল হাসান জানান, এবার বাংলাদেশের প্যাভিলয়নে গত ছয়মাসে সাড়ে তিন থেকে চার লাখ দেশি-বিদেশি দর্শনার্থী এসেছেন।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রতিনিধি দল জাতীয় দিবসসহ বিভিন্ন দিবসে এক্সপো-তে চারটি সাংস্কৃতিক অনুষ্ঠান করে বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্ববাসীর কাছে তুলে ধরেছে।
এবারের এক্সপোর ‘সাসটেইনেবিলিটি ডিস্ট্রিক্ট’ বিভাগে বাংলাদেশের প্যাভিলিয়নটি ছিল। বাংলাদেশের প্যাভিলিয়নে ঢুকতেই ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি’, ‘ওই শোন কদম্ব তলে বংশী বাজায় কে’ ইত্যাদি নানা গানের সুর অতিথিদের বাংলাদেশের আবহে নিয়ে এসেছে।
এর পাশাপাশি ইন্টারএক্টিভ অডিও ভিজ্যুয়াল প্রেজেন্টেশানে দেশের ইতিহাস ঐতিহ্য কৃষ্টি উন্নয়ন গাঁথা তুলে ধরা হয়েছে।
বাংলাদেশ প্যাভিলিয়নের প্রতিপাদ্য বিষয় ছিল ‘ইনডমিটেবল বাংলাদেশ টুয়ার্ডস সাসটেইনেবল ডেভেলপমেন্ট’।
কামরুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের সাসটেইনেবল প্রোডাক্ট যেমন- পাট, গার্মেন্টস, চারু-কারু-মৃৎ শিল্পের পণ্য যেগুলো পরিবেশের ক্ষতি করে না এগুলো এখানে প্রদর্শিত হয়েছে এবং দর্শক আকর্ষণ পেয়েছে।
বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের ১ দশমিক ২ বিলিয়ন ডলারের দ্বিপাক্ষিক বাণিজ্য রয়েছে।
এর মধ্যে ২০২১ সালে বাংলাদেশ থেকে আরব আমিরাতে রপ্তানির পরিমাণ ছিল ৪৯৫ মিলিয়ন ডলার। গড়ে মধ্যপ্রাচ্যের এ দেশটি থেকে বাংলাদেশের পণ্য আমদানির পরিমাণ ৭০০ থেকে ৮০০ মিলিয়ন ডলার।
কমার্শিয়াল কাউন্সেলর কামরুল হাসান বলেন, “আমাদের রপ্তানি পণ্য যেমন ফল, সবজি, গার্মেন্টস এবং অন্যান্য এক্সপোর্টেবল পণ্যের সাথে সম্পৃক্ত সবগুলো সেক্টর এখানে এসেছে, সেমিনার করেছে। ইউএই বিজনেস কাউন্সিলের সাথে, দুবাই চেম্বারের সাথে এই ট্যুরে আমরা কোলাবোরেশান করেছি, এমওইউ করেছি। আশা করি আমরা ভালো রেসপন্স পেয়েছি, যাতে বাণিজ্য ঘাটতি কমবে।”
তিনি আশা প্রকাশ করেন, কেবল আমিরাতেই নয় দুবাই এক্সপোর মাধ্যমে বাংলাদেশের পণ্য ও বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে অন্যান্য দেশের বিনিয়োগকারী এবং ক্রেতারাও আগ্রহী হয়ে উঠবেন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
