যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি সিটি মেয়র তৈয়বকে চট্টগ্রাম সমিতির সম্বর্ধনা
যুক্তরাষ্ট্রের প্রথম বাংলাদেশি-আমেরিকান সিটি মেয়র মাহবুবুল আলম তৈয়বকে সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম সমিতি। সংবর্ধনা দেওয়ার জন্য বেছে নেওয়া হয়েছিল স্বাধীনতা দিবসের দিনটিকেই।
স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনের ‘চট্টগ্রাম ভবন’ এ অনুষ্ঠিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে চট্টগ্রাম প্রবাসীদের মিলনমেলা বসে।
গত নভেম্বরের নির্বাচনে পেনসিলভেনিয়া স্টেটের মিলবোর্ন সিটির মেয়র হিসেবে ডেমোক্র্যাট মাহবুবুল আলম তৈয়ব বিজয়ী হন। যুক্তরাষ্ট্রের যেকোনও সিটি কাউন্সিলে তৈয়বই প্রথম বাংলাদেশি মেয়র। তার বাড়ি বাংলাদেশের চট্টগ্রামে।
চট্টগ্রাম সমিতি এ আয়োজনে ‘তাদের অহংকারের প্রতীক’ হিসেবে তৈয়রবকে উল্লেখ করে। মিশিগানের হ্যামট্রমিক সিটির ডেপুটি মেয়র কামরুল হাসানও চট্টগ্রামের সন্তান।
চট্টগ্রাম সমিতির স্বাধীনতা দিবসের সমাবেশে বক্তব্য দিচ্ছেন সিটি মেয়র মাহবুবুল আলম তৈয়ব।
চট্টগ্রাম সমিতির সভাপতি মোহাম্মদ আহসান হাবিবের সভাপতিত্বে এ সম্বর্ধনা সমাবেশের প্রধান বক্তা যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সেক্রেটারি আব্দুল কাদের মিয়া মেয়র তৈয়বকে প্রবাসের আরেক সম্মুখযোদ্ধা হিসেবে অভিহিত করেন।
কাদের মিয়া বলেন, “তিনি যে যুদ্ধ শুরু করেছেন তা সকলকে অনুসরণ করতে হবে। আমেরিকান স্বপ্ন পূরণে সিটি, স্টেট এবং ক্যাপিটল হিলে আসন দখলের বিকল্প নেই। আশা করছি প্রতিটি নির্বাচনেই মেয়র তৈয়বের মত আরো অনেকে বিজয় ছিনিয়ে নিতে সক্ষম হবেন। এজন্যে সকলকে জাতিগত ঐক্য গড়তে হবে।“
সম্বর্ধিত মেয়র তৈয়ব চট্টগ্রাম সমিতির প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আশা করছি সকলে মুলধারার রাজনীতিতে সরব হবেন। প্রবাস প্রজন্মকেও একই চেতনায় এগিয়ে দিতে হবে।"
চট্টগ্রাম সমিতির স্বাধীনতা দিবসের সমাবেশে বক্তব্য দিচ্ছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সেক্রেটারি আব্দুল কাদের মিয়া।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সমিতির সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি আশরাব আলী খান লিটন। তিনিও সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।
মুক্তিযুদ্ধের স্মৃতি জাগানিয়া সংগীত পরিবেশন করেন আবুল বাশার।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
