স্বাধীনতা দিবস: জাতিসংঘে বাংলাদেশ মিশনের অনুষ্ঠানে সরকারের সাফল্যগাঁথা
কোভিড-১৯ এর কারণে স্বাস্থ্যবিধি মেনে চলার বাধাবাধকতার কারণে দুই বছর পর জাতিসংঘে বাংলাদেশ মিশনে সশরীরে অনুষ্ঠানস্থলে উপস্থিতির মধ্য দিয়ে এবার স্বাধীনতা দিবসের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় শনিবার বাংলাদেশ মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনটি কূটনীতিক আর প্রবাসীদের মিলনকেন্দ্রে পরিণত হয়েছিল। বীর মুক্তিযোদ্ধাদের এ সময় বিশেষভাবে স্বাগত জানান রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা।
সাথে ছিলেন মিশনের সর্বস্তরের কর্মকর্তারাও। দুপুরের ওই অনুষ্ঠানটির প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেছা ইন্দিরা।
প্রতিমন্ত্রী তার বক্তব্যে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অভূতপূর্ব অগ্রগতি ও অসামান্য সাফল্যগাঁথা তুলে ধরেন।
প্রতিমন্ত্রীর বক্তব্যে উঠে আসে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, অবকাঠামো, বিদ্যুৎ, শিল্প, ব্যবসা-বাণিজ্য, নারীর ক্ষমতায়ন, যুব উন্নয়ন, কর্মসংস্থান, বৈদেশিক বিনিয়োগ, ও পররাষ্ট্রসহ বিভিন্ন সেক্টরে বাংলাদেশের অদম্য অগ্রযাত্রার বিভিন্ন দিক।
প্রতিমন্ত্রী ফজিলাতুন নেছা বাংলাদেশের অর্থনীতি করোনাকালেও চাঙ্গা রাখার ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানান।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা এ সময় বলেন, “স্বাধীনতার পাঁচ দশকে বাংলাদেশ আজ আন্তর্জাতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ ও বিশ্বস্ত নাম। আজ বিশ্ব শান্তিরক্ষা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন লক্ষ্য, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্বস্থানীয় ভূমিকা পালন করছে।"
“জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ এই মুহুর্তে ইউএন উইমেন নির্বাহী বোর্ড, পিসবিল্ডিং কমিশন, অভিবাসনসহ বেশ কিছু সংস্থা ও প্রক্রিয়ার নেতৃত্ব প্রদান করছে। এছাড়া বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদে অনেকগুলো গুরুত্বপূর্ণ রেজ্যুলেশন পেশ করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে।"
রাষ্ট্রদূত ফাতিমা আরও বলেন, “জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ এখন সর্বোচ্চ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের বলিষ্ঠ পদচারণার স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী উল্লেখযোগ্যসংখ্যক আন্তর্জাতিক স্বীকৃতি ও পুরস্কার লাভ করেছেন।”
লাল-সবুজের পতাকা বহুজাতিক মার্কিন সমাজে আরো উজ্জ্বল করতে পারস্পরিক সহযোগী হয়ে কাজের সংকল্প ব্যক্ত করেন অনুষ্ঠানে আগত বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিত্বকারী প্রবাসীরা।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ছিলেন- গোলাম মোস্তফা খান মিরাজ, রাশেদ আহমেদ, লাবলু আনসার, আব্দুল মুকিত চৌধুরী, শফিকউল ইসলাম এবং এম এ বাতেন।
অনুষ্ঠানে নিউ ইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল মনিরুল ইসলাম, ডেপুটি কন্সাল জেনারেল এস এম নাজমুল হাসান ছাড়াও ছিলেন- যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, আওয়ামী লীগ নেতা প্রদীপ কর, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সেক্রেটারি ও নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাদের মিয়া, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের নেতা মোর্শেদা জামান, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ শাহনাজ, শহীদ পরিবারের সন্তান হাসান আব্দুল্লাহ, মাসুদুল হাসান, বহ্নিশিখা সঙ্গীত নিকেতনের এবং সবিতা দাস।
এক পর্যায়ে সকলকে সাথে নিয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে কেক কাটেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেছা ইন্দিরা ও রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
