২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একাত্তরে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে সুইজারল্যান্ডে সমাবেশ

একাত্তরের ২৫ মার্চের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে সুইজারল্যান্ডের জাতিসংঘ চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সুইজারল্যান্ড প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2022, 12:43 AM

Updated : 28 Apr 2022, 11:57 PM

স্থানীয় সময় শুক্রবার ইউরোপের আন্তর্জাতিক কূটনৈতিক শহর জেনিভায় সুইজারল্যান্ড আওয়ামী লীগের ডাকে জাতিসংঘ চত্বরে ওই সমাবেশ ও মোমবাতি প্রজ্জলনের আয়োজন করা হয়ে।

এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম জমাদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শ্যামল খানের সঞ্চালনায় বিপুল সংখ্যক প্রবাসী বাঙালি ও কমুউনিটি নেতারাদের সঙ্গে বিদেশি অতিথিরাও এ অনুষ্ঠানে যোগ দিয়ে একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

প্রধান অতিথি বেগম মন্নুজান সুফিয়ান ২৫ মার্চের আন্তর্জাতিক স্বীকৃতি না পাওয়ার প্রেক্ষাপট ও কারণ তার বক্তব্যে উল্লেখ করেন। পাশাপাশি তিনি দাবি আদায় না হওয়া পর্যন্ত বিরামহীনভাবে প্রবাসীদের এ ব্যাপারে সোচ্চার থাকার আহ্বান জানান।

সমাবেশে বক্তব্য দেন ব্লগার, সাংবাদিক, মুক্তিযুদ্ধ-বিষয়ক বিশেষজ্ঞ অমি রহমান পিয়াল, জ্যেষ্ঠ আওয়ামী লীগ নেতা মশিউর রহমান সুমন, মাসুম খান দুলাল, হাসান ইমাম খান, আশরাফুল ইসলাম আজাদ, পলাশ বড়ুয়া, মোহাম্মদ আকবর আলী, আশরাফুল আলম লিটন, গৌড়ীচরণ সসীম, সুমন চাকমা এবং আইয়ান জুনায়েদ।

সমাবেশে ইউরোপীয় মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মিয়া।

আওয়ামী লীগের সভাপতি জমাদার নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক শ্যামল খান আন্তর্জাতিকভাবে ২৫শে মার্চের গণহত্যার  স্বীকৃতি না পাওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

একই সময়ে ‘ফোরাম ফর সেকুলার বাংলাদেশ’ (ঘাতক দালাল নির্মূল কমিটি, ইউরোপ চ্যাপ্টার), আন্তর্জাতিক বঙ্গবন্ধু ফাউন্ডেশন সুইজারল্যান্ড মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে সমাবেশ ও মোমবাতি প্রজ্জলন করে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!