২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে নৌকা ও চা বাগানের ম্যুরাল উদ্বোধন

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসের বাংলা টাউনে নৌকা ও চা বাগানের ম্যুরাল উদ্বোধন করেছেন ওই এলাকার নিবা‍র্হী মেয়র জন বিগস।

সৈয়দ নাহাস পাশা

যুক্তরাজ্য প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2022, 02:39 PM

Updated : 25 Oct 2022, 10:19 AM

স্থানীয় সময় শুক্রবার সকালে এর মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের বছরব্যাপী কর্মসূচীর সমাপ্তি টানেন তিনি।

গত বছর ২৬ মার্চ আলতাব আলী পার্কে বাংলাদেশের পতাকা উত্তোলন, লন্ডনের ক্যানারি হোয়ার্ফ দালান লাল-সবুজে আলোকিত করার মাধ্যমে সুবর্ণজয়ন্তীর নানা কর্মসূচী ঘোষণা করেছিল টাওয়ার হ্যামলেটস কাউন্সিল।

ব্রিক লেনের প্রবেশমুখে বাংলাটাউন গেটের পাশের বিল্ডিংয়ের দেয়ালে নদীতে মাঝির নৌকা বাওয়া ও সিলেটের চা বাগানের দৃশ্য সম্বলিত ‘মাটির টান’ নামে ম্যুরালের শিল্পী মোহাম্মদ আলী। উদ্বোধনের সময় সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনিম।

 

উদ্বোধনের পর মেয়র জন বিগস বলেন, “ব্রিক লেন এবং বাংলাটাউন টাওয়ার হ্যামলেটসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আশা করি এই ম্যুরালটি বাংলাদেশের স্বাধীনতার একটি স্থায়ী স্মারক হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। গেইটটি নতুনভাবে সজ্জিত করার ফলে এখানে আরও বেশি ভিজিটররা আসবেন এবং লন্ডনের একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচিত হবে ব্রিক লেন ও বাংলাটাউন।”

হাই কমিশনার সাইদা মুনা তাসনিম বলেন, “আমি অত্যন্ত গর্বিত। যুক্তরাজ্য-বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি হচ্ছে আমাদের ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি। তারা এই যোগসূত্রটি স্থাপন করছেন। তাই আমি আর্টিস্ট এবং সবাইকে স্বাধীনতার পঞ্চাশ বছরের এই মাহেন্দ্রক্ষণে শুভেচ্ছা জানাই।”

Image
উদ্বোধনের সময় উপস্থিত অতিথিরা

উদ্বোধনের সময় উপস্থিত অতিথিরা

ব্রিক লেনের প্রবেশমুখে এ ধরণের একটি ম্যুরাল স্থাপনের জন্য কাউন্সিলের কাছে প্রস্তাব করেছিলেন কাউন্সিলার আব্দাল উল্লাহ।

গ্রাফিতি শিল্পী মোহাম্মদ আলী জানান এর আগে তিনি নিউ ইয়র্ক, মেলবোর্নসহ বিশ্বের বিভিন্ন শহরে ম্যুরাল আঁকলেও এই প্রথমবারের মতো বাংলা শব্দ লিখেছেন, এটি তার জন্য স্মরণীয় ঘটনা।

আলী বলেন, “আমার বাবা-মা দুজনকেই হারিয়েছি। তাদের মৃত্যুর পর আমার উপলব্দি ঘটে আমি কে? যদিও আমি এখানে জন্মগ্রহণ করেছি, কিন্তু বাংলাদেশে যখন যোগসূত্র খুঁজতে বেড়াতে গেছি তখনই আমি বুঝতে পেরেছি ‘মাটির টান’ কী। অনেকেই বলবেন আমার দেহ এখানে আর হৃদয় বাংলাদেশে, আর আমি সেটা উপলব্দি করতে পারিনি আমার মা-বাবা মারা না যাওয়া পর্যন্ত। এই উপলব্দিই চিত্রটি আঁকতে উৎসাহিত করেছে।”

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!