২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে দেশে বঙ্গবন্ধুর জন্মদিন পালিত

পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, সেসব দেশের আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন এবং প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রবাস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2022, 02:40 AM

Updated : 25 Oct 2022, 10:19 AM

এসব দেশে জাতির পিতার জন্মদিনে তার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী দেওয়া, জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কণ প্রতিযোগিতা  এবংদোয়াসহ ছিল সাংস্কৃতিক আয়োজনও। 

সুইজারল্যান্ড

জেনিভায় স্থানীয় সময় বৃহস্পিতবার বিকালে জাতির পিতার জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রদূত মো. মোস্তাফিজুর রহমান সভাপতিত্ব করেন। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. এহসান-ই-এলাহী।

প্রথম সচিব ও দূতালয় প্রধান মাহবুবুর রহমানের সঞ্চালনায় শুরুতেই মহামান্য রাষ্ট্রপতির বাণী পাঠ করেন ইকোনমিক মিনিস্টার মো. আল-আমিন প্রামানিক। প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন কমার্শিয়াল কাউন্সেলর দেবব্রত চক্রবর্তী।

এছাড়া পররাষ্ট্র মন্ত্রীর বাণী পাঠ করেন কাউন্সিলর মো. কামরুজ্জামান, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন প্রথম সচিব (বাণিজ্য) মো. আলমগীর কবির।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের ভিত্তিতে শিশুদের জীবন গড়ে তোলার জন্য প্রবাসী অভিভাবকদের প্রতি আহ্বান জানান শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে শিশুদের সঠিক ইতিহাস শিক্ষার প্রতি তিনি বিশেষ জোর দেন।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব বঙ্গবন্ধুর  রাজনৈতিক দূরদর্শিতা ও মানবিক গুণাবলীর উপর আলোকপাত করেন।

অনুষ্ঠানের সভাপতি হিসাবে স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মো. মোস্তাফিজুর রহমান বলেন, “জাতির পিতা জীবনসংগ্রামের ফল হিসেবে আজকের বাংলাদেশের শিশুরা একটি সুন্দর সমৃদ্ধ ভবিষ্যত লাভ করেছে।”

আলোচনা সভায় প্রবাসী বাংলাদেশের নাগরিকরাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এসময় বক্তব্য রাখেন সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি জমাদার নজরুল ইসলাম এবং সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক শ্যামল খান।

সকালে স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মো. মোস্তাফিজুর রহমান জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক কর্মসূচি শুরু করেন।

এসময় স্থানীয় মিশনে প্রবাসী শিশুদের অংশগ্রহণে একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আরও ছিল জুরিখে বাংলা স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে পূর্ব ধারণকৃত একটি সংক্ষিপ্ত সাংস্কৃতিক পরিবেশনা।

ইতালি

বৃহস্পতিবার রাজধানী রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে রাষ্ট্রদূত শামিম আহসানের পরিচালনায় দূতাবাসের হলরুমে দিবসটি উপলক্ষে নানা ধরনের আয়োজন করা হয়।

এসময় দিবসের শুরুতে রাষ্ট্রদূত দূতাবাসের সকল কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে জাতীয় সংগীতের সাথে পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে একমিনিট নীরবতা পালন করেন।

পরে এ দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করা হয়।

এসময় রাষ্ট্রদূত শামীম আহসান বলেন, “বঙ্গবন্ধু শুধু বাঙালি জাতিকে স্বাধীনতা এনে দেননি, সারা বিশ্বের নির্যাতিত ও নিপীড়িত স্বাধীনতাকামী মানুষের মধ্যে স্বাধীনতার অনুপ্রেরণা জুগিয়েছেন। বঙ্গবন্ধু সারা জীবন বাঙালিদের অধিকার আদায় ও এ জাতিকে অর্থনৈতিকভাবে মুক্তির জন্য আন্দোলন করে গেছেন’।

এসময় দিনভর অতিথিদের সাথে আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সবশেষে দোয়া ও মোনাজাত করা হয়।

অস্ট্রিয়া

বৃহস্পতিবার ভিয়েনার পিটার-জোরডান স্ট্রাসেতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীসহ রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত জাতীয় পতাকা উত্তোলন ও জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন।

এরপর দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর পাঠানো বাণী পাঠ করে শোনানো হয়।

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে প্রবাসী শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করে অস্ট্রিয়ায় বাংলাদেশ দূতাবাস।

অস্ট্রিয়া, স্লোভাকিয়া, হাঙ্গেরি ও স্লোভেনিয়াতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা উক্ত আলোচনা সভায় বক্তব্য দেন।

রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি আব্দুল মুহিত তার বক্তব্যের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বঙ্গবন্ধুর অসাধারণ রাজনৈতিক দূরদর্শিতা ও বর্ণাট্য কর্মজীবনের বর্ণনা দেন।

তিনি বলেন, “শোষিত, বঞ্চিত ও নিপীড়িত মানুষের পক্ষে কৈশোর থেকেই বঙ্গবন্ধুর আন্দোলন ও সংগ্রাম তাকে পরবর্তীতে বাঙালি জাতি বিনির্মাণের এক আপোষহীন, দৃঢ়চেতা ও অবিসংবাদিত নেতায় পরিণত করে। বঙ্গবন্ধুর সম্মোহনী ব্যক্তিত্ব ও ঐন্দ্রজালিক নেতৃত্ব সমগ্র জাতিকে একসূত্রে গেঁথেছিল যার ফলে বাঙালি জাতি পেয়েছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।”

দিবসটি উপলক্ষে দূতাবাস কর্তৃক আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের মধ্যে পুরস্কার বিতরণ করেন রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত।

তিনি উপস্থিত শিশু-কিশোরদের সাথে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটেন। 

অনুষ্ঠান শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদ এবং মুক্তিযুদ্ধের সকল শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

ফ্রান্স

বাংলাদেশ দূতাবাস প্যারিসের উদ্যোগে বৃহস্পতিবার সকালে রাষ্ট্রদূত  খন্দকার এম তালহা দূতাবাস প্রাঙ্গণে জাতীয় সংগীত সহযোগে জাতীয় পতাকা উত্তোলন করেন।

এরপর দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও বাংলাদেশ কমিউনিটির সদস্যদের উপস্থিতিতে রাষ্ট্রদূত দূতাবাসে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান।

রাষ্ট্রদূত তালহা তার বক্তব্যের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠায় এবং বাংলাদেশের মানুষের আর্থ-সামাজিক মুক্তিতে জাতির পিতার সংগ্রাম এবং ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

এছাড়াও দূতাবাস দিবসটি উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে।

রাষ্ট্রদূত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং উৎফুল্ল শিশু-কিশোরদের সাথে নিয়ে কেক কাটেন।

অনুষ্ঠানের সবশেষ পর্বে স্থানীয় শিল্পী ও কলাকৌশলীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

পর্তুগাল

রাজধানী লিসবনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস  জন্মদিন উপলক্ষে ব্যানার, পোস্টার এবং ফেস্টুন দিয়ে বর্ণিল সাজে সজ্জিত করা হয়।

পাশাপাশি দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা রঙিন পোশাকে সকালে চ্যান্সারি প্রাঙ্গণে উপস্থিতি হয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনটির কর্মসূচির সূচনা করেন ।

বিকেলে  চ্যান্সারি প্রাঙ্গণে এক উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে এতে অংশ নেন পর্তুগাল আওয়ামী লীগ, যুবলীগ,  বিভিন্ন সামাজিক সংগঠনসহ দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।

দিবসটি উপলক্ষে বাংলাদেশের  রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করে শোনানো হয়।

এরপর বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বাংলাদেশের সমৃদ্ধি ও উন্নয়নের লক্ষে বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণে পর গুরুত্বারোপ করেন।

শার্জ দ্য অ্যাফেয়ার্স আব্দুল্লাহ আল রাজি  তার বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং  জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে সকল শিশু কিশোরের প্রতি আন্তরিক অভিনন্দন জানান।

তিনি বলেন, “বাঙালির অধিকার আদায়ের আপসহীন সংগ্রামে আর বাঙালি জাতীয়তাবাদের বিকাশে বঙ্গবন্ধু তার সমগ্র সত্তাকে নিয়োজিত করেন। বাংলাদেশ আর বঙ্গবন্ধুর ইতিহাস একই সূত্রে গাঁথা। বঙ্গবন্ধু জন্ম নিয়েছিলেন বলেই আজ আমরা একটি স্বাধীন দেশের অধিবাসী।”

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দূতাবাস পর্তুগাল প্রবাসী

বাংলাদেশি কমিউনিটির শিশু-কিশোরদের অংশগ্রহণে তিনটি পৃথক বয়সের ক্যাটাগরিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে পুরস্কার দেওয়া হয়।     

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর নির্মিত একটি প্রামাণ্য চলচ্চিত্র দেখানো হয়। বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের জন্য দোয়া করে অনুষ্ঠান শেষ হয়।

সৌদি আরব

জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার  সকালে কনস্যুলেট প্রাঙ্গণে  জাতীয় পতাকা উত্তোলন করেন কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক।

জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন কনসাল জেনারেল ও কনস্যুলেটের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রবাসীরা।

দিনব্যাপী বাংলাদেশ কনস্যুলেট জেদ্দা বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করে। অনুষ্ঠানমালায় ছিল, বাণীপাঠ, আলোচনা সভা, ভিডিও প্রদর্শন, কেক কাটা , রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, দোয়া ও মোনাজাত, অসমাপ্ত আত্মজীবনী কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এ সময় উপস্থিত ছিলেন , শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন সামাজিক, সাংবাদিক,  সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতারা।

অস্ট্রেলিয়া

এদিকে অস্ট্রেলিয়ার সিডনিতে অস্ট্রেলিয়া যুবলীগ, বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়া এবং আওয়ামী লীগ অস্ট্রেলিয়া যুগপৎভাবে জাতির পিতার জন্মদিন পালন করেছে।

স্থানীয় সময় বুধবার একটি রেস্ট্রুরেন্টে জাঁকজমকভাবে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের নেতা ও কর্মীরা অংশ নেন।

আলোচনা সভায় বক্তব্য দেন ছড়াকার ও কলামনিস্ট অজয় দাশগুপ্ত, অস্ট্রেলিয়া আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু পরিষদের প্রতিষ্ঠাতা গামা আব্দুল কাদির, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের প্রথম সভাপতি ও নব্বইয়ের গণ-আন্দোলনের অন্যতম নেতা শফিকুল আলম, বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার সভাপতি আব্দুল জলিল, অস্ট্রেলিয়া বাংলাদেশ মিডিয়া ও প্রেসক্লাবের সভাপতি মো. রহমতুল্লাহ, বঙ্গবন্ধু পরিষদ সাধারণ সম্পাদক আইনজীবী নির্মল্য তালুকদার, মুনীর হোসেন, ভাষাশহীদ আবুল বরকতের দৌহিত্র কবি আইভী রহমান, টাঙ্গাইল জেলা আওয়মী লীগ নেতা খন্দকার তারিক হাসান লিপু, অস্ট্রেলিয়া যুবলীগ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান শামীম, যুগ্ম সাধারন সম্পাদক অপু সারোয়ার, সাংগঠনিক সম্পাদক এলিজা আজাদ রহমান টুম্পা, আলী আশরাফ হিমেল ও সংগঠনের অন্যান্য নেতারা।

এসময় সাংবাদিক নেতা আবু তারিকসহ প্রবাসী বাঙালি কমিউনিটির বিভিন্ন ব্যক্তি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে কেক কাটা হয় এবং সবশেষে দোয়া পরিচালনা করা হয়।

দোয়া পরিচালনা করেন অস্ট্রেলিয়া যুবলীগের প্রকাশনা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান শাহীন। এছাড়া সনাতন ধর্ম থেকে প্রার্থনা করেন আইনজীবী নির্মল্য তালুকদার। 

প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছে:

ইতালি থেকে সাইফুল ইসলাম মুন্সী, স্লোভেনিয়া থেকে রাকিব হাসান রাফি, সৌদি আরব থেকে মোবারক হোসেন, পর্তুগাল থেকে শাহ মোহাম্মদ তানভীর আহমদ, ফ্রান্স থেকে আবু তাহির এবং সিডনি থেকে শামীম।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!