২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবুধাবি ও দুবাইয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির বাংলাদেশ দূতাবাস ও দুবাই কন্স্যুলেটে  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীর কবীর বাপপি, সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2022, 09:07 PM

Updated : 25 Oct 2022, 10:18 AM

স্থানীয় সময় বৃহস্পতিবার আবুধাবির দূতাবাস ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।

এরপর রাষ্ট্রদূতের নেতৃত্বে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক দেওয়া হয়। এরপর উপস্থিত বিভিন্ন সংগঠন এবং ব্যক্তিরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে কোরআন থেকে তেলাওয়াত, আবুধাবির বাংলাদেশ ইসলামিয়া স্কুলের শিক্ষার্থীদের কর্তৃক বাণীপাঠ, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ পরিবেশনা এবং কবিতা আবৃত্তির আয়োজন করা হয়। 

উপস্থিত প্রবাসী বাংলাদেশী সংগঠনের বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দেওয়া ভাষণে বাংলাদেশের স্বাধিকার আন্দোলনসহ মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর নেতৃত্ব দেওয়ার কথা এবং তার সংগ্রামমুখর জীবনের বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করেন।

রাষ্ট্রদূত মো. আবু জাফর বলেন, “ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে বঙ্গবন্ধু তার রাজনৈতিক জীবনের পুরোটাই ব্যয় করেছেন। বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা ও নেতৃত্বে প্রেক্ষিত পরিকল্পনা রুপকল্প-২০৪১ বাস্তবায়নের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিশ্ব দরবারে বাংলাদেশ এখন স্বমহিমায় উদ্ভাসিত এবং বাংলাদেশের উন্নয়নের স্বীকৃতি এখন বিশ্বজনীন।”

মোনাজাত ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবসের কেইক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

দূতাবাস ভবনে আয়োজিত অনুষ্ঠানে দূতাবাসে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারী, বঙ্গবন্ধু পরিষদ,জনতা ব্যাংক, বাংলাদেশ বিমান, বাংলাদেশ স্কুল,  বাংলাদেশ এসোসিয়েশনের নেতৃবৃন্দ, বাংলাদেশ মহিলা সমিতি, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার স্থানীয় প্রতিনিধিবৃন্দ সহ উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।

দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কনসাল জেনারেল  বি এম জামাল হোসেন।

এ উপলক্ষে সেখানে চিত্রাঙ্কন এবং রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!