২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জন্মদিনে নিউ ইয়র্কে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধাঞ্জলি

প্রবাস প্রজন্মে বঙ্গবন্ধুর জীবন-ইতিহাস এবং বিশ্বের মানচিত্রে বাঙালির উত্থানের গল্প ছড়িয়ে দেওয়ার সংকল্পে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালিত হয়েছে যুক্তরাষ্ট্রে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2022, 07:59 PM

Updated : 25 Oct 2022, 10:18 AM

স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় (বাংলাদেশ সময় ১৭ মার্চ সকালে) নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটস এর জুইশ সেন্টারে এ উপলক্ষে এক সমাবেশের আয়োজন করা হয়।

‘জনকের প্রতি শ্রদ্ধাঞ্জলি-সমাবেশ’ শীর্ষক এ উদযাপনের সম্মিলিত আয়োজক ছিল বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখা, সেক্টর কমান্ডারস ফোরাম, বাংলাদেশ লিবারেশন ওয়ার ভ্যাটার্ন্স’৭১, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ এবং মুক্তিযোদ্ধা সন্তান-প্রজন্ম ফোরাম।

মঞ্চে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর আগে উপস্থিত প্রবাসীরা দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনায়।

তারও আগে বহ্নিশিখা সংগীত নিকেতনের সবিতা দাসের নেতৃত্বে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

Image
বঙ্গবন্ধুর জন্মদিনের সমাবেশে উপস্থিতদের একাংশ।

বঙ্গবন্ধুর জন্মদিনের সমাবেশে উপস্থিতদের একাংশ।

এরপর বঙ্গবন্ধুকে নিবেদিত দুইটি গান পরিবেশন করেন কণ্ঠযোদ্ধা শহীদ হাসান। একাত্তরের ৭ মার্চ রেসকোর্স ময়দানে ১৮ মিনিটের বঙ্গবন্ধুর সেই জাদুকরী ভাষণ উপস্থাপন করে ছোট্টমনি ফাছিল কবির কাব্য।

বঙ্গবন্ধুকে নিয়ে লেখা কবিতা পাঠ করে নতুন প্রজন্মের তামান্না আহমেদ শান্তি।

বঙ্গবন্ধুকে উপস্থিত সকলের সামনে গান, কবিতা আর ছন্দে ভিন্ন এক আমেজে মহিমান্বিত করার পরই মূল আলোচনা শুরু হয়।

সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সেক্রেটারি আব্দুল কাদের মিয়া।

ফাউন্ডেশনের কমিউনিকেশন্স ডিরেক্টর বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসারের সহযোগিতায় সমগ্র অনুষ্ঠানের উপস্থাপনা করেন শারমিন সিরাজ সোনিয়া।

প্রধান অতিথির বক্তব্যে জাতিসংঘে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি মনোয়ার হোসেন বলেন, “বঙ্গবন্ধু যে শুধু বাঙালির নেতাই নন, তিনি মুক্তিকামী প্রতিটি মানুষের মুক্তির দিশারি ছিলেন  তা আন্তর্জাতিক অঙ্গনকে যথাযথভাবে জানাতে আমরা সচেষ্ট রয়েছি।”

Image
বঙ্গবন্ধুর জন্মদিনের সমাবেশে ফাছিল কবির কাব্য।

বঙ্গবন্ধুর জন্মদিনের সমাবেশে ফাছিল কবির কাব্য।

বিশেষ অতিথি নিউ ইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল মনিরুল ইসলাম বলেন, “আমরা সকলেই যদি বাংলাদেশের সামগ্রিক কল্যাণে ঐক্যবদ্ধ থাকি এবং উন্নয়ন-অভিযাত্রায় সর্বাত্মকভাবে সহযোগিতা দিতে পারি তাহলেই বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে।”

মার্কিন রাজনীতিক ও নীতি-নির্ধারকদের সাথে বাংলাদেশি- আমেরিকানদের সম্পর্ক জোরদার করার মধ্যদিয়ে প্রকারান্তরে বাংলাদেশের কল্যাণ সাধন করা সহজ হবে বলেও উল্লেখ করেন কন্সাল জেনারেল।

জ্যাকসন হাইটস এলাকা নিয়ে গঠিত নিউইয়র্ক সিটি কাউন্সিল ডিস্ট্রিক্ট- ২৫ এর কাউন্সিলম্যান শেখর কৃষ্ণান বলেন, “সকলকে ঐক্যবদ্ধ হতে হবে অধিকার ও মর্যাদার প্রশ্নে। যে সংকল্পে জাতিরপিতার নেতৃত্বে বাঙালিরা স্বাধীনতা অর্জন করেছে, একই চেতনা জাগ্রত রাখতে হবে আমেরিকান স্বপ্ন পূরণের ক্ষেত্রেও। সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

Image
বঙ্গবন্ধুর জন্মদিনের সমাবেশে তামান্না আহমেদ শান্তি।

বঙ্গবন্ধুর জন্মদিনের সমাবেশে তামান্না আহমেদ শান্তি।

প্রবাসী মোর্শেদ আলম বলেন, “সকলেই সততা ও নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করি এবং বাঙালিত্ব হৃদয়ে লালনের পাশাপাশি প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বিস্তৃত করার পথে হাঁটতে পারি তাহলেই বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে এবং বাঙালি হিসেবে আমরা আরো উঁচুতে উঠতে সক্ষম হবো বহুজাতিক এ সমাজে।”

বঙ্গবন্ধুর জীবন-ইতিহাস আলোকে দীর্ঘ বক্তব্যের সময় বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ লিবারেশন ওয়ার ভ্যাটার্ন্স-৭১ এর প্রতিষ্ঠাতা-সভাপতি গোলাম মোস্তফা খান মিরাজ বলেন, “বঙ্গবন্ধুর আওয়ামী লীগে ইদানিং জামাত-শিবিরের লোকজন ভীড় করেছে। এ ব্যাপারে খাঁটি মুজিব সৈনিকদের সজাগ থাকতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ মিশনের ফার্স্ট সেক্রেটারি  (প্রেস) নূরএলাহি মিনা সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতিরপিতা স্মরণে একটি কবিতা আবৃত্তি করেন।

সভাপতির সমাপনী বক্তব্যে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সেক্রেটারি আব্দুল কাদের মিয়া বলেন, “বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত প্রবাসীদেরকে পারস্পরিক সম্পর্ক আরো জোরদার করতে হবে। তাহলেই বঙ্গবন্ধুকে যথাযথভাবে স্মরণ ও সম্মান জানানো যাবে।”

Image
জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি প্রবাসের বাংলাদেশি কমিউনিটির নেতারা।

জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি প্রবাসের বাংলাদেশি কমিউনিটির নেতারা।

অনুষ্ঠানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের প্রতিও বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন কাদের মিয়া।

আলোচনায় আরো অংশ নেন সেক্টর কমান্ডারস ফোরামে ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য শফিকুল আলম, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন তালুকদার, মুক্তিযোদ্ধা সন্তান-প্রজন্ম ফোরামের সভাপতি আশরাব আলী খান লিটন, কমিউনিটি লিডার সাহাবউদ্দিন লিটন।

Image
জাতীয় সংগীতে বহ্নিশিখার শিল্পীরা।

জাতীয় সংগীতে বহ্নিশিখার শিল্পীরা।

অন্যতম হোস্ট সংগঠন ‘সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ এবং মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের নেতা বীর মুক্তিযোদ্ধা শওকত আকবর রীচি মঞ্চে  উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা আবৃত্তি ও পাঠ করেন মানিকগঞ্জ বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি সালেহা ইসলাম এবং সেক্টর কমান্ডারস ফোরামের সদস্য শামিম আকতার শরিফ। 

অনুষ্ঠানে অতিথিদের মধ্যে আরও ছিলেন একুশে পদকপ্রাপ্ত কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়।

শিল্পীদের সাথে তবলায় সঙ্গত করেন তপন মোদক।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!