আবুধাবিতে প্রবাসীদের মতবিনিময় সভা
বিমানবন্দরে হয়রানি বন্ধ, প্রবাসী পেনশন চালুসহ নানা দাবি পূরণের প্রত্যাশায় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে মতবিনিময় সভা করেছেন প্রবাসীরা।
স্থানীয় সময় মঙ্গলবার রাতে আবুধাবির স্যান্ড মেরিন হোটেলে এ সভার আয়োজন করে বঙ্গবন্ধু পরিষদ সংযুক্ত আরব আমিরাত শাখা।
পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি জামশেদ আলমের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক তালুকদার।
প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ।
তিনি ভিজিট ভিসায় আসা প্রবাসীদের বিমানবন্দরে হয়রানি বন্ধ, প্রবাসীদের জন্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি, এনআইডি ছাড়া পাসপোর্টের সাহায্যে প্রবাসীদের পুনরায় ওয়েজ আর্নার বন্ড কেনার সুবিধা দান, প্রবাসী পেনশন স্কিম চালু, রেমিট্যান্সে প্রণোদনা ৪% করার মতো দাবিগুলো প্রতিষ্ঠায় কাজ করার আশ্বাস দেন।
চট্টগ্রাম-৫ হাটহাজারী আসনের সাংসদ আনিসুল ইসলাম আরও বলেন, “নানা প্রতিকূলতা নিয়েও প্রতি বছর আমাদের দেশ থেকে ৬-৭ লাখ মানুষ বিদেশে যাচ্ছেন, এবছর ১২ লাখ লোক বিদেশে যাবেন বলে আমাদের ধারণা। এই সেক্টরের প্রতিটি সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।”
সভায় বিশেষ অতিথি ছিলেন মোল্লা ফজলে আকবর, জেবুন্নেসা আকবর ও বিমানের আবুধাবি রিজিওনাল ম্যানেজার আব্দুল্লাহ হোসাইন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সহ সভাপতি আবদুস সামাদ, যুগ্ম সম্পাদক মইনুদ্দিন, জাহাঙ্গীর কবীর বাপপি, গোলাম কাদের ইফতি, এস এম আলাউদ্দিন, জমির হোসেন, জাকির হোসেন জসীম, মহিউদ্দিন, মাহবুব খোন্দকার, মোরশেদুল আলম, ফরহাদ কালাম, আইয়ুব খান, নাসির উদ্দিন ও এরশাদ হোসেন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
