শান্তি মিশনে বাংলাদেশের আরও অংশগ্রহণ চান জাতিসংঘ মহাসচিব
শান্তিরক্ষা কার্যক্রমের ভবিষ্যৎ চাহিদা পূরণে বাংলাদেশ শান্তিরক্ষী পাঠানো অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
মঙ্গলবার বিকালে নিউ ইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকে এই প্রত্যাশার কথা বলেন তিনি।
মহাসচিব শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশি শান্তিরক্ষীদের ভূমিকার প্রশংসা করেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান জাতিসংঘে বাংলাদেশ মিশনের ফার্স্ট সেক্রেটারি (প্রেস) নূর এলাহি মিনা।
মহাসচিব গুতেরেস ও পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন রোহিঙ্গা সংকট এবং এর সম্ভাব্য উত্তরণের উপায় নিয়ে আলোচনা করেন। বাংলাদেশে আশ্রয় নেওয়া সব রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে প্রত্যাবাসনে জাতিসংঘের সহায়তা চান পররাষ্ট্রমন্ত্রী।
১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের জনগণ ও সরকার যে উদারতার পরিচয় দিয়েছে আবারও তার প্রশংসা করেন মহাসচিব গুতেরেস এবং শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠাতে জাতিসংঘের পূর্ণ সমর্থনের কথা আবারও উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের অসামান্য আর্থসামাজিক উন্নয়নের প্রশংসা করে গুতেরেস আশা প্রকাশ করেন, “সামনের বছরগুলোতে এসডিজি অর্জনে আরও সাফল্য অর্জন করবে বাংলাদেশ।”
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের উচ্চ পর্যায়ের পদে এবং বিশ্বব্যাপী জাতিসংঘের বিভিন্ন রাজনৈতিক মিশনে মহাসচিবের বিশেষ প্রতিনিধি (এসআরএসজি) পদে আরও বেশি বাংলাদেশি নাগরিক নিয়োগের জন্য মহাসচিবকে অনুরোধ করেন মোমেন।
ইউক্রেন যুদ্ধ নিয়ে ব্যস্ততার মধ্যেও এই বৈঠকে সময় দেওয়ায় মহাসচিবকে ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী।
মিয়ানমার বিষয়ক বিশেষ দূতের সঙ্গে বৈঠক
মহাসচিবের সঙ্গে বৈঠকের আগে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক নবনিযুক্ত বিশেষ দূত ড. নোয়েলিন হেইজারের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আঞ্চলিক দেশগুলোসহ সব পক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করতে বিশেষ দূতকে অনুরোধ জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, “রাখাইন রাজ্যে এমন একটি অনুকূল পরিবেশ তৈরি করতে হবে যাতে রোহিঙ্গারা নিরাপদে, নিরাপত্তা ও মর্যাদা নিয়ে নিজভূমিতে ফিরতে পারে।”
রোহিঙ্গা ক্যাম্পে কোভিড-১৯ মহামারীর বিস্তার রোধ এবং রোহিঙ্গা শিশুদের মিয়ানমারের পাঠ্যক্রমভিত্তিক পাঠদান বিষয়ে বাংলাদেশ সরকারের পদক্ষেপগুলো বিশেষ দূতকে জানান পররাষ্ট্রমন্ত্রী।
ভাষানচরে এক লাখ রোহিঙ্গার জন্য নতুন আবাসন তৈরির কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “সেখানে স্থানান্তরিত রোহিঙ্গারা জীবিকা নির্বাহের কাজে নিয়োজিত হওয়ার সুযোগ পাবে।”
স্বদেশে ফেরার তেমন আশা নেই দেখে রোহিঙ্গারা অবৈধ ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াচ্ছে বলেও উল্লেখ করেন মোমেন।
বিশেষ দূত হেইজারকে যত দ্রুত সম্ভব কক্সবাজার ক্যাম্প ও ভাসানচর পরিদর্শনের আমন্ত্রণ জানান পররাষ্ট্রমন্ত্রী।
বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং তার সহানুভূতি ও নেতৃত্বের প্রশংসা করেন নোয়েলিন হেইজার।
তিনি বলেন, রোহিঙ্গা সংকটের একটি টেকসই সমাধান খুঁজে বের করার জন্য তিনি আঞ্চলিক দেশসমূহ, আন্তর্জাতিক সংস্থা, রোহিঙ্গা নেতা এবং মিয়ানমারের কর্তৃপক্ষসহ সব অংশীজনের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবেন।
দুটি বৈঠকেই অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের শার্জ দ্য অ্যাফেয়ারস মো. মনোয়ার হোসেন।
জাতিসংঘে বিভিন্ন পর্যায়ের বৈঠকে অংশ নিতে এবং বঙ্গোপসাগরের মহীসোপান সীমার হালনাগাদ তথ্য জানাতে ২৩ ফেব্রুয়ারি সস্ত্রীক নিউ ইয়র্কে পৌঁছান পররাষ্ট্রমন্ত্রী। সপ্তাহব্যাপী সফর শেষে বুধবার সকালে ঢাকার পথে রওনা দেন তারা।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম, জাতিসংঘে বাংলাদেশ মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি ড. মনোয়ার হোসেন, কনসাল জেনারেল ড. মনিরুল ইসলাম, মিশনের ফার্স্ট সেক্রেটারি (প্রেস) নূর এলাহি মিনা, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সেক্রেটারি আব্দুল কাদের মিয়া বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রীকে বিদায় জানান।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!
