২০০ নটিক্যাল মাইলের সম্পদ আহরণের পথ সুগম হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী
বঙ্গোপসাগরের মহীসোপান সীমার হালনাগাদ তথ্যাদি জাতিসংঘে পেশ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
স্থানীয় সময় মঙ্গলবার সকালে জাতিসংঘ সদরদপ্তরে ২১ সদস্যের ‘কমিশন অন দ্য লিমিটস অব দ্য কন্টিনেন্টাল শেল্ফ’ (সিএলসিএস) এর ৫৪তম অধিবেশনে বিস্তারিত হালনাগাদ তথ্যাদি উপস্থাপন করা হয়।
এসময় মন্ত্রীর সঙ্গে ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব ও প্রধান রিয়ার অ্যাডমিরাল মো. খুরশেদ আলম এবং এ সংক্রান্ত কমিটির অন্য কারিগরি বিশেষজ্ঞরা।
২০২০ সালের ২২ অক্টোবর সিএলসিএস-এ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের মহীসোপানের সংশোধিত তথ্য দাখিলের পর এ সংক্রান্ত হালনাগাদ তথ্যাদির উপস্থাপন করা হলো।
বাংলাদেশের মহীসোপান সীমা সংক্রান্ত দলিলাদি ২০১১ সালের ফ্রেবুয়ারি মাসে প্রথমবারের মতো সিএলসিএস-এ জমা দেওয়া হয়। তবে মিয়ানমার ও ভারতের সাথে অমীমাংসিত সমুদ্রসীমাজনিত বিরোধের কারণে, কমিশন বাংলাদেশ দাখিলকৃত দলিলাদি সেসময় পরীক্ষা করতে পারেনি।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আন্তর্জাতিক বিচারিক সংস্থার মাধ্যমে মিয়ানমার ও ভারতের সাথে সমুদ্রসীমা বিরোধের সমাধান করে।
মঙ্গলবারের এই উপস্থাপনার মাধ্যমে বাংলাদেশ বঙ্গোপসাগরে ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত মহীসোপানে অর্থাৎ সমুদ্রের এক লাখ ১৮ হাজার ৮১৩ বর্গ কিলোমিটার ভূমির অধিকার রক্ষা ও ব্যবহারের ক্ষেত্রে প্রযোজ্য বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত তথ্য সরবরাহ করেছে।
২০০ নটিক্যাল মাইল সমুদ্রসীমার আইনগত অধিকার প্রাপ্তির প্রয়োজনীয় ডক্যুমেন্ট সাবমিটের পর জাতিসংঘ সদর দপ্তরের সামনে সহকর্মীদেরকে সাথে নিয়ে সাংবাদিকদের আশাব্যঞ্জক তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে এ মোমেন।
জাতিসংঘ ফোরামে প্রদত্ত বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ যেখানে সম্পদের অভাব রয়েছে। বাংলাদেশের মহীসোপান সীমার বিষয়ে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ উপরোক্ত বিশাল সমুদ্র এলাকার সকল প্রাণিজ ও অপ্রাণিজ যত রকমের প্রাকৃতিক সম্পদ রয়েছে তার অন্বেষণ, সংরক্ষণ ও উন্নয়নে একটি ভিত্তি দেবে- যা আমাদের টেকসই উন্নয়ন, শক্তির চাহিদা ও আমাদের জনগণের সমৃদ্ধি নিশ্চিত করতে তাৎপর্যপূর্ণ অবদান রাখবে।”
পরে মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব খুরশেদ আলম সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, “জেনিভার আদালতের রায় পাওয়ার পর মহীসোপানের বডি এখানে জাতিসংঘ সদর দপ্তরে। সেজন্যেই আমরা এখানে এসেছি। আমাদের একটা রিভেলিডেশনের দরকার ছিল। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে এবং ২০৩০ সালের মধ্যে এসডিজি বাস্তবায়নে বাংলাদেশের অনেক সম্পদ দরকার। এই বিশাল ভূমি তা পূরণে সক্ষম হবে।”
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!
