ভ্রমণ কাহিনি: মায়াভরা মায়াফুশি দ্বীপ
ঘুরে এলাম মালদ্বীপের মায়াফুশি আইল্যান্ড থেকে। ওখানে দুইদিন ছিলাম।
প্রথম দিন ছিলাম হোটেল হোয়াইট শেলে, বুকিং ডটকমে একদিনের বুকিং দিয়ে। ওখানে রুম ফাঁকা না থাকায় দ্বিতীয়দিন ছিলাম হোটেল হলিকানে। দুটোই মানসম্মত হোটেল। ভাড়া দুটোই ট্যাক্সসহ ৫৬ ডলার করে। চমৎকার বিষয় হলো হোটেলের দু’পাশেই সমুদ্র।
আমরা বলি ছবির মতো সুন্দর। আমরা এটা বলি না, ছবিটা যার ছবি, সেটা সুন্দর ছিল বলেই তো ছবিটা সুন্দর! বলছিলাম মায়াফুশির কথা। মায়াফুশি এমন একটা দ্বীপ, এমন একটা ভূখণ্ড যেখানে সুন্দর ছবি তৈরি হয়, ছবিরা সুন্দর হয়ে ওঠে।
রাতে ছিলাম হুলহুমালেতে। ওখানে কাজ করেন বেলাল নামের এক বিজ্ঞ বাঙালি ভাই, বললেন- আপনি মালেতে যান, ওখানে ঘণ্টায় ঘণ্টায় স্পিডবোট ছাড়ে। ট্যাক্সিতে ৭৫ মালে রুপিয়া (এক রুপিয়া প্রায় ছয় টাকা) ভাড়া দিয়ে ঐতিহাসিক সিনোমালে ব্রিজ পার হয়ে মালের দক্ষিণ উপকূলে যেখান থেকে মায়াফুশিসহ অনেক দ্বীপে স্পিডবোট, লঞ্চ, ফেরি ছেড়ে যায়, সকাল সাড়ে নয়টা নাগাদ সেখানে পৌঁছে যাই।
ঘণ্টা দেড়েক অপেক্ষার পর মায়াফুশিগামী একটি যাত্রীভর্তি বোট আসে, আমি যে হুলহুমালে থেকে এসেছি, সেখান থেকেই। বলল আসন খালি নেই। সব রিজার্ভড হয়ে গেছে। তারপর দুপুর একটায় আরেকটা বোট আছে সেটায় চেষ্টা করেন। নিজের উপরই বেশ রাগ হলো। হোটেল বুকিং-এর সময় হোটেল থেকে জানতে চেয়েছিল বোটের আসন বুকিং দেবে কিনা। ২০ ডলার চার্জ করবে। ভাবলাম এটা কোন বাণিজ্যিক বিষয় হতে পারে, তাই না করে দিই। ঠেকে বুঝলাম, শুধু রমনীকুলই নয়, জীবন নির্ঝঞ্ঝাট করতে আরও অনেক কুলের উপরই বিশ্বাস রাখতে হয়। আসলে এটাই নিয়ম। দূরবর্তী দ্বীপগুলোতে হোটেল বুকিং দেওয়া থাকলে প্রকৃতপক্ষে ওরাই পরিবহনের ব্যবস্থা করে। অন্যথায় বাইরে থেকে হঠাৎ গিয়ে দিশা ঠিক রাখা কঠিন হয়ে পড়ে। অগত্যা যাত্রা নিশ্চিত করতে অন্য একজনের মোবাইল থেকে হোটেলে যোগাযোগ করে পরবর্তী বোটে আসন নিশ্চিত করলাম।
মাঝে মাঝে দেখা যায় সমুদ্রের বুক চিরে ওঠা ছোট-বড় অচীন দ্বীপ। এমনও দ্বীপ আছে শুধু কয়েকটি নারিকেল গাছ নিয়ে নিঃসঙ্গ দাঁড়িয়ে। যাত্রীদের মধ্যে বেশিরভাগ ভারতীয়, ইয়ং জেনারেশনের আধিক্য। সবার অবয়বে অ্যাডভেঞ্চার যাত্রার ছোপছাপ লাগানো। শেষমেষ সমুদ্র আর বোটের সংঘর্ষ প্রায় ৩৫ মিনিটে শেষ হয়। ইংরেজিতে ‘মায়াফুশি’ লেখা একটা চমৎকার পোর্টে স্পিডবোট নোঙর করল। চিন্তা করছিলাম হোটেলে কীভাবে যাব। কিন্তু ঘাটে নামতেই দেখি পরিচিত নাম লেখা প্লাকার্ড হাতে একটা ছেলে দাঁড়িয়ে আছে, পেছনে ফাঁকা ছোট টেম্পুর মতো একটা গাড়ি নিয়ে। ভাবভঙ্গিতে কেমন সন্দেহ হলো। সরাসরি জিজ্ঞেস করলাম বাড়ি কই? বলল- ফেনী, নাম মহসিন।
লাগেজ টেনেটুনে হোটেলে নিয়ে আসল মহসিন। বিচ থেকে কাছেই হোটেল। রিসেপশনে ক্রেডিট কার্ডে ভাড়া মিটমাট করে রুমে আসলাম। মাশাল্লাহ্, চমৎকার রুম। ভালো না লাগার কোন সুযোগ নেই। বেশ রুচিসম্মত বিছানা, বাথরুম, ডেকোরেশন এক কথায় দারুণ। এক পাশে বারান্দা। ভারি পর্দা আর মোটা কাচ দিয়ে রুমের সঙ্গে সীমান্ত ভাগাভাগি। পর্দা সরিয়ে কাচের দরজা ফাঁকা করতেই একটু দূরে দৃষ্টিসীমায় ভারত মহাসাগর গর্জন করে উঠল।
মায়াফুশি হোটেলে চেক-ইন করে তড়িঘড়ি ফ্রেশ হয়ে নিই। ভ্রমণক্লান্ত শরীরেও হোটেল রুমের সুসজ্জিত শয্যা আপন করে কাছে টানতে ব্যর্থ হয়। মন ছটফট করছে কখন বেরোবো। মাথার উপর মধ্যসূর্যের চোখ রাঙানিও তেমন পাত্তা পেল না। সমুদ্রে ডুবাডুবি করা যায় এরকম কিছু হালকা পোশাক পরে এবং প্রয়োজনে ভেজা কাপড় পাল্টানো যায় এরকম কিছু কাপড় ব্যাকপ্যাকে ভরে নিচে নেমে এলাম। পথে একটা রেস্টুরেন্টে লাঞ্চ সেরে সোজা সৈকতে। হাওয়াটা নোনা সমুদ্র থেকে এলেও তার স্বাদটা এখন শরীর-মনে শরবতের মতো মিষ্টি লাগছে।
দক্ষিণ পশ্চিমে লম্বালম্বি দ্বীপটার পূর্ব উপকূলের সি-বিচে নারিকেল বীথির ছায়ায় একটা কাঠের চেয়ারে বসে পড়ি। মধ্য ভারত মহাসাগর থেকে ভেসে আসা গুচ্ছ গুচ্ছ ঢেউ দীর্ঘ জলযাত্রা পাড়ি দিয়ে হয়রান হয়ে অবশেষে বেলাভূমিতে এসে আছড়ে পড়ছে। দ্বীপের এদিকটা বেশ নির্জন। অদূরে ডান পাশে দুই তরুণ-তরুণী অর্ধ-নিমজ্জিত অবস্থায় আপন মনে আপন ভুবনে ছবি তোলা আর খুনসুটিতে মেতে আছে।
ছবি: লেখক
শরীর মন কিছুটা শান্ত হলে সৈকত সড়ক দিয়ে সম্ভবত দ্বীপের পূর্ব মাথার দিকে হাঁটতে থাকি। বামপাশে সুদৃশ্য পার্ক, ডানপাশে সমুদ্রের ডানা ঝাপটানোর সঙ্গে কাক-শালিকের নিয়ন্ত্রণহীন টহলদারি। সঙ্গীহীন পর্যটক উপভোগ করে এক অপূর্ব নৈসর্গিক দৃশ্য। হেঁটে হেঁটে একেবারে দ্বীপের পূর্ব মাথায় গিয়ে একটা শেডের নিচে বেঞ্চিতে বসি। বেশ দূরে সমুদ্রের ভেতর ভারি যন্ত্রপাতি দিয়ে আশপাশের বালু-পাথর তুলে নতুন একটি দ্বীপ নির্মাণের আয়োজন চলছে। কর্মযজ্ঞের প্রবল শব্দ কানের পর্দায় এসে সশব্দে ধাক্কা দিচ্ছে।
মানুষ কম, তাই কাকেদের রাজত্ব এখানে চেঙ্গিসীয় স্বভাব পেয়েছে। পাশের শেডেই দেখলাম সমুদ্রগামী এক জুটির রেখে যাওয়া পোশাক এবং হ্যান্ডব্যাগের উপর যাচ্ছেতাই উৎসবে মেতে আছে তারা। আমি সতর্কতার সঙ্গে মোবাইলসহ খুঁটিনাটি ব্যাকপ্যাকে ভরে আস্তে আস্তে সমুদ্রের স্বচ্ছ পানিতে নেমে পড়ি। পানিটাকে মনে হয় পারদহীন আয়না। একেবারে পা পযর্ন্ত পরিষ্কার। মাঝে মাঝে পানির তলার শেওলার ভাঙা অঙ্গ-প্রত্যঙ্গ চাঁদের কলঙ্কের ভূমিকা রেখে ডান থেকে বামে স্রোতের সঙ্গে ভেসে যাচ্ছে। সাগরের ঈষদুষ্ণ জল দুহাত বাড়িয়ে যেন প্রেমিকার প্রেমময় উষ্ণতা দিয়ে ভিজিয়ে দিচ্ছে সমগ্র অন্তহীন সত্তা।
অদূরে ইউরোপীয় দুই নরনারী অনেকটা অসম্পূর্ণ পোশাকে জল-খেলায় মত্ত। আরেক পাশে দীর্ঘাঙ্গী এক শুভ্র-ত্বক তরুণীকে ওয়াটার স্কিইংয়ের কলাকৌশল শিখিয়ে দিচ্ছেন স্থানীয় এক মালদিভিয়ান যুবক। আরও একটু দূরে বিকিনি বিচে কেউ বিচ চেয়ারে, কেউ শুভ্র বালুকাবেলায় তোয়ালে বিছিয়ে বিকিনি পরা যুবক-যুবতী, কিশোর-কিশোরী এমনকি বুড়ো-বুড়ি সবাই আছে উজ্জ্বল সূর্যালোকে চামড়া বাদামি করার ইঁদুরদৌড়ে। জগতের আনন্দযজ্ঞে যে যার মতো পথ খুঁজে নিজের অবস্থানকে সাজিয়ে নিচ্ছে।
এবার নেমে এসে মৃদুমন্দ হাওয়ায় দ্বীপের দক্ষিণ পাশে কিছুক্ষণ ঘোরাঘুরি করি। একটু আগে সূর্যদেব পশ্চিমদিকের সমুদ্রপ্রান্তে গাঢ় কমলা রঙের আবির ছড়িয়ে ডুব দিয়েছে। বিচ রাস্তা ধরে সমুদ্রমুখী সারিবাঁধা হোটেল। নানা রঙের রঙিন মায়াবী আলো-আধাঁরিতে নারিকেল বিথীর নিচে স্থানীয় যুবকদের ব্যান্ড পার্টির আয়োজন চলছে। সঙ্গে ইন্দো-ইউরোপীয় নাচুনিরা একপ্রস্থ নেচে গেয়ে মজা করার সুযোগ হাতছাড়া করেননি।
হোটেলের সামনে বিচ-রাস্তা ঘেঁষে বিভিন্ন স্টলে আইল্যান্ড হোপিং, রিসোর্ট ভিজিটিং, স্কুবা ডাইভিং, স্নোরকেলিং, ওয়াটার স্কিইং, প্যারাগ্লাইডিং-সহ বিভিন্ন প্যাকেজের পসরা সাজিয়ে বসেছে। আমি আগামীকালের জন্য এরকম একটি স্টল ‘সল্ট বিচ' এজেন্সিতে স্নোরকেলিং, ডলফিন, শার্ক সাফারি এবং স্যান্ডব্যাক ট্যুর প্যাকেজ ৭৫ ডলারে পাকাপোক্ত করে ক্লান্ত দেহে হোটেলে ফিরে আসি। রাত পেরোলে সকাল নয়টায় যে বেরোতে হবে।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!
