মার্কিন রাজনীতিকদের ‘বিভ্রান্তি’ কাটাতে প্রবাসীদের সরব হতে বললেন মোমেন
কিছু প্রবাসী বাংলাদেশির ‘মদদে’ মার্কিন রাজনীতিকরা ‘বিভ্রান্ত হয়ে পড়েছেন’ মন্তব্য করে এর বিরুদ্ধে প্রত্যেক ‘দেশপ্রেমিক প্রবাসীকে’ সরব হওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে এ মোমেন।
যে অভিযোগে র্যাবের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তা ন্যয়সঙ্গত হয়নি মন্তব্য করে তিনি বলেছেন, “যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের দীর্ঘ ৫০ বছরের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের আলোকে আমি বলতে পারি, প্রবাসীরা যদি বাংলাদেশের সত্যিকারের তথ্য সবিস্তারে নিজ নিজ অবস্থান থেকে মার্কিন নীতি-নির্ধারকদের কাছে উপস্থাপন করতে পারেন, তাহলে স্যাংশনের ব্যাপারটি তারা উঠিয়ে নেবেন।”
রোববার নিউ ইয়র্কে ‘উন্নয়নের অভিযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্য আসে। জ্যাকসন হাইটসের মুনলাইট গ্রিল অ্যান্ড চিকেন রেস্তোরাঁয় ওই আলোচনা সভা হয়।
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গত ১০ ডিসেম্বর যুক্তরাষ্ট্র ‘গুরুতর’ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাবের সাবেক মহাপরিচালক ও বর্তমান পুলিশ প্রধান বেনজীর আহমদসহ বাহিনীর সাত কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে।
নিষেধাজ্ঞা আরোপের প্রতিক্রিয়ায় ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলারকে তলব করে সরকারের অবস্থান জানিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে চিঠিও দিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
ওই নিষেধাজ্ঞা তুলতে ইতোমধ্যে একটি লবিস্ট সংস্থাকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ সরকার।
নিউ ইয়র্কের অনুষ্ঠানে জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশনের পরিসংখ্যান তুলে ধরে মোমেন বলেন, “পৃথিবীর ১১০টি দেশের ৪৮ হাজার মানুষ ফোর্সফুলি ডিজঅ্যাপিয়ার্ড হয়েছে। আমাদের প্রতিবেশী শ্রীলঙ্কা, সেখানকার লোকসংখ্যা হচ্ছে মাত্র ২১ মিলিয়ন অর্থাৎ ২ কোটি ১০ লাখ। এরমধ্যে প্রায় সাড়ে ৬ হাজার লোক নিখোঁজ হয়েছে। ইরাকের লোক সংখ্যা ৪ কোটি। সেখানেও সাড়ে ১৬ হাজার মানুষ নিখোঁজ হয়েছে। আলজেরিয়ার জনসংখ্যা ৪ কোটি ৩৮ লাখ। সে দেশেও ৩/৪ হাজার লোক নিখোঁজ।
“আর আমার দেশের লোকসংখ্যা হচ্ছে ১৬৫ মিলিয়ন তথা ১৬ কোটি ৫০ লাখের বেশি। তার মধ্যে জোরপূর্বক নিখোঁজের সংখ্যা বলা হচ্ছে ৭৬ জন। এই ৭৬ জনের মধ্যে ৭ জনকে পাওয়া গেছে, অর্থাৎ নিখোঁজের সংখ্যা ৬৯।”
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার সিদ্ধান্তে হতাশা প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “ওইসব রাষ্ট্রের ওপর কোনো স্যাংশন হয় না। স্যাংশন হয় বাংলাদেশের ওপর।... এটা কী ফেয়ার? এটা কী ন্যায় বিচার? ন্যায়-নিষ্ঠতা?”
তার ভাষায়, কিছু লোক ‘ফুলিয়ে ফাঁপিয়ে মার্কিন প্রশাসনকে বারবার কানপড়া দেওয়ায়’ এমন কাজ হয়েছে। ‘সঠিক তথ্য’ তুলে ধরা হলে যুক্তরাষ্ট্র তা বিবেচনায় নেবে বলেও তার ধারণা।
আর সেজন্য যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধু ফাউন্ডেশনকে এ ব্যাপারে সভা-সেমিনার আয়োজন করে বিস্তারিত তুলে ধরার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উৎসব হবে ৪ এপ্রিল; ওয়াশিংটন ডিসিতে। সে উপলক্ষে প্রবাসীরাও নানা কর্মসূচি নিতে পারেন। সেসব কর্মসূচিতে মার্কিন রাজনীতিকদেরও সম্পৃক্ত করতে হবে।
বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় সংসদের সেক্রেটারি আব্দুল কাদের মিয়ার সভাপতিত্বে এ অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ফাউন্ডেশনের নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার।
কাদের মিয়া বলেন, আগামীতে মার্কিন রাজনীতিক ও প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে বঙ্গবন্ধুর জীবনের ওপর সেমিনার করার পরিকল্পনা রয়েছে তাদের। এ বিষয়ে তিনি সবার সহায়তা চান।
বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট আব্দুল মোমেন বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে পৃথিবীর বিভিন্ন দেশে, বিশেষ করে ১০০টি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের ‘অভাবনীয় সাফল্য’ এবং বাঙালির মুক্তির জন্যে বঙ্গবন্ধুর ত্যাগ-তিতিক্ষার ওপর সেমিনার-সিম্পোজিয়াম হবে।
অন্যদের মধ্যে যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত মেয়র (মিলবোর্ন, পেনসিলভেনিয়া) মাহবুবুল আলম তৈয়ব, মিলবোর্ন সিটির কাউন্সিলম্যান মোশারফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা বাশার ভূঁইয়া, আমেরিকা-বাংলাদেশ অ্যালায়েন্সের প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সেক্রেটারি এম এ সালাম, প্রতিষ্ঠাতা সদস্য হাজী শফিকুল আলম, সাংগঠনিক সম্পাদক আবুল হাসিব মামুন, মহিউদ্দিন দেওয়ান এবং আব্দুর রহিম বাদশা, প্রবাসী কল্যাণ সম্পাদক মিসবাহ আহমেদ, কৃষি সম্পাদক আশরাফুজ্জামান, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতা মোর্শেদা জামান, আওয়ামী লীগ নেতা এম এ জলিল, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সেক্রেটারি সুব্রত তালুকদার, বঙ্গবীর এমএজি ওসমানী স্মৃতি পরিষদের সভাপতি হাজী নজমুল চৌধুরী, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট হাজী জাফরউল্লাহ, যুগ্ম সম্পাদক আশরাব আলী খান লিটন, এ টি এম রানা, নাজিমউদ্দিন, আবুল কাশেম বক্তব্য দেন।
এ অনুষ্ঠানে নিউ ইয়র্কে নবাগত কনসাল জেনারেল মনিরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রী মোমেন সোমবার নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট পরিদর্শন করেন। এ সময় তিনি সেবাপ্রার্থী ও কনস্যুলেটে আসা কমিউনিটির সদস্যদের সঙ্গে কথা বলেন এবং কনস্যুলেটের নিজস্ব ভবন কেনার ওপর গুরুত্ব আরোপ করেন।
