২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৩৫ কিলোমিটার হেঁটে পোল্যান্ড সীমান্তে বাংলাদেশের খালেদ

“এত কষ্ট হচ্ছে, আর দাঁড়িয়ে থাকতে পারছি না,”  পোল্যান্ড সীমান্তে পৌঁছানোর পর বললেন বাংলাদেশি শিক্ষার্থী শেখ খালেদ বিন সেলিম।

শামীমা নাসরিন লাকী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2022, 08:47 PM

Updated : 25 Oct 2022, 10:16 AM

ইউক্রেইনের ওডেসার একটি মেডিকেল কলেজে পড়েন খালেদ। রাশিয়া গত বৃহস্পতবার ইউক্রেইনে হামলা শুরুর পর প্রাণ বাঁচাতে ওই শহর ছাড়েন তিনি।

আর সবার মতো তারও গন্তব্যস্থল পোল্যান্ড। ওডেসা থেকে ট্রেনে ইউক্রেইনের লিভভ শহরে পৌঁছানোর পর অনেকটা পথ হাঁটতে হয় খালেদকে।

রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে যখন কথা হয়, তখন পোল্যান্ড সীমান্তে সেবে পৌঁছান তিনি।

“৩৫ কিলোমিটার হেঁটে সবে বর্ডারে পৌঁছেছি। সামনে অনেক অনেক লম্বা লাইন। কখন পার হতে পারব জানি না।”

যুদ্ধ শুরুর পর ইউক্রেইন থেকে বেশিরভাগই ছুটছেন পাশের দেশ পোল্যান্ডে। তিন দিনেই শরণার্থীর সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে বলে সংবাদ মাধ্যমের খবর।

Image
ইউক্রেইনের ক্রাকোভেৎস সীমান্তে লাইনে অপেক্ষা করছেন বাংলাদেশি শিক্ষার্থী শেখ খালেদ বিন সেলিম। যুদ্ধের মধ্যে অন্য অনেকের মতো সীমান্ত পেরিয়ে পোল্যান্ডে আশ্রয় নিতে চান তিনি। ছবি: শেখ খালেদ বিন সেলিম

ইউক্রেইনের ক্রাকোভেৎস সীমান্তে লাইনে অপেক্ষা করছেন বাংলাদেশি শিক্ষার্থী শেখ খালেদ বিন সেলিম। যুদ্ধের মধ্যে অন্য অনেকের মতো সীমান্ত পেরিয়ে পোল্যান্ডে আশ্রয় নিতে চান তিনি। ছবি: শেখ খালেদ বিন সেলিম

পোল্যান্ড সীমান্ত খুলে দিলেও ব্যাপক ভিড়ে সেখানেও পরিস্থিতি নাজুক হয়ে উঠেছে। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে তারপরই সুযোগ মিলছে সীমান্ত অতিক্রমের।

ইউক্রেইনের রাশিয়া যেদিকে তার বিপরীত দিকের সীমান্তে দীর্ঘ অপেক্ষার লাইনে দাঁড়ালেও নিজেকে সৌভাগ্যবানই মনে করছেন খালেদ।

কৃষ্ণসাগর তীরের বন্দর নগরীর ওডেসার অভিজ্ঞতা স্মরণ করে তিনি বলেন, “রাশিয়া আক্রমণ করার পর মানুষ ওডেসা ছাড়তে মরিয়া হয়ে উঠে। ওডেসা রাশিয়ার একদম হাতের নাগালে। অনেক ছুটোছুটি করে আমি একটা ট্রেনের টিকেট পেয়েছিলাম।

“রওনা হওয়ার পর ট্রেনে বসেই জেনেছি ওডেসাতে মিসাইল অ্যাটাক হয়েছে। এখন তো সেখানে রীতিমতো যুদ্ধ চলছে। সেখান থেকে বের হতে না পারলে কী হত, ভাবলেই গা শিউরে উঠছে। আমি দেখেছি প্রাণপণ চেষ্টা করেও বহু মানুষ ট্রেনে উঠতে পারেনি।”

ওডেসা থেকে ট্রেনে পোল্যান্ড সীমান্তবর্তী লিভভ শহরে পৌঁছানোর পর অনেক খোঁজার পর মাথার উপর ছাদ পান খালেদ। একটি হোস্টেলের ছোট্ট এক কক্ষে সাতজন গাআগাদি করে থাকেন।

“লিভভে মানুষ গিজগিজ করছিল। পোল্যান্ড যেতে সারা ইউক্রেইন থেকেই মানুষ লিভভ আসছে। এত মানুষের কারণে খাবার পাওয়া যাচ্ছিল না। বিমানহামলা হতে পারে, তাই লিভভেও থেকে থেকে সাইরেন বাজছিল। প্রায় সব দোকানই বন্ধ।”

লিভভ থেকে শনিবার সকালে বাংলাদেশি আরও দুটি পরিবার এবং অন্য ছয় বাঙালি তরুণের সঙ্গে খালেদ ক্রাকোভেৎস সীমান্তের দিকে রওনা হন। শুক্রবার ক্রাকোভেৎস সীমান্ত খুলে দেওয়া হয়।

Image
৩৫ কিলোমিটার হেঁটে ইউক্রেইনের ক্রাকোভেৎস সীমান্তে পৌঁছানো বাংলাদেশি শিক্ষার্থী শেখ খালেদ ব্নি সেলিমকে ক্লান্তি এতটাই চেপে ধরেছে যে তিনি আর দাঁড়িয়ে থাকতে পারছেন না। তাই মেঝেতেই বসে পড়েন তিনি। ছবি: শেখ খালেদ বিন সেলিম

৩৫ কিলোমিটার হেঁটে ইউক্রেইনের ক্রাকোভেৎস সীমান্তে পৌঁছানো বাংলাদেশি শিক্ষার্থী শেখ খালেদ ব্নি সেলিমকে ক্লান্তি এতটাই চেপে ধরেছে যে তিনি আর দাঁড়িয়ে থাকতে পারছেন না। তাই মেঝেতেই বসে পড়েন তিনি। ছবি: শেখ খালেদ বিন সেলিম

লিভভ থেকে ক্রাকোভেৎস সীমান্তের দূরত্ব প্রায় ৯০ কিলোমিটার। যে পথের বেশিরভাগটাই তাদের হাঁটতে হয়েছে। মাঝে ইউক্রেনীয়দের একটি শেল্টারে তারা শনিবার রাতটা আশ্রয় পেয়েছিলেন।

খালেদ বলেন, তাদের সঙ্গে যে দুটি পরিবার আছে, সেখানে শিশুও আছে।

“প্রচণ্ড ঠাণ্ডার মধ্যে হাঁটতে কী পরিমাণ কষ্ট হচ্ছে, তা আমি আপনাকে বোঝাতে পারবো না। গত তিন-চার দিন চোখের পাতা এক করতে পারিনি। ক্লান্তিতে শরীর ভেঙে আসছে। পা দুটো আর চলতে চাইছে না।”

মেডিকেল কলেজে পড়তে ২০১১ সাল থেকে ইউক্রেইনে খালেদ। ২০১৪ সালে পূর্ব ইউক্রেইনে যুদ্ধ (ক্রিমিয়া যুদ্ধ) শুরু হলে লেখাপড়া বাদ দিয়ে দেশে ফিরে যান।

“এখানে মেডিকেলে ছয় বছর পড়তে হয়। ২০১৪ সালের যুদ্ধের কারণে আমার তো স্টাডি ব্রেক হয়ে গেছে। সবে তিন বছর শেষ হয়েছে, আরও তিন বছর পড়তে হবে। এর মধ্যেই আবার যুদ্ধ শুরু হয়ে গেল। জানি না কী হবে? যুদ্ধ তো আমার পিছু ছাড়ছে না!”

খালেদ যে ওডেসা থেকে পালিয়েছেন, সেখানে এখন রুশ বাহিনীর সঙ্গে ইউক্রেইনের সেনাদের তুমুল লড়াই চলছে।

একটি মাত্র ব্যাগ সম্বল করে পথে নেমেছেন খালেদ। ওডেসা রেল স্টেশনে গিয়ে বাংলাদেশি আরো ছয় তরুণের সঙ্গে তার দেখা হয়। সেখান থেকে লিভভে গিয়ে আরো দুই বাংলাদেশি পরিবারের সঙ্গে পরিচয়। উদ্দেশ্য সবারই এক, ইউক্রেইন ছাড়া।

“ক্লান্ত মানুষ আর হাঁটতে পারছে না। মরিয়া কেউ কেউ সঙ্গে থাকা সব ব্যাগ পথে ফেলে এগিয়ে যাচ্ছে।”

Image
ইউক্রেইনে যুদ্ধ চলছে। প্রাণ বাঁচাতে প্রচুর মানুষ ছুটছেন প্রতিবেশী পোল্যান্ডে আশ্রয় নিতে। ক্রাকোভেৎস সীমান্তে সেসব মানুষের লম্বা লাইন। ছবি: শেখ খালেদ বিন সেলিম

ইউক্রেইনে যুদ্ধ চলছে। প্রাণ বাঁচাতে প্রচুর মানুষ ছুটছেন প্রতিবেশী পোল্যান্ডে আশ্রয় নিতে। ক্রাকোভেৎস সীমান্তে সেসব মানুষের লম্বা লাইন। ছবি: শেখ খালেদ বিন সেলিম

বাংলাদেশিদের এই দলটি এখন ক্রাকোভেৎস সীমান্তে লাইনে দাঁড়িয়ে। সঙ্গে আছে সামান্য কিছু শুকনো খাবার।

ইউক্রেইন বর্ডারগার্ড বিদেশিদের সীমান্ত পেরুতে দিচ্ছে না বা ঝামেলা করছে বলে খবর পাওয়া যাচ্ছে। বিবিসি, ডয়চে ভেলেসহ আন্তর্জাতিক কয়েকটি সংবাদ মাধ্যমে এ খবর এসেছে।

এ বিষয়ে খালেদের কাছে জানতে চাইলে তিনি বলেন, “বর্ডারের দিকে রওনা হওয়ার পর আমিও প্রথমে এমনটাই শুনেছিলাম। খুব চিন্তা হচ্ছিল। এত কষ্ট করে বর্ডারে গিয়ে যদি পার হতে না পারি তখন কী করব? কিন্তু পরে জানলাম যাদের কাছে বৈধ কাগজ নেই, তাদের ক্ষেত্রে ঝামেলা হচ্ছে।

“আমার পরিচিত কয়েকজন বাংলাদেশি শিক্ষার্থী মেদিকা বর্ডার দিয়ে পোল্যান্ড পৌঁছে গেছে। পোল্যান্ডে বাংলাদেশের দূতাবাসের লোকজন সেখানে আছেন, তাদের সঙ্গে যোগাযোগ করেছেন শুনেছি।”

ইউক্রেইনে বাংলাদেশের কোনো মিশন না থা্কলেও পোল্যান্ড রয়েছে দূতাবাস। পোল্যান্ড পৌঁছনো বাংলাদেশিদের দায়িত্ব নেওয়ার কথা আগেই জানিয়েছে বাংলাদেশ সরকার। সেটাই ভরসা এখন খালেদদের।  

“আমাদের জন্য দোয়া করবেন। তাড়াতাড়ি যেন বর্ডার পার হয়ে যেতে পারি,” বলেন এই বাংলাদেশি যুবক।

আরও পড়ুন

ইউক্রেইন যুদ্ধ: প্রাণ হাতে নিয়ে বহু দূর পথ পাড়ি ৭ বাংলাদেশির  

ইউক্রেইন যুদ্ধ: অর্ধেকের বেশি পথ একাই ছুটেছেন বাংলাদেশি নারী রাবেয়া  

ইউক্রেইন: যেতে হবে সীমান্তে, কিন্তু কীভাবে