‘বঙ্গবন্ধু-টমাস উইলিয়ামস কিউসি অ্যাওয়ার্ড’ দেবে লন্ডনে বাংলাদেশ হাই কমিশন
আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে বঙ্গবন্ধু ও অন্যান্য অভিযুক্তদের ঐতিহাসিক মুক্তি দিবসকে স্মরণীয় করে রাখতে‘বঙ্গবন্ধু-টমাস উইলিয়ামস কিউসি অ্যাওয়ার্ড’ চালুর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশন।
বৃহস্পতিবার হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার এক অনুষ্ঠানে পুরস্কার চালুর ঘোষণাদেন লন্ডনে বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিম।
হাই কমিশন আয়োজিত স্মারক অনুষ্ঠানে স্যার টমাস উইলিয়ামসের অবদানের কথা স্মরণ করে মুনা তাসনিম বলেন, “স্যার টমাস উইলিয়ামস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও অন্যান্য অভিযুক্তদের পক্ষে একজন ডিফেন্স আইনজীবী হিসেবে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগ ও অর্থায়নে ১৯৬৮ সালে তৎকালীন পূর্ব-পাকিস্তানে গিয়েছিলেন।
“তার এই ঐতিহাসিক ভূমিকা ও বঙ্গবন্ধুর সাথে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের তাৎপর্য তুলে ধরার জন্যে বাংলাদেশ হাইকমিশন, লন্ডন এই অ্যাওয়ার্ডটি প্রবর্তন করেছে।”
১৯৬৮ সালের ৩ জানুয়ারি তৎকালীন পাকিস্তান সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ৩৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে।
সেখানে অভিযোগ করা হয়, আসামিরা ভারত সরকারের সহায়তায় সশস্ত্র অভ্যুত্থানের মাধ্যমে পূর্ব পাকিস্তানকে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত। ভারতের ত্রিপুরার আগরতলা শহরে বসে তারা এই পরিকল্পনা করেন।
আদালতের নথিতে মামলাটির পূর্ণ নাম ছিল 'রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান গং মামলা'। তবে ইতিহাসে সেই মামলা বিখ্যাত হয়ে আছে ‘আগরতলা ষড়যন্ত্র মামলা’ হিসেবে।
তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণের তীব্র আন্দোলনের মুখে পাকিস্তান সরকার ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি মামলাটি প্রত্যাহার করে এবং বঙ্গবন্ধুসহ সকল আসামিদের মুক্তি দিতে বাধ্য হয়।
সেই মামলা লড়তে ১৯৬৮ সালের জুলাই মাসে বাংলাদেশে এসেছিলেন টমাস উইলিয়ামস কিউসি।
১৯৭৫ সালে যখন বঙ্গবন্ধু সেনাবাহিনীর কতিপয় বিপথগামী সদস্যের হাতে নিহত হন, টমাস উইলিয়ামস তখন হাউস অব কমন্সের সদস্য।
ইনডেমনিটি অধ্যাদেশ দিয়ে দেশে বঙ্গবন্ধু হত্যার বিচারের পথ রুদ্ধ করা হলে লন্ডনে টমাস উইলিয়ামসের নেতৃত্বে তদন্ত কমিশন গঠন করা হয়েছিল, যার নাম ছিল ‘শেখ মুজিব মার্ডার ইনকোয়ারি’।
সাইদা মুনা তাসনিম বলেন, টমাস উইলিয়ামসের সেই ভূমিকা এবং বঙ্গবন্ধুর সঙ্গে তার বন্ধুত্বের স্মরণেই এ পুরস্কার চালু করা হচ্ছে। বাংলাদেশ-যুক্তরাজ্য মৈত্রী এবং দুই দেশের অভিন্ন মূল্যবোধের উন্নয়নে যারা ‘অসাধারণ অবদান’ রেখে চলেছেন, তাদের এ পুরস্কার দেওয়া হবে।
ব্রিটিশ লেখক ও সাংবাদিক এবং অল ইউরোপিয়ান বঙ্গবন্ধু পরিষদের সভাপতি হিউ বার্নস বিশেষ অতিথি হিসেবে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
হিউ বার্নসের বাবা সাবেক ব্রিটিশ এমপি মাইকেল বার্নস দীর্ঘদিন অলইউরোপিয়ান বঙ্গবন্ধু পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালে ‘রিকগনাইজ বাংলাদেশ, রিলিজ শেখ মুজিব-স্টপ জেনোসাইড’ আন্দোলনকে সমর্থন করেছিলেন বার্নস।
যুক্তরাজ্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সুলতান মাহমুদ শরীফ ও অল ইউরোপিয়ান বঙ্গবন্ধুপরিষদের সহ-সভাপতি আনসার আহমেদ উল্লাহ অনুষ্ঠানে বক্তব্য দেন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
