২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মানিতে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতাদের সাক্ষাৎ

জার্মানি সফররত পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন সেখানকার বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জার্মানি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2022, 12:21 AM

Updated : 28 Apr 2022, 11:42 PM

জার্মানির স্থানীয় সময় শুক্রবার বায়ার্ন প্রদেশের রাজধানী মিউনিখ শহরের মতিমহল রেস্তোরাঁয় বঙ্গবন্ধু ফাউন্ডেশন জার্মানির নেতারা ওই সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

সংগঠনের সভাপতি মাহফুজ ফারুকের নেতৃত্বে সহ-সাধারণ সম্পাদক ফাতেমা রহমান রুমা ও তথ্য-গবেষণা সম্পাদক মমতাজুল ফেরদৌস জোয়ার্দার পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

জার্মানি ও ইউরোপে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নানা কর্মকাণ্ড নিয়ে খোঁজ খবর জানানোর পর পররাষ্ট্র মন্ত্রী আব্দুল মোমেন সন্তোষ প্রকাশ করেন।

এসময় তিনি বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ উন্নয়নের কথা তুলে ধরে বলেন, “এসব উন্নয়ন জিডিপি বৃদ্ধির চেয়ে অনেকগুণ গুরুত্ব বহন করে।”

এরপর মমতাজুল ফেরদৌস জোয়ার্দার তার লিখিত ‘৭ই মার্চের ভাষণ: জানা অজানা তথ্য’ ও ‘উন্নয়ন স্বপ্নদ্রষ্টা ও বাস্তবায়নকারী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা’ গ্রন্থ দুইটি মন্ত্রীকে উপহার দেন।

এসময় লেখক পররাষ্ট্রমন্ত্রীকে জানান, প্রধানমন্ত্রীর ওপর লিখিত বইটিতে শেখ হাসিনার উন্নয়নের একটি সামগ্রিক তালিকা দেওয়া হয়েছে। দীর্ঘ সময় ধরে গণমাধ্যমে প্রচারিত খবর, ব্যক্তিগত অনুসন্ধান এবং সরকারি বিভিন্ন নথি ঘেঁটে যাচাই-বাছাইয়ের পরই ওই তালিকা করা হয়েছে বলে লেখক মমতাজুল উল্লেখ করেন।

মন্ত্রী প্রবাসীদের কর্ম তৎপরতা ও বঙ্গবন্ধু চর্চার প্রশংসা করেন।

পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেনই বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি।

১৮ থেকে ২০ ফেব্রুয়ারি জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে যোগ দেওয়ার পর পররাষ্ট্রমন্ত্রী ফ্রান্সের প্যারিসে যাবেন। সেখানে ২২ ফেব্রুয়ারি ইন্দো প্যাসিফিক অঞ্চলের সহযোগিতা নিয়ে মন্ত্রী পর্যায়ের বৈঠকে তার যোগ দেওয়ার কথা রয়েছে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!