যুক্তরাষ্ট্রের বাংলা সংস্কৃতি চর্চা সংগঠনের নেতৃত্বে মায়ের স্থানে মেয়ে
একুশে ফেব্রুয়ারির ঠিক আগ দিয়ে যুক্তরাষ্ট্রে বাংলা শিল্প-সংস্কৃতি ও ভাষা নিয়ে কাজ করা সংগঠন বাংলাদেশ অ্যাকাডেমি অব ফাইন আর্টস (বাফা) এর নেতৃত্বে পরিবর্তন এসেছে।
স্থানীয় সময় শনিবার অনাড়ম্বর এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটির দীর্ঘ এক দশক ধরে নেতৃত্ব দেওয়া নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমীন তার মেয়ে মার্জিয়া স্মৃতির কাছে এর দায়িত্ব অর্পণ করেন।
যুক্তরাষ্ট্রেই বেড়ে উঠা ও উচ্চ শিক্ষা গ্রহণরত মার্জিয়া স্মৃতি যুক্তরাষ্ট্রের দ্বিতীয় প্রজন্মের বাংলাদেশিদের মধ্যে অন্যতম তরুণ সংগঠক হিসেবে ইতিমধ্যে ব্রঙ্কস ভিত্তিক বাঙালি কমিউনিটিতে নিজের স্থান করে নিয়েছেন।
মার্জিয়াকে এ দায়িত্বে অভিষিক্তের সময় উপস্থিত দর্শকদের করতালির মধ্য দিয়ে অধ্যাপক মতলুব আলী ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় পাশে ছিলেন বাফার প্রতিষ্ঠাতা-নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমীন।
ফরিদা বলেন, “বাফার এগিয়ে চলার ক্ষেত্রে আজকের দিনটির গুরুত্ব অপরিসীম। কারণ, যে প্রত্যয়ে প্রতিষ্টা করেছি, তাকে ষোলকলায় পরিপূর্ণ করতে দরকার ছিল প্রবাস প্রজন্মের নেতৃত্ব। কারণ, ভিন্ন ভাষা-ভাষীদের সাথে সম্পর্ক গড়তে দরকার সে সব ভাষার সাথে বিশেষভাবে পারদর্শি হওয়া। মার্জিয়াসহ আরো কয়েকজন রয়েছে এই সংগঠনে। এবং ধীরে ধীরে অন্যেরাও অভ্যস্ত হবে বাঙালি সমাজের সাথে ঘনিষ্ঠভাবে মেশার পাশাপাশি মূলধারাতেও জোরালো ভূমিকা রাখার। এভাবেই বহুজাতিক এ সমাজে বাঙালিরা ক্রমান্বয়ে স্বপ্ন পূরণের পথে অগ্রসর হবে বলে আশা করছি।”
বাফার পরিচালক শামীম আরা বেগমের অনবদ্য উপস্থাপনায় এ অনুষ্ঠানে লেখক, শিক্ষক এবং গবেষক মতলুব আলী বলেন, “দায়িত্ব হস্তান্তরের পরও ফরিদা ইয়াসমীনের দায়িত্ব ফুরোবে না। অধিকন্তু ক্ষেত্র বিশেষে তা বাড়বে। কারণ, মার্জিয়ার ওপর তাকে গভীর পর্যবেক্ষণ রাখতে হবে সূচারুরুপে বাফা পরিচালিত হচ্ছে কিনা তা দেখতে। মাঝেমধ্যে তাকে সহায়তাও করতে হবে। আর এভাবেই বাফা তার অভীষ্ঠ লক্ষ্যে উপনীত হবে বলে আশা করছি।”
বাফার নয়া নির্বাহী পরিচালক মার্জিয়া স্মৃতি ভবিষ্যত পরিকল্পনার কথা বলছেন। পাশে ফরিদা ইয়াসমীন।
এ সময় মার্জিয়া জানান, তার মা ফরিদা ইয়াসমীন থাকবেন বোর্ডে কো-চেয়ার হিসেবে।
মার্জিয়া বলেন, “কমিউনিটির সর্বস্তরের মানুষের সাথে গড়ে উঠা সম্পর্ক অটুট রেখেই আমি দায়িত্ব পারণ করে যাবো যাতে অভিভাবকেরা এই বাফা-কে অনাগত ভবিষ্যতেও নিজের সংগঠন হিসেবে ভাবতে দ্বিধাগ্রস্ত না হন।”
অনুষ্ঠানে আরো ছিলেন বাফার পরিচালনা পর্ষদের মোশারফ হোসেন, ফারজানা ইয়াসমীন রেখা, মনিরা নূর, শামীম আরা বেগম এবং আইরিশ ক্রেশ কৈলো।
এছাড়া ছিলেন, আব্দুস শহীদ, আব্দুর রহিম বাদশা এবং আকতার আহমেদ রাশা।
বাফার উদ্যোগে এবারও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি এবং মাতৃভাষা দিবসের তাৎপর্য আলোকে গান আর আলোচনা অনুষ্ঠান।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
