কসোভোর প্রিজরেনে কেন পর্যটকরা যান না?
লন্ডন, প্যারিস, বার্লিন, নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস কিংবা ইস্তাম্বুলের মতো চেনা-পরিচিত কোনও শহর নয়। এমনকি আয়তনের দিক থেকেও এ শহরটি তেমন একটা বড় নয়। পায়ে হেঁটে মৌচাকের মোড় থেকে কমলাপুর পৌঁছাতে যতোটুকু সময় প্রয়োজন, তার চেয়ে কম সময়ে পুরো শহর ঘুরে দেখা সম্ভব।
তবে কসোভোর স্থানীয় অধিবাসীদের মতে প্রেম ও ভালোবাসার শহর হিসেবে এ শহরকে টেক্কা দিতে পারে এমন শহর পৃথিবীর বুকে আরেকটি নেই। বলছিলাম- প্রিজরেনের কথা।
কসোভোর দক্ষিণাংশের এ শহরটির বসবাসকারীদের সংখ্যার বিবেচনায় রাজধানী প্রিস্টিনার পর দ্বিতীয় বৃহত্তম নগরী।
পর্বতমালার পাদদেশে প্রিজরেন বিস্ট্রিকা নামের নদীর তীরে গড়ে ওঠা এ শহরটির ওল্ড টাউন পর্যটকদের কাছে বেশ সমাদৃত। তবে কসোভোতে সেই অর্থে বিদেশি পর্যটকের আনাগোনা নেই। তাই কসোভো থেকে যখন স্লোভেনিয়ায় ফিরে আসছিলাম, ক্রোয়েশিয়ার সীমান্তে মাঝবয়সী এক নারী পুলিশ অফিসার আমাকে জিজ্ঞেস করেছিলেন যে, আমি কেন কসোভোতে যাচ্ছি, আমার পরিবারের কেউ কসোভোতে বসবাস করেন কিনা ইত্যাদি প্রশ্ন।
'প্রিজরেন বিস্ট্রিকা' নামের এ নদীর তীরে গড়ে উঠেছে প্রিজরেনের ওল্ড টাউন।
মোটামুটিভাবে তাই এতোটুকু বলা যায় যে প্রিজরেনে আগত দর্শনার্থীদের বেশিরভাগই স্থানীয় পর্যটক। অবশ্য আলবেনিয়া থেকেও অনেকে পর্যটক হিসেবে কসোভোতে বেড়াতে আসেন।
দক্ষিণ-পূর্ব ইউরোপে কসোভো এক বিতর্কিত ভূ-খণ্ডের নাম। এক সময় কসোভো যুগোশ্লাভিয়ার অধীনে ছিল। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি কসোভোর ন্যাশনাল অ্যাসেম্বিলি সার্বিয়া থেকে আলাদা হয়ে পৃথকভাবে স্বাধীন রাষ্ট্র গঠনের ঘোষণা দেয়। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড, কানাডা, জার্মানি, ফ্রান্স ও নেদারল্যান্ডসের মতো পশ্চিমা দেশগুলো কসোভোকে স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে।
তবে চীন ও রাশিয়ার মতো নিরাপত্তা পরিষদের স্থায়ী দুই সদস্য রাষ্ট্র এখনও কসোভোকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ১১২টি দেশ কসোভোকে স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। যদিও এর মাঝে কয়েকটি দেশ পরবর্তী সময়ে এ স্বীকৃতি প্রত্যাহারও করেছে। চীন ও রাশিয়ার সমর্থন না থাকায় কসোভো আজও জাতিসংঘের স্থায়ী সদস্য হতে পারেনি।
আমাদের পাশের দেশ ভারতও কসোভোকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকার করে না। যে সব দেশ কসোভোকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি জানায়নি তাদের মতে কসোভো সার্বিয়ার একটি অংশ।
চতুর্দশ শতাব্দীতে নির্মিত সার্বিয়ান ক্যাথেড্রাল মাদার অব গড অব লিয়েভিশ সবচেয়ে প্রাচীন সার্বিয়ান অর্থোডক্স চার্চগুলোর মধ্যে একটি।
সেনজেনের অন্তর্ভুক্ত যে কোনো দেশের ভিসা থাকলে কসোভো ভ্রমণের জন্য আলাদাভাবে ভিসার প্রয়োজন হয় না।
বাইজেনটাইন সাম্রাজ্য, সার্বিয়ান সাম্রাজ্য এবং তুরস্কের অটোমান সাম্রাজ্যের শহরে। প্রথম দেখায় যে কোনও মানুষ প্রিজরেনকে তুরস্কের কোনও শহর হিসেবে বিবেচনা করে ভুল করে বসতে পারেন।
সুলতান সুলাইমান কিংবা দিদিলিস এর্তুগরুলের মতো তুর্কি টিভি সিরিয়ালগুলোতে মধ্যযুগের তুরস্ককে যেভাবে দেখানো হয় প্রিজরেন দেখতে ঠিক সেইরকম। এ শহরের অধিবাসীরাও আলবেনিয়ান ও তুর্কি শব্দের মিশ্রণে কথা বলেন।
ওসমানি সাম্রাজ্যের শাসনামলে নির্মিত মসজিদ ও হাম্মামখানা, পাথরের তৈরি আর্কশেইপের ব্রিজ কিংবা ওই সময়কার ঘরবাড়ির দিকে তাকালে সত্যি মনটা আনন্দে ভরে যায়। স্থাপত্যের এক অসাধারণ রূপ খুঁজে পেলাম এ প্রিজরেন শহরে। দীর্ঘ প্রায় পাঁচ শ বছর বলকানের বিভিন্ন অঞ্চলের শাসনভার অটোমানদের হাতে ন্যস্ত ছিল। তাই এ অঞ্চলের মানুষের সংস্কৃতি ও খাদ্যাভ্যাস থেকে শুরু করে দৈনন্দিন জীবনের বিভিন্ন অংশে অটোমানদের প্রভাব আজও লক্ষণীয়।
প্রিজরেনের বিখ্যাত কোফতা, বলকানের স্থানীয় বিভিন্ন ভাষায় উচ্চারণ করা হয় কোফতে বা চোফতে।
তবে সার্বিয়া ও কসোভোর মধ্যে দ্বন্দ্ব থাকায় এসব গির্জা জনসাধারণের জন্য উন্মুক্ত নয়। চতুর্দশ শতাব্দীতে নির্মিত সার্বিয়ান ক্যাথেড্রাল মাদার অব গড অব লিয়েভিশ সবচেয়ে প্রাচীন সার্বিয়ান অর্থোডক্স চার্চগুলোর মধ্যে একটি।
এ চার্চটি এখন পরিত্যক্ত, যদিও চার্চের আশেপাশে সব সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখা যায়।
আনুমানিক ষষ্ঠ শতাব্দীতে নির্মিত প্রিজরেন দুর্গটি শহরটির অন্যতম আকর্ষণ। যদিও এ দুর্গটি প্রথম নির্মাণ করা হয় বাইজেনটাইন শাসনামলে, পরবর্তীতে সার্বিয়ান ও অটোমান সাম্রাজ্যের শাসকেরাও এ দুর্গটিকে ঘিরে তাদের শাসনকালের স্বাক্ষর রেখেছেন। পাহাড়ি পথ ধরে খাঁড়া ঢালে কয়েক মিনিট হাঁটলে এ দুর্গের দেখা মেলে। দুর্গ থেকে এক অসাধারণ রূপে প্রিজরেনের ওল্ড টাউন ও আশেপাশের পাহাড়গুলোর ছবি ভেসে উঠে। বিশেষ করে দুর্গ থেকে সূর্যাস্তের স্বাদ পাওয়ার অনুভূতি ছিল অন্য রকম।
দুর্গের ভেতর পা রাখতেেই নিউ জিল্যান্ডের এক পর্যটকের সাথে পরিচয় হলো। তার নাম অ্যালেক্স রথম্যান, বর্তমানে তিনি উজবেকিস্তানে বসবাস করেন। অ্যালেক্স পেশায় একজন শিক্ষক। বাংলাদেশ থেকে এসেছি এ কথাটি শোনার পর অ্যালেক্স বললেন, উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের বাংলাদেশ দূতাবাসে যিনি রাষ্ট্রদূত হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন, তার মেয়েকেও তিনি পড়িয়েছেন।
উচ্চশিক্ষার জন্য স্লোভেনিয়া কোনওদিনই আমার পছন্দের জায়গা ছিল না। এমনকি এখানে আসার আগে এ দেশকে নিয়ে আমার মাঝে কোনো ধারণা ছিল না। ভাগ্য আমাকে স্লোভেনিয়ায় টেনে এনেছে।
২০১৫ সালে এইচএসসি পাশ করার পর নিউ জিল্যান্ডে যাওয়ার জন্য দুইবার স্টুডেন্ট ভিসায় আবেদন করেছিলাম। দুৰ্ভাগ্যবশত আমার ভিসার আবেদন গৃহীত হয় নি। অ্যালেক্সকে বোঝানোর চেষ্টা করলাম যে তার দেশকে আমি কতোটা পছন্দ করি। আমার প্রিয় ক্রিকেটার কেইন উইলিয়ামসনের কথাও তাকে বারবার বললাম।
অ্যালেক্স অবশ্য খুব একটা ক্রিকেট পাগল নন আমাদের মতো। বেশ কিছুক্ষণ তার সাথে গল্প করলাম, একসাথে ছবি তুললাম। অ্যালেক্সকে বললাম, আমি নিউ জিল্যান্ডের অ্যাকসেন্টে ইংরেজি বলতে চাই। আমার কথা শুনে অ্যালেক্স হাসলেন, পরে অবশ্য তিনি আমাকে তাদের মতো করে ইংরেজি শেখাতে রাজি হলেন।
লেখক ও নিউ জিল্যান্ড থেকে বেড়াতে আসা পর্যটক অ্যালেক্স রথম্যান।
ছোট এবং সাধারণ শহরটি দিনশেষে আমার মাঝে অবর্ণনীয় সুখানুভূতির জন্ম দিয়েছে এবং এ কারণে এ শহরটিকে ঘিরে আমার মাঝেও ভালোবাসার সৃষ্টি হয়েছে।
আর কসোভোকে নিয়ে কিছু কথা না বললে নয়। বাংলাদেশ হচ্ছে প্রথমদিকের কোনো রাষ্ট্র যারা কসোভোকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি জানিয়েছিল। এ কারণে এ দেশটির সাধারণ মানুষ আমাদের দেশকে শ্রদ্ধার সাথে স্মরণ করে। কসোভোতে যাওয়ার পর যাদের সাথে আমার কথা হয়েছে, তাদেরকে যখন বলেছি যে বাংলাদেশ থেকে এসেছি তখন তাদের প্রায় সবাই আলাদাভাবে সম্মান দিয়েছে।
এমনকি কসোভোর এক পুলিশ অফিসারও আমার হাতে বাংলাদেশের পাসপোর্ট দেখে আনন্দের সাথে বলে উঠলেন, “বাংলাদেশ হচ্ছে কসোভোর অন্যতম প্রধান বন্ধু রাষ্ট্র কেননা আমরা সব সময় তাদের স্বাধীনতা সংগ্রামকে সমর্থন জানিয়ে এসেছি।”
কসোভোতে আমদানি হওয়া গার্মেন্টস জাতীয় পণ্যের সিংহভাগ আসে বাংলাদেশ, চীন ও ভিয়েতনাম থেকে। তাই বিভিন্ন জামাকাপড়ে মেইড ইন বাংলাদেশ কিংবা বাংলাদেশের পতাকার ছবি দেখতে পাওয়ার অনুভূতিটি ছিল একেবারে ভিন্ন ধরনের।
কসোভোর সাধারণ মানুষের মাঝে বাংলাদেশকে ঘিরে ব্যাপক আগ্রহ রয়েছে। যেমন- দেশটির রাজধানী প্রিস্টিনাতে আমার সাথে ইস্কান্দার নামক এক ভদ্রলোকের পরিচয় হয়। জন্মসূত্রে তিনি কসোভোর নাগরিক, তবে তিনি উচ্চশিক্ষা নিয়েছেন জার্মানিতে। এ কারণে তার জার্মানির নাগরিকত্ব রয়েছে।
বিদায়লগ্নে লেখক ও ইস্কান্দার। ইস্কান্দার বাংলাদেশ থেকে ওষুধের কাঁচামাল কিনতে আগ্রহী।
সত্যি কথা বলতে কসোভোর বেশির মানুষ ভীষণভাবে অতিথিপরায়ণ এবং এ ধরনের অতিথিপরায়ণতা সচরাচর ইউরোপের অন্যান্য দেশে দেখা যায় না। তাই যখন কসোভো ছেড়ে আবারও স্লোভেনিয়াতে ফিরে আসছিলাম, বারবার মনের মাঝে এক ধরনের শূন্যতাবোধ সৃষ্টি হচ্ছিল। বারবার মনে হচ্ছিল এ দেশটিতে আমি আমার আরেকটি পরিবারকে খুঁজে পেয়েছি। হয়তো বা সেখানকার মানুষগুলোর নিঃস্বার্থ অতিথিপরায়ণতা একদিন আবারও আমাকে কসোভোতে ফিরিয়ে নিয়ে যাবে।
ছবি কৃতজ্ঞতা: লেখক
লেখক: শিক্ষার্থী, ব্যাচেলর অব সায়েন্স ইন ফিজিক্স অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স, ইউনিভার্সিটি অব নোভা গোরিছা, স্লোভেনিয়া।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
