২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পেনসিলভেনিয়ায় প্রবাসী শিল্পীদের আর্ট ক্যাম্প

যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় তিন দিনব্যাপী আর্ট ক্যাম্প করেছে ‘বাংলাদেশি আমেরিকান আর্টিস্ট ফোরাম’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2021, 01:15 PM

Updated : 10 Oct 2022, 06:13 PM

অঙ্গরাজ্যটির একটি পাহাড়ের পাদদেশে ‘শিল্পের সাথেই থাকুন’ শ্লোগানে ষষ্ঠ এ আয়োজনটি শেষ হয় রোববার।

সংগঠনের সভাপতি আর্থার আজাদ বলেন, “একান্ত প্রকৃতির মাঝে থেকে শিল্প-সাহিত্য-সংস্কৃতি নিয়ে আলোচনা ও আড্ডা দিয়েছি এ ক্যাম্পে। ছবি আঁকেন ১৫ জন শিল্পী। পরবর্তীতে এসব ছবির এক্সিবিশন করা হবে। সর্বোপরি পুরোটা সময়ই আমরা শিল্পের সঙ্গে প্রকৃতির সান্নিধ্যে অতিবাহিত করেছি ভিন্ন এক আমেজে।”  

সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী বলেন, “২০০৮ সালে সংগঠনটি প্রতিষ্ঠার পর আমরা শিল্প-সাহিত্য নিয়ে কর্মশালা, সেমিনার এবং আর্ট ক্যাম্প করে আসছি। আমাদের লক্ষ্য আমেরিকায় বসবাসকারী চিত্রশিল্পীদের সংগঠিত করে তাদের শিল্পকর্ম নিয়ে নানা প্রদর্শনীর আয়োজন করা।”

আর্ট ক্যাম্পে অংশগ্রহণকারী গ্যালারি-২১ এর প্রতিষ্ঠাতা শামীম সুব্রানা বলেন, “এ ক্যাম্পে এসে মনে হয়েছে পৃথিবী থেকে করোনাভাইরাসের প্রকোপ চলে গেছে। এ সংগঠনটি আমাদেরকে সম্প্রীতির বন্ধনে আবিষ্ঠ হওয়ার সুযোগ দিয়েছে। এখান থেকে উৎসাহ নিয়ে আমরা নিয়মিত শিল্পচর্চা করে যাব।”

অংশগ্রহণকারী চিত্রশিল্পীরা ছিলেন নিউ ইয়র্ক থেকে মতলুব আলি, তাজুল ইমাম, আর্থার আজাদ, বিশ্বজিৎ চৌধুরী, ওয়াহিদ আজাদ, জাহিদ শরিফ, মাহমুদুল হাসান রোকন, কায়সার কামাল জুয়েল, জেবুন্নেসা হেলেন, আলমা ফেরদৌসী লিয়া, জুলফিকার তারিক, রুদ্র জাহাঙ্গীর, আলবেনি থেকে সালমা কানিজ এবং বাফেলো থেকে শামীম সুব্রানা।

গান শোনান সোলস ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য তাজুল ইমাম, নাট্যকর্মী সীতেশ ধর, সংগীতশিল্পী মুক্তা ধর এবং ওয়াহিদ আজাদ।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!