২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালিতে স্কুল থেকে প্রবাসীর লাশ উদ্ধার

ইতালিতে একটি স্কুলের ভেতর থেকে এক প্রবাসী বাংলাদেশির লাশ উদ্ধার করেছে দেশটির পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সাইফুল ইসলাম মুন্সী, ইতালি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2021, 10:39 AM

Updated : 10 Oct 2022, 06:11 PM

তার নাম সলিম উল্লাহ দুলাল (৪৫), বাড়ি মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের রাজারচর গ্রামে।

সোমবার দেশটির দ্বীপাঞ্চল সিসিলিয়ার পালেরমো এলাকায় এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানায় স্থানীয় অনলাইন পত্রিকা লাইভসিসিলিয়া।

এতে বলা হয়, ওইদিন সকালে সিসিলিয়ার একটি রাইডিং স্কুলের পরিচালক তাদের প্রতিষ্ঠান খোলার পর এক যুবকের দেহ সেখানে পড়ে থাকতে দেখেন। জরুরি স্বাস্থ্যসেবা ১১৮-তে ফোন করলে স্বাস্থ্যকর্মীরা ঘটনাস্থলে এসে জানায় ওই যুবক গতরাতেই মারা গেছে।

Image
সলিম উল্লাহ দুলাল (৪৫)

সলিম উল্লাহ দুলাল (৪৫)

তবে তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে তাকে হত্যা করেছে। এ ঘটনার মূল কারণ ও এরসঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ করছে স্থানীয় পুলিশ। 

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কাছে ওই স্কুলের পরিচালক জানান, তারা এর আগে ওই যুবককে কখনও এ এলাকায় দেখেননি। তবে স্কুলের একটু দূরে একটি মোটরসাইকেল রাখা ছিল। ধারণা করা হচ্ছে নিহত সলিম উল্লাহ ওই মোটরসাইকেলে করেই এখানে এসেছেন। এছাড়া তিনি কী কারণে এ রাইডিং স্কুল এরিয়াতে প্রবেশ করেছিলেন তা কেউ জানেন না।

পত্রিকাটি আরও জানায়, নিহত সলিম উল্লাহ দুলাল পালেরমোতে তার স্ত্রী ও এক সন্তান নিয়ে বসবাস করতেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!