কোভিড-১৯: আমিরাত প্রবাসীদের সমস্যা নিয়ে রাষ্ট্রদূতের সাক্ষাৎকার
এবছর জুলাইয়ে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ আবু জাফর। বিশ্বজুড়ে করোনাভাইরাস পরিস্থিতিতে দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে কথা বলেছেন তিনি। তা নিয়ে আজকের এ সাক্ষাৎকার প্রতিবেদন।
রাষ্ট্রদূত জাফর এর আগে স্লোভেনিয়া ও হাঙ্গেরিতে সমবর্তী দায়িত্বসহ অস্ট্রিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ভিয়েনায় অবস্থিত জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি দুবাইয়ে বাংলাদেশের কনসাল জেনারেল ছিলেন চার বছর। মহামারীর মধ্যে নানা সংকটে থেকেও প্রবাসীদের সমস্যা সমাধানে আশা দেখাচ্ছেন তিনি-
বিডিনিউজ টোয়েন্টিফোর: করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে আপনি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের দায়িত্ব পেয়েছেন, এটাকে কতটুকু চ্যালেঞ্জিং মনে করছেন?
রাষ্ট্রদূত: রাষ্ট্রদূত হিসেবে কাজ করা একটি সৌভাগ্যের বিষয়। এটা একটা সম্মান এজন্য যে আমি দেশের জন্য কিছু করতে পারছি। চ্যালেঞ্জ ডেফেনিটলি আছে, তবে কাজকে কাজ হিসেবে দেখে সেটি করা হলো একজন সরকারি কর্মকর্তার দায়িত্ব। চ্যালেঞ্জ আছে বলেই তো আমাদের উপস্থিতি দরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর: মহামারীর কারণে বর্তমানে বাংলাদেশে আটকে পড়া প্রবাসীর সংখ্যা কতো?
রাষ্ট্রদূত: এক্ষেত্রে আপনাকে গেস এস্টিমেট দিতে হবে। এখনো সঠিক ফিগার আমাদের কাছে নেই। মনে হচ্ছে ১০-১২ হাজারের মতো বাংলাদেশি যারা সংযুক্ত আরব আমিরাতের রেসিডেন্ট, ছুটিতে বা নানা কারণে দেশে গিয়ে আটকা পড়েছেন বলে আমার ধারণা।
বিডিনিউজ টোয়েন্টিফোর: করোনাভাইরাস সংকটের কারণে আরব আমিরাতে কত সংখ্যক বাংলাদেশি কর্মহীন হয়েছেন?
রাষ্ট্রদূত: এখানেও আমাকে আবার অনুমান নির্ভর তথ্য দিতে হবে, এর পরিমাণ ১০-১৫ হাজার।
বিডিনিউজ টোয়েন্টিফোর: আমিরাতে বাংলাদেশিদের ভিসা বন্ধের আট বছর পূর্ণ হয়েছ। এত দীর্ঘ সময় ভিসা বন্ধ থাকায় এদেশে আমাদের সম্ভাবনাময় শ্রমবাজার সংকুচিত হয়ে এসেছে। ভিসার বন্ধ দুয়ার অবমুক্ত করতে আপনার কি ভূমিকা থাকবে?
রাষ্ট্রদূত: এটি একটি ভালো প্রশ্ন করেছেন, এদেশে অনেকদিন ধরে বাংলাদেশিদের ভিসা বন্ধ আছে। বিশেষ করে কনস্ট্রাকশনসহ অন্যান্য সেক্টরে। কিন্তু আমরা দেখেছি যে এদেশে বাংলাদেশি পেশাজীবী ও গৃহকর্মীদের আসার ব্যবস্থা রয়েছে। সুতরাং আমরা ঢালাওভাবে কিন্তু বলতে পারছি না যে বাংলাদেশিদের জন্য সব সেক্টরে ভিসা বন্ধ আছে। কিছু কিছু জায়গা যেখানে বেশি সংখ্যক বাংলাদেশি আসতেন সে জায়গাগুলো এ মুহূর্তে বন্ধ হয়েছে।
রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর
বিডিনিউজ টোয়েন্টিফোর: মহামারী এদেশে আমাদের শ্রমবাজারের উপর কি প্রভাব ফেলতে পারে এবং তা মোকাবেলায় আপনাদের করণীয় কী হতে পারে?
রাষ্ট্রদূত: কোভিড-১৯ প্যানডেমিক শুধু বাংলাদেশিদের জন্য নয়, সারা পৃথিবীকে একটি ইউনিক সিচুয়েশনের মধ্যে ফেলে দিয়েছে। অর্থনৈতিক সামাজিক ব্যবস্থার বিভিন্ন ক্ষেত্রে সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে, সে ক্ষেত্রে প্রতিটি দেশই একটু সময় নিয়ে দেখছে যে এতে তাদের অর্থনৈতিক-সামাজিক ইম্প্যাক্ট কী। তারা সিদ্ধান্ত নিয়েছে, কোন কোন ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে আবার তারা অবজার্ভ করছেন যে বিষয়টি কোনদিকে যাচ্ছে। যখন তারা দেখছেন যে কাজগুলো এখন করা দরকার তা করছেন।
সংযুক্ত আরব আমিরাত সরকারকে ধন্যবাদ জানাই যে তারা যেসব বিষয়ে যখনই কোন সমস্যা সৃষ্টি হচ্ছে, লোকজনের মধ্যে প্যানিক ভাব সৃষ্টি হচ্ছে, তখনই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিষয়গুলো স্পষ্ট করার চেষ্টা করেছেন। কেবল একটু ধৈর্য ধরতে হবে আমরা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সবসময় যোগাযোগ রাখছি।
বিডিনিউজ টোয়েন্টিফোর: করোনাভাইরাস সংকটের কারণে যেসব প্রবাসীর দেশে অবস্থানের মেয়াদ ৬ মাসের বেশি হয়েছে তাদের মোবিলিটি কি উম্মুক্ত করা হয়েছে?
রাষ্ট্রদূত: আমাদেরকে এ দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি এক ইন্টার্নাল ব্রিফিংয়ে বলেছেন যে আগে আইসিএ এর অনুমোদন লাগতো আমিরাতে ঢোকার জন্য, এখন আর লাগবে না। সেক্ষেত্রে তারা বলছেন যে প্রবাসী বাংলাদেশি বা অন্য যে কোন দেশের নাগরিক যাদের এদেশের ভ্যালিড ভিসা তথা ভ্যালিড রেসিডেন্ট পারমিট রয়েছে তারা এদেশে আসতে পারবেন। সেক্ষেত্রে তাদেরকে কোভিড-১৯ নেগেটিভ রেজাল্টসহ কয়েকটি তথ্য অনলাইনে সন্নিবেশ করতে হবে। যেমন নাম, পাসপোর্ট নম্বর ও আইডি নম্বর ইত্যাদি। অর্থাৎ তারা এটা নিশ্চিত হতে চাচ্ছেন যে যারা দেশে যাচ্ছেন তারা ফিরে আসছেন কিনা। তাতে এ তথ্যটি তাদের অনলাইন সিস্টেমে ফিডিং করা থাকল যে কতজন লোক ফেরত এসেছে আর যাদের রেসিডেন্ট ভিসা এক্সপায়ার করেছে তারা অনলাইন সিস্টেমে পূর্ব অনুমোদন সাপেক্ষে এদেশে আসতে পারবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর: সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবি ছিল নতুন ভিসা চালু না হলেও যেন অভ্যন্তরীণ অর্থাৎ কোম্পানি থেকে কোম্পানিতে ভিসা ট্রান্সফারের সুযোগটা দেওয়া হয়। দেরিতে হলেও সে চাওয়া পূর্ণ হয়েছে। এতে প্রবাসীদের মনে কিছুটা স্বস্তি এসেছে। ভিসা ট্রান্সফারের এ সুযোগ কতদিন থাকবে বলে আপনার ধারণা?
রাষ্ট্রদূত: সাম্প্রতিক বছরগুলোতে মাননীয় প্রধানমন্ত্রীর কয়েক দফা সফরের সময় ইউএই কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে তার আলাপ-আলোচনা হয়েছে। এর ফলে দেখেছি বাংলাদেশিদের জন্য এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে ট্রান্সফারের সুযোগ সৃষ্টি হয়েছে এবং এটির সুফল এরই মধ্যে আমরা পাওয়া শুরু করেছি।
আমি আসার এক মাসে বেশকিছু প্রবাসীর কর্মসংস্থান হয়েছে। একই সঙ্গে যারা কর্মসংস্থান হারিয়েছেন আমরা তাদের একটি তালিকা আমাদের ওয়েবসাইটে দিয়েছি এবং যারা লোক নিয়োগ করতে চান বিভিন্ন সেক্টরে তাদের একটি তালিকাও আমাদের ওয়েবসাইটে আছে। এটা একরকম জব ম্যাচিং এর একটা প্লাটফর্ম আমরা ক্রিয়েট করেছি।
তার ফলে দেখা গিয়েছে যে সেক্টরে যিনি কাজ হারিয়েছেন তারা এরই মধ্যে বেশ কিছু এম্প্লয়মেন্ট পেয়েছেন। ভিসা ট্রান্সফার করে কর্মীরা অন্য এম্প্লয়ারের কাছে গেছেন। সুতরাং এটা আমাদের জন্য একটা আশীর্বাদ হয়েছে এবং এটি মাননীয় প্রধানমন্ত্রীর বিভিন্ন সময়ে সফরের মধ্য দিয়ে এদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের যে প্রচেষ্টা তার সুফল। প্রবাসী বাংলাদেশি যারা সংযুক্ত আরব আমিরাতে আছেন তাদের পক্ষ থেকে এজন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাই এবং আমরা এ সুবিধার সর্বোচ্চ ব্যবহারের জন্য কাজ করছি। অভ্যন্তরীণ ভিসা ট্রান্সফারের এ সুযোগ অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস করি।
বিডিনিউজ টোয়েন্টিফোর: ইনভেস্টর ভিসা হচ্ছে একটা ডিলেমা। যখন সব ধরনের ভিসা বন্ধ ছিল দীর্ঘ সময় ধরে কেবল খোলা ছিল ইনভেস্টর ভিসা। তখন এমনকি আমাদের প্রান্তিক পর্যায়ের প্রবাসীরাও মরিয়া হয়ে এখানে আসার জন্য একটা উপায় খুঁজে বের করেন ইনভেস্টর ভিসার মাধ্যমে। অনেকে কায়িক শ্রমের কাজটিও করছেন এ ভিসায় এসে। ইনভেস্টর ভিসাধারীরা যখন কর্মক্ষেত্রে কিংবা বিভিন্নভাবে প্রবাসে মারা যান তখন তাদের লাশ নিজ খরচে দেশে নেওয়ার ব্যাপারে সমস্যা সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে যদি কিছু বলতেন।
বাংলাদেশ দূতাবাস, আবুধাবি
সুতরাং এখন এটি আর কোনো নির্দিষ্ট ক্যাটাগরির মধ্যে সীমাবদ্ধ থাকছে না। বিমানের এ সিদ্ধান্তের বিষয়টি আমার নজরে এসেছে। আমরা এটার উপর কাজ করছি। যথাযথ মন্ত্রণালয়ের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে আমরা বিষয়টি জানাবো। আমি মনে করি কেবল জীবিকা নির্বাহের জন্য যারা ইনভেস্টর হয়েছেন, যারা শ্রমজীবী, যাদের সঙ্গতি নেই তাদের লাশ বিনা খরচে বিমান পরিবহন করা দরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর: আমিরাতের বৈধ ভিসাধারী যারা দেশে আটকা পড়ে আছেন, তাদের বেশিরভাগই দক্ষ ও লাগসই প্রযুক্তি জ্ঞানসম্পন্ন। এদের সবাইকে ফিরিয়ে আনতে কোনো কূটনৈতিক উদ্যোগের প্রয়োজন আছে কিনা?
রাষ্ট্রদূত: যারা বাংলাদেশে এ মুহূর্তে অবস্থান করছেন তাদের সবাই যেন স্ব-স্ব কর্মস্থলে ফিরে আসতে পারেন সেজন্য আমরা সবসময় এ দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুবিভাগের সঙ্গে যোগাযোগে আছি কূটনৈতিক পত্রের মাধ্যমে। আমাদের প্রচেষ্টার কোন ত্রুটি নেই, থাকবেও না। কোন সেক্টরে কর্মচ্যুতি ঘটলেও অন্য সেক্টরে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা যাবে। যে জায়গায় অস্বচ্ছতা আছে তা স্বচ্ছ করার জন্য আমরা সব সময় চেষ্টা করছি।
বিডিনিউজ টোয়েন্টিফোর: আপনি বলে থাকেন যে কোভিড-১৯ আমাদের জন্য সম্ভাবনার দ্বার উন্মোচন করবে, ব্যাপারটা একটু বিস্তারিত জানতে চাই।
রাষ্ট্রদূত: কোভিড-১৯ আমাদের জন্য যেমন চ্যালেঞ্জ তৈরি করেছে একইভাবে বিভিন্ন সেক্টরে সুযোগও সৃষ্টি করেছে। এদেশের সরকার ফুড সিকিউরিটির ব্যাপারে অত্যন্ত কন্সার্নড। সেক্ষেত্রেও আমরা যদি ফুড সিকিউরিটির ব্যাপারটি চিন্তা করি যেমন কৃষি সেক্টর, লাইভস্টক সেক্টর এসব জায়গায় আমাদের কর্মীদের চাহিদা সৃষ্টি হতে পারে। অন্যদিকে যদি দেখি হেলথ সেক্টরে আমাদের ভালো নার্সেস, কেয়ারগিভার এর আগে যে ডিমান্ড ছিল তা আরও বাড়বে। কারণ বিভিন্ন মাধ্যমে যে তথ্য দেওয়া হচ্ছে তাতে আমরা জেনেছি কোভিড-১৯ যে তাড়াতাড়ি নির্মূল করা সম্ভব হবে তা কিন্তু না। এটার সঙ্গে আমাদেরকে বসবাস করা জানতে হবে, বসবাস করতে হবে। এ ধরনের সেক্টরে বেশি কর্মসংস্থান হতে পারে এবং হাইজিন রিলেটেড সেক্টরে যেমন পিপিই আমাদের রপ্তানি বাণিজ্য বাড়তে পারে। সুতরাং যে সুযোগ সৃষ্টি হয়েছে সেদিকে লক্ষ্য রেখে এগোতে হবে। তাহলে যে সমস্যাগুলো, যে চ্যালেঞ্জগুলো থাকছে সেগুলো একদিকে যেমন আমরা সমাধানের চেষ্টা করছি একইসঙ্গে সুবিধাগুলো আমরা সদ্ব্যবহারের চেষ্টা করব।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
