২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার মুক্তিতে ‘ঐক্য’ চায় যুক্তরাষ্ট্র জাসাস

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারামুক্ত করতে নেতা-কর্মীদের ‘ঐক্যবদ্ধ হবার’ আহ্বান জানিয়েছে ‘জাতীয়তাবাদি সামাজিক সাংস্কৃতিক সংস্থা’ (জাসাস) যুক্তরাষ্ট্র শাখা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2019, 01:06 PM

Updated : 18 Aug 2022, 06:10 PM

রোববার সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে একটি পার্টি হলে অনুষ্ঠিত এক সভা থেকে এ আহ্বান জানান তারা।

এতে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি ও নবগঠিত কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক আবু তাহের, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কাওসার আহমেদ।

প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতা মাহফুজুল মাওলা নান্নু।

তিনি বলেন, “সাজানো মামলায় গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে বন্দি করে রাখা হয়েছে অপশাসন ও দুঃশাসন অব্যাহত রাখার মতলবে। এ অবস্থায় বিএনপি পরিবারের ঐক্য জরুরি। আমরা নিউ ইয়র্ক থেকেই সবাইকে আহ্বান জানাচ্ছি ভেদাভেদ ভুলে রাজপথে নামার জন্য।”

সভায় বিশেষ অতিথি ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন।

তিনি বলেন, “নব্বইয়ের স্বৈরাচারের ভূত চেপেছে শেখ হাসিনা ও তার প্রশাসনের ওপর। নব্বইয়ের চেতনায় গণঅভ্যুত্থান ঘটিয়ে অপশাসনকে চিরতরে উচ্ছেদ করে গণতন্ত্র পুনরুজ্জীবিত করতে হবে। এক্ষেত্রে সবাইকে জেল-জুলুমের আশংকা করলে চলবে না। আন্দোলনের মধ্য দিয়েই বেগম জিয়াকে মুক্ত করতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন নবগঠিত জাসাস কেন্দ্রীয় কমিটির সেমিনার সম্পাদক বিল্লাল আহমেদ চৌধুরী এবং সহ সাধারণ সম্পাদক এম রহমান সায়েম, লালবাগ থানা বিএনপি নেতা জামালুর রহমান চৌধুরী এবং যুক্তরাষ্ট্র ছাত্রদলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জনি।

সভাপতির বক্তব্যে আবু তাহের বলেন, “বিএনপির শীর্ষস্থানীয় নেতার মধ্যে যারা ক্ষমতায় থাকতে সবচেয়ে বেশি সুযোগ-সুবিধা ভোগ করেছেন, তারাই আজ আন্দোলনে অনৈক্যের কারণ। এদেরকে চিহ্নিত করেই তৃণমূলের নেতা-কর্মীদের মাঠে নামতে হবে বিএনপির চরম দুর্দিন কাটিয়ে উঠার স্বার্থে।”

সভায় নেতা-কর্মীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ‘আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্রের’ সভাপতি শাহাদৎ হোসেন রাজু, যুবদল নেতা ওয়েস আহমেদ, আনোয়ার হোসেন, শামীম আহমেদ, ছায়েদ আলী, মো. মান্নান, মো. স্বপন, সিদ্দিক হোসেন রুবেল, বিএনপি নেতা এলিজা আকতার মুক্তা, দেওয়ান রাজা চৌধুরী, ফারহান চৌধুরী, মনসুর আহমেদ শাওন ও মারিয়া আকতার মৌ।

এসময় জাসাস কেন্দ্রীয় কমিটিতে যুক্তরাষ্ট্র জাসাসের বেশ কয়েকজনকে অন্তর্ভুক্তির ঘটনায় সন্তোষ প্রকাশ করা হয়।

এদিকে নিউ ইয়র্ক মহানগর বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা এক বিবৃতিতে অভিনন্দন জানিয়েছেন জাসাসে কেন্দ্রীয় কমিটিতে পদ পাওয়া যুক্তরাষ্ট্রের নেতাদের।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!