সৌদি আরবে ৪টি কেন্দ্রে পিইসি পরীক্ষা শুরু
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে সৌদি আরবের চারটি বৈদেশিক শিক্ষা প্রতিষ্ঠানে প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী (পিইসি) পরীক্ষা শুরু হয়েছে।
বাংলাদেশের সঙ্গে মিল রেখে রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টা থেকে ১০টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সৌদি আরবের বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল রিয়াদ, জেদ্দা, মদিনা ও বুরাইদা এই চারটি কেন্দ্রে মোট ২৪৬ জন ছাত্রছাত্রী প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী (পিইসি) পরীক্ষায় অংশ নেয় বলে জানায় রিয়াদ দূতাবাস ও জেদ্দা কনস্যুলেট।
রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল পরীক্ষা কেন্দ্র কমিটির চেয়ারম্যান দূতাবাসের শ্রম উইং মেহেদী হাসান এবং পরীক্ষার কেন্দ্রের নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করছেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব মো. বেলাল হোসেন। প্রথম দিনের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। কেন্দ্র সচিব ছিলেন অধ্যক্ষ মো. আফজাল হোসেন, হল সুপারের দায়িত্ব পালন করেন অধ্যাপক খাদেমুল ইসলাম।
পরীক্ষা কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন জেদ্দা কনস্যুলেটের প্রথম সচিব কেএম সালাউদ্দিন। তিনি বলেন, "পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।"
কেন্দ্র সচিব ছিলেন অধ্যক্ষ মো. হামদুর রহমান।
মদিনা কেন্দ্র থেকে ১৮ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ৭জন, ছাত্রী ১১জন।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন জেদ্দা কনস্যুলেট কনসাল (পাসপোর্ট) মো. কামরুজ্জামান, কেন্দ্র সচিব ছিলেন অধ্যক্ষ টিএম শহীদুজ্জামান।
পঞ্চম শ্রেণির ২০১৯ সালের পিইসি পরীক্ষা ১৭ নভেম্বর শুরু হয়, যা চলবে ২৪ নভেম্বর পর্যন্ত।
প্রতিটি বিষয়ে ১০০ নম্বর করে ৬ বিষয়ে মোট ৬০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এছাড়াও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য ৩০ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হবে।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
