২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে আলতাব আলী দিবস পালন

৪১ বছর আগে যুক্তরাজ্যে বর্ণবাদীদের হাতে প্রাণ হারানো বাঙালি যুবক আলতাব আলী (২৫) স্মরণে প্রবাসীদের নিয়ে ‘আলতাব আলী দিবস পালন’ করেছে সেখানকার টাওয়ার হ্যামলেটস কাউন্সিল।

সৈয়দ নাহাস পাশা

যুক্তরাজ্য প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2019, 11:09 PM

Updated : 08 Apr 2022, 04:09 PM

দিবসটি উপলক্ষে স্থানীয় সময় শনিবার বিকেলে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে সমবেত হয়ে নানা আনুষ্ঠানিকতা পালন করেন প্রবাসী বাংলাদেশিরা।

এতে স্থানীয় বাংলাদেশি, কমিউনিটি নেতা-কর্মী, ধর্মীয় ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এছাড়া আলতাবী আলীর মৃত্যুকে উপজীব্য করে জুলি বেগম রচিত নাটক মঞ্চায়িত হয় ব্রাডি আর্টস সেন্টারে।

এ প্রসঙ্গে টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র জন বিগস বলেন, “আলতাব আলী নির্মম হত্যাকাণ্ডের ৪১তম বার্ষিকী আমাদের এটা মনে করিয়ে দেয় যে, কমিউনিটির সুদৃঢ় বন্ধনের গুরুত্ব কতটুকু এবং বর্ণবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর প্রয়োজনীয়তার কথা কোনো অবস্থাতেই ভুলে না যাওয়ার গুরুত্ব সম্পর্কে সজাগ থাকা।”

কেবিনেট মেম্বার ফর কালচার কাউন্সিলর আমিনা আলী বলেন, “৪১ বছর আগে আলতাব আলীর নির্মম হত্যাকাণ্ড আমাদের কমিউনিটিতে বর্ণবাদের বিরুদ্ধে গণবিক্ষোভের সূচনা করেছিলো। আশা, একতা ও সহাবস্থানের চেতনা ছড়িয়ে দিয়েছিলেন আলতাব আলী।”

১৯৭৮ সালের ৪ মে বর্ণবাদীদের হাতে প্রাণ হারান বাঙালি যুবক আলতাব আলী। যে হত্যাকাণ্ডটি ছিলো পূর্ব লন্ডনে বর্ণসম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি বাঁক বদল, যা ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষকে নাড়া দিয়েছিলো।

২৫ বছরের আলতাব আলী ছিলেন একজন টেক্সটাইল-কর্মী, নিহত হওয়ার কিছুদিন আগে বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে এসেছিলেন তিনি। ঘটনার দিন কাজ শেষে বাসায় ফেরার পথে ব্রিকলেনের কাছে হোয়াইটচ্যাপল রোডের একটি পার্কে ছুরিকাঘাতে নিহত হন। পার্কটি তার নামে ‘আলতাব আলী পার্ক’ হিসেবে পরবর্তীতে নামকরণ করা হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!