প্রতিমন্ত্রী পলকের সাথে সুইজারল্যান্ড আ. লীগের মতবিনিময়
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সাথে সৌজন্য সাক্ষাত, সংক্ষিপ্ত আলোচনা ও মতবিনিময় করেছেন সুইজারল্যান্ড আওয়ামী লীগের নেতারা।
স্থানীয় সময় বুধবার জেনেভায় এ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামল খানের নেতৃত্বে আলোচনায় অংশ নেন যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম খান দুলাল, শাহ আলম এগার এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক নিজাম উদ্দিন।
এসময় শ্যামল খান গত ৭ এপ্রিল ইউরোপিয়ান আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান কতৃর্ক অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আয়োজিত স্বাধীনতা দিবস উদযাপনে সুইজারল্যান্ড আওয়ামী লীগের অংশগ্রহণ, অনুষ্ঠানের কার্যক্রম ও ব্যাপকতা নিয়ে আলোচনা করেন।
আলোচনায় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ জানান, টানা ষষ্ঠ বারের মতো তথ্যপ্রযুক্তি খাতে বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরস্কার ‘ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি (ডব্লিউএসআইএস) পুরস্কার-২০১৯’ অর্জন করেছে বাংলাদেশের ৮টি প্রজেক্ট।
জাতিসংঘের আইসিটি সংক্রান্ত বিশেষায়িত সংস্থা আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) সদর দপ্তর জেনেভায় ৯ এপ্রিল বাংলাদেশের প্রতিনিধিদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়েছে।
বাংলাদেশের পক্ষে এই পুরস্কার নেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তাফা জব্বার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
এবার ডব্লিউএসআইএস পুরস্কারের জন্য সারা বিশ্ব হতে এক হাজার ১৪০টি আবেদন জমা পড়ে। এর মধ্যে ৭২টি প্রকল্প চ্যাম্পিয়ন এবং ১৮টি প্রকল্প উইনার হয়, যার মধ্যে বাংলাদেশের সাতটি প্রকল্প চ্যাম্পিয়ন এবং একটি প্রকল্প উইনার হওয়ার গৌরব অর্জন করেছে।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
