জাপানের চিঠি: বসন্তের দূত চেরি
স্কুলে পড়াকালীন যখন রেডিও শুনতাম অ্যান্ড্রু কিশোরের গাওয়া একটি গান প্রায়ই শুনতে পেতাম- ‘ওগো বিদেশিনি তোমার চেরি ফুল দাও, আমার শিউলি নাও, এসো দুজনে প্রেমে হই ঋণী’।
সেই গান শুনে কোন এক কাল্পনিক বিদেশিনিকে শিউলি ফুল দেবার জন্য কত খুঁজেছি, কিন্ত পাইনি, যেমনটি পাইনি চেরি ফুলের দেখা। তারপর অনেকগুলো বসন্ত পেরিয়ে ২০১৫ সালে স্কলারশিপ নিয়ে যখন জাপানে আসলাম তখন বসন্তের দূত হিসেবে চেরি বা সাকুরা ফুলের দেখা পেলাম প্রথমবারের মতো। সে ছিল এক অদ্ভুত অনুভূতি।
প্রতিবছরই রুক্ষ-শুষ্ক শীতের শেষ লগ্নে মার্চে বসন্ত আসি আসি করলেই হালকা গোলাপি কিংবা দুধ সাদা আভায় পত্রহীন সাকুরা গাছগুলোতে সহস্র ফুল ফুটে ওঠে। তখন কেবলই মনে হয়- ‘এ শুধু ফুলের দিন, এ লগন ফুল ফোটাবার’। রাস্তা দিয়ে হাঁটলে, দেখা যায় রাস্তার দুই ধারে সারি সারি সাকুরা ফুলের গাছ আর ডালে ডালে গোলাপি আর সাদা ফুলের বাহার ৷ হালকা লিলুয়া বাতাস বইলেই ঝরা ফুলে ছেয়ে যায় পথ ৷ দৃষ্টির সীমানা পর্যন্ত ফুল ছড়ানো সেই পথে হাঁটলে মনে হয় এ যেন স্বর্গের পথে হাঁটছি, এ পথ যেন শেষ না হয় !
দিনভর চলে নানা ধরনের কর্মকাণ্ড, গাছের তলার সবুজ ঘাসের উপর মাদুর পেতে চলে খাওয়া দাওয়া, ফুল ফোটা উপলক্ষে নতুন মদের বোতল খোলা হয়, আর ফুলের সঙ্গে বিভিন্ন আঙ্গিকে ছবি তোলা তো চলেই। রাতে ও অনেকে এসব জায়গায় অবস্থান করেন। রাতে কোন কোন জায়গায় করা হয় অলোকসজ্জা, রাতের রকমারি অলোতে এই ফুলকে আরো ও অপূর্ব লাগে। রাতের হানামিকে জাপানিরা বলে ‘ইওজাকুরা’।
যুক্তরাষ্ট্রেও এখন ঘটা করে সাকুরা ফুল দেখার উৎসব করা হয়। শত বছর আগে ১৯১২ সালে শুভেচ্ছার নিদর্শন হিসেবে জাপানিরা যুক্তরাষ্ট্রকে তিন হাজার বিশটা সাকুরা গাছের চারা উপহার দিয়েছিল। ওই গাছগুলো ম্যানহাটনের সাকুরা পার্কে আর ওয়াশিংটন ডিসির ইস্ট পটোম্যাক পার্কের রাস্তার দুইপাশে লাগানো হয়েছিল। সাকুরা ফুলের জন্য আমেরিকানরা মুগ্ধ ছিলেন বলেই হয়তো যুক্তরাষ্ট্রের প্রথম দুটি চেরি ফুলের গাছ রোপন করেছিলেন সেই সময়ের ফার্স্ট লেডি হেলেন ও যুক্তরাষ্ট্রে জাপানের অ্যাম্বাসেডরের স্ত্রী চিন্দা।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
