সিডনিতে বঙ্গবন্ধু পরিষদের বৈশাখ উদযাপন
অস্ট্রেলিয়া প্রবাসীদের জন্য বৈশাখী মেলা এবং মেলার পরেরদিন নৈশভোজের মাধ্যমে বৈশাখ উপলক্ষে পুনর্মিলনী করেছে বঙ্গবন্ধু পরিষদের সিডনি শাখা।
সিডনির স্থানীয় সময় শনিবার ফেয়ারফিল্ড শো গ্রাউন্ডে অস্ট্রেলিয়া প্রবাসীদের অংশগ্রহণে ঐতিহ্যবাহী ‘বৈশাখী মেলা’ হয়।
আর পরদিন রোববার রাতে রকডেল এর রেড রোজ ফাংশন সেন্টারে নৈশভোজ ও ধন্যবাদ অনুষ্ঠানের আয়োজন করে বঙ্গবন্ধু পরিষদ।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু পরিষদ, অস্ট্রেলিয়ার সভাপতি রতন কুন্ডু মেলা সম্পর্কে সাংবাদিকদের প্রেস ব্রিফিং পড়ে শোনান।
নৈশভোজে দেশ থেকে আগত মেলার অন্যতম আকর্ষণ ছিলেন কণ্ঠশিল্পী ফেরদৌস ওয়াহিদ ও হাবিব ওয়াহিদ।
বঙ্গবন্ধু পরিষদ সিডনি, অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক এবং মেলা কমিটির আহ্বায়ক গাউসুল আলম শাহজাদা তার শুভেচ্ছা বক্তব্যে প্রবাসী কমিউনিটি, সাংবাদিক, স্পন্সর, আয়োজক কমিটিসহ সবার সার্বিক সহযোগিতার কথা গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে সবাইকে নৈশ ভোজের আমন্ত্রণ জানান।
সিডনির দূর দূরান্ত ছাড়াও ক্যানবেরা, মেলবোর্ন থেকেও মেলায় অগনিত দর্শকদের সমাগম ঘটে।
পহেলা বৈশাখ উপলক্ষে অস্ট্রেলিয়ার বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে প্রবীণরাও বৈশাখী সাজে সজ্জিত হয়ে মেলাতে অংশ নেয়। মেলা প্রাঙ্গণে মুখরোচক দেশীয় খাবার নিয়ে পাটি বিছিয়ে অনেককে খেতে দেখা যায়। আবার অনেককে বলতে শোনা গেছে ‘ফেয়ারফিল্ড শো গ্রাউন্ডে নয়, এ যেন প্রবাসে এক বাংলা মায়ের কোল’।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
