বৈশাখ বরণে জোর প্রস্তুতি চলছে নিউ ইয়র্কে
অসাম্প্রদায়িক চেতনায় নিজেদের উজ্জীবিত রাখার পাশাপাশি নতুন প্রজন্মের মাঝে বাংলার ফল্গুধারা প্রবাহের সংকল্পে বাংলা নতুন বছর ১৪২৬-কে বরণের ব্যাপক প্রস্তুতি নিয়েছে নিউ ইর্য়কে প্রবাসীদের বিভিন্ন সংগঠন।
বৈশাখ উপলক্ষে বাংলাদেশি অধ্যুষিত এলাকার ব্যবসা প্রতিষ্ঠানেও বৈশাখী আমেজ লেগেছে। প্রতিটি দোকানেই ইলিশ মাছের মূল্য কমানো হয়েছে।
এরই মধ্যে ৭ রকমের ভর্তা এবং পান্তা-ইলিশসহ বৈশাখী খাবারের দাম কম রাখার ঘোষণা দিয়েছে ওজনপার্কের ফুলকলি রেস্টুরেন্ট। কেউ কেউ বাঙালি আমেজে রেস্তোরাঁ সাজাচ্ছেন।
বহুবছর আগে পান্তা-ইলিশের আমেজে পহেলা বৈশাখ বরণের এ রেওয়াজ নিউ ইয়র্কে চালু করে ড্রামা সার্কেল।
বছরের পরিক্রমায় কমিউনিটি যেমন বড় হয়েছে, ঠিক তেমনি একই আমেজে ঘটা করে বর্ষবরণের পরিধিও বিস্তৃত হয়েছে। এবার পহেলা বৈশাখ বরণের অন্তত ১৪টি কর্মসূচির তথ্য এখন পর্যন্ত জানা গেছে।
এর বাইরেও রয়েছে ঘরোয়া আমেজের বর্ষবরণ। প্রাণে প্রাণ মিশিয়ে হৃদয়ের সাথে হৃদয়ের বন্ধনে উচ্ছ্বল তরুণ-তরুণীর অনেকে দিনটিকে স্মৃতিময় করার অভিপ্রায়ে বাঙালি পোশাকের সমাহার ঘটানোর প্রস্তুতিও বাঙালি কমিউনিটিতে চলছে।
বহুজাতিক শহর নিউ ইয়র্কে নিজ দেশের সংস্কৃতি উজ্জীবিত রাখার এ উদ্যোগগুলোয় বরাবরের মতো অনেক ব্যবসায়ীও জড়িত হয়েছেন।
পহেলা বৈশাখের দিনটি রোববার বা স্থানীয় সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় অনুষ্ঠানের মেজাজেও পরিপূর্ণতা আসবে বলে আশা করা হচ্ছে।
বর্ষবরণে ড্রামা সার্কল এর অনুষ্ঠান হবে জ্যাকসন হাইটসের বেলোজিনো পার্টি হলে রোববার সন্ধ্যায় ৬টায়। এর আগে বিকেল ৩টায় শুরু হবে ডাইভার্সিটি প্লাজায় জেবিবিএর বৈশাখী মেলা।
একইস্থানে বেলা ১২টায় বিপার বৈশাখী র্যালি তথা মঙ্গল শোভাযাত্রা হওয়ার কথা রয়েছে। এর আগের দিন শনিবার বেলা ১২টায় ব্রুকলিনে অ্যাভিনিউ সি প্লাজায়ও বিপার উদ্যোগে বৈশাখী র্যালির কর্মসূচি রয়েছে। প্রবাস প্রজন্মকে বাঙালি সংস্কৃতির সাথে জড়িয়ে রাখতে নিরন্তরভাবে কর্মরত বিপার এসব কর্মসূচি নিয়ে কৌতুহল রয়েছে সর্বত্র।
‘আনন্দধ্বনি’র প্রভাতী বর্ষবরণের বর্ণাঢ্য অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে রোববার সকাল ৭টা থেকে জ্যামাইকার সুসান বি অ্যান্থনি স্কুল মিলনায়তনে (৮৮-৫ ১৮২ স্ট্রিট হিলসাইড অ্যাভিনিউ। তারা রাজধানী ঢাকায় ছায়ানটের আদলে অনুষ্ঠানের প্রস্তুতি নিয়েছে।
নিউ আমেরিকান ওমেন্স ফোরাম অব নিউইয়র্ক, নিউ আমেরিকান ডেমোক্র্যাটিক ক্লাব ইনক এবং নিউ আমেরিকান ইয়ুথ ফোরামের বৈশাখী মেলা রোববার বেলা ১টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে জ্যামাইকার পিএস ৯৫ মিলনায়তনে (৯০ এভিনিউ, ১৭৯ স্ট্রিট ও ১৭৯ প্লেস-এর মাঝে)।
জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি ইনক, বাংলাদেশি-আমেরিকান ফ্রেন্ডসশিপ সোসাইটি (বাফস) প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ, টাঙ্গাইল জেলা সোসাইটি ইউএসএ, কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন সোসিয়েশন ইউএসএ ইনক, মানিকগঞ্জ সমিতি নর্থ আমেরিকা ইনক, যশোর সোসাইটি ইউএসএ ইনক, উদীচী স্কুল অব পারফর্মিং আর্টস, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব আমেরিকার পক্ষ থেকেও বাংলা নতুন বছরকে বরণের কর্মসূচি রয়েছে।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
