২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোরিয়ায় প্রবাসীদের আয়োজনে আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট

দক্ষিণ কোরিয়ার সঙ্গে ‘এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম’ (ইপিএস) চুক্তিভিত্তিক ১৬ দেশের প্রবাসী কর্মীদের নিয়ে আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করেছেন সেখানকার বাংলাদেশিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আসাদুজ্জামান আসাদ, দক্ষিণ কোরিয়া

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2019, 12:40 PM

Updated : 10 Oct 2022, 09:03 PM

স্থানীয় সময় রোববার কোরিয়ার রাজধানী সিউলের গুরো নুরি ব্যাডমিন্টন স্টেডিয়ামে ‘ইপিএস বাংলা আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট’ শিরোনামে এ আয়োজন করে বাংলাদেশি ইপিএস কর্মীদের সংগঠন ‘ইপিএস বাংলা কমিউনিটি ইন কোরিয়া’।

আয়োজক সংগঠনটির সাধারণ সম্পাদক জিয়াউল হক জানান, প্রতিযোগিতায় বাংলাদেশ, পাকিস্তান, নেপাল ও ইন্দোনেশিয়ার মোট ৫৬ জন খেলোয়াড় দ্বৈত ও একক পর্বে অংশ নেন।

ব্যাডমিন্টন একক প্রতিযোগিতায় বাংলাদেশের দেলোয়ার টাইটানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইন্দোনেশিয়ার জাতীয় দলের সাবেক খেলোয়াড় ইউনি নিলা। দ্বৈত প্রতিযোগিতায় ইন্দোনেশিয়ার হারতানতো ও ইউনি নিলা টিম প্রতিপক্ষ ইন্দোনেশিয়ারই ইকো ও আদনাং টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

পুরো টুর্নামেন্ট জুড়ে ভালো খেলার জন্য ‘জিএমই রেমিট্যান্স সেরা খেলোয়াড়’ নির্বাচিত হন ইউনি নিলা। ইপিএস বাংলা কমিউনিটির অফিশিয়াল স্পন্সর ‘জিএমই রেমিট্যান্সের’ পক্ষ থেকে তার হাতে সেরা খেলোয়াড়ের পুরস্কার তুলে দেন জিএমই এর অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং ম্যানেজার সজীব দাস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিউল গ্লোবাল সেন্টারের প্রধান কিম জং হোয়া। আরও উপস্থিত ছিলেন ‘কোরিয়া ফরেইন ওয়ার্কার্স সাপোর্ট সেন্টারের’ প্রধান সোন জুং হা ও ‘সুমাইয়া টেকের’ প্রধান কার্যনির্বাহী রিপা আর জাহান।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!