২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘে লুই আই কানের স্থাপত্যচিত্র প্রদর্শনী

যুক্তরাষ্ট্রে স্থপতি লুই আই কানের স্থাপত্যচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন ও এস্তোনিয়া স্থায়ী মিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2019, 12:01 PM

Updated : 10 Oct 2022, 09:03 PM

সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ‘দ্বীপ থেকে দ্বীপে লুই আই কানের সৃজনশীল পদচারণা’ শিরোনামে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

স্থপতি ও ফটোগ্রাফার আর্নে ম্যাসিকের পরিকল্পনায় এ প্রদর্শনীর কেন্দ্রবিন্দুতে ছিল এস্তোনিয়ায় জন্ম নেওয়া মার্কিন স্থপতি লুই আই কানের অমর সৃষ্টি বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের একটি মডেল। প্রদর্শনীতে তুলে ধরা হয় লুই আই কানের বিখ্যাত স্থাপত্যগুলোর বিভিন্ন চিত্র।

এতে উপস্থিত ছিলেন এস্তোনিয়া রাষ্ট্রপতি কারস্টি কালজুলেইড, বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি মারিয়া ফার্নান্দে এস্পিনোসা গার্সেজ এবং লুই আই কানের ছেলে ন্যাথানিয়েল কান।

উদ্বোধনী ভাষণ প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল বলেন, “আজ আমরা বিংশ শতকের অন্যতম সেরা স্থপতি লুই আই কান ও তার অমর সৃষ্টি বাংলাদেশ জাতীয় সংসদ ভবনসহ অন্যান্য স্থাপনাগুলো স্মরণ করছি। ভাবতে অবাক লাগে, এস্তোনিয়ায় জন্ম নেওয়া এবং যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা একজন স্থপতি এত দূরের একটি দেশে গিয়ে কিভাবে এমন অনুপম স্বাক্ষর রেখে গেলেন? নিশ্চিতভাবে এটি ছিল তার হৃদয়সৃষ্ট একটি পদক্ষেপ। এটি অবশ্যই উত্তর-দক্ষিণের বন্ধুত্বের এক অবিনাশী স্মারক। এ স্থাপত্য বাংলাদেশ ও এস্তোনিয়ার মধ্যে সৃষ্টি করেছে অটুট বন্ধুত্বের বন্ধন।”

এস্তোনিয়ার রাষ্ট্রপতি কারস্টি কালজুলেইড বলেন, “ক্যান এর সৃষ্ট ভাস্কর্যগুলো ন্যায়, স্বাধীনতা ও মর্যাদার প্রতীক যার জন্য জাতিসংঘ কাজ করছে।”

লুই আই কানের ছেলে ন্যাথানিয়েল কান তার পিতার স্থাপত্যকর্মের দর্শন ‘মানবীয় ঐকমত’ উল্লেখ করে বলেন, “আজকের পৃথিবীতে এটি বড়ই প্রয়োজন।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন ও এস্তোনিয়ার স্থায়ী প্রতিনিধি সিভেন জুরগেনসনসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক ও জাতিসংঘের কর্মকর্তারা।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!