স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নিউ ইয়র্ক অঙ্গরাজ্য বিএনপির সভা
স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সভা করেছে অঙ্গরাজ্য বিএনপি।
রোববার রাতে জ্যাকসন হাইটসের হাটবাজার মিলনায়তনের এ সভায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি করেন সংগঠনটির প্রবাসী নেতা-কর্মীরা।
সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক।
তিনি বলেন, “ধীরে ধীরে আন্দোলনের পথে হাঁটছে বিএনপি। এ নিয়ে হতাশ হবার কিছু নেই। সময় মতো সবকিছু করা হবে। যে দেশে গণতন্ত্র নেই, সে দেশে মানুষের সম্মানও নেই। বাংলাদেশ এখন পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে। সে দেশে কখনো গণতন্ত্র ফেরত আসবে না। সংবিধানের দোহাই দিয়ে দেশ পরিচালনার কথা বলা হলেও বাংলাদেশের সংবিধানের প্রতি ক্ষমতাসীনদের বিন্দুমাত্র শ্রদ্ধাবোধ নেই।”
‘তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির’ চেয়ারপারসন ও যুক্তরাষ্ট্র বিএনপির নেতা আকতার হোসেন বাদল দলের কেন্দ্রীয় নেতৃত্বের সমালোচনা করে বলেন, “দেড় বছরের মতো অতিবাহিত হচ্ছে অথচ বেগম জিয়াকে মুক্তির দাবিতে জোরদার কোনো আন্দোলনের আভাস নেই, কেন? আন্দোলন দূরের কথা, মহাসচিব যুক্তরাষ্ট্রে এসে এমন কিছু চিহ্নিত লোকজনের সঙ্গে উঠাবসা করেন যারা বিএনপির অনেক ত্যাগী নেতাকে ফাঁসিয়ে দিয়েছে। ‘জাগো বাংলাদেশ’ এর সাবেক এক নেতার সঙ্গেও বৈঠকে মিলিত হয়েছেন সাম্প্রতিক এক সফরে। অথচ এ আমেরিকায় দুর্দিনের কাণ্ডারিদের সঙ্গে বৈঠকে বসার ন্যূনতম প্রয়োজনবোধ করেননি মির্জা ফখরুল।”
সভায় আরও বক্তব্য দেন যুক্তরাষ্ট্র বিএনপির বিলুপ্ত কমিটির সভাপতি আব্দুল লতিফ সম্রাট, সহ সভাপতি গিয়াস আহমেদ, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি বাবরউদ্দিন, নিউ ইয়র্ক অঙ্গরাজ্য বিএনপির প্রধান উপদেষ্টা জসীমউদ্দিন, তারেক পরিষদের যুগ্ম মহাসচিব আবেদীন রনী, বিএনপি নেতা খলকুর রহমান ও জাহাঙ্গির সোহরাওয়ার্দি।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
