যুক্তরাষ্ট্রে সেক্টর কমান্ডার্স ফোরামের স্বাধীনতা দিবস উদযাপন
প্রবাস প্রজন্মের বক্তব্য, আবৃত্তি আর একাত্তরের ৭ মার্চে রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ভাষণ অনুকরণ মঞ্চায়নের মধ্য দিয়ে নিউ ইয়র্কে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান করলো ‘যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরাম’।
৪৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে ৩১ মার্চ রোববার সন্ধ্যায় এ অনুষ্ঠান হয় জ্যাকসন হাইটস এর জুইশ সেন্টার মিলনায়তনে।
পুরো অনুষ্ঠানটি নিবেদন করা হয় প্রবাস প্রজন্মের প্রতি এবং তাদের মুখেই একাত্তরের বীর বাঙালির ভূমিকা উচ্চারিত হয়।
মুক্তিযুদ্ধের ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বয়ে নেওয়ার ক্ষেত্রে এমন আয়োজনের গুরুত্ব অপরিসীম বলে মন্তব্য করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশের কন্সাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা।
সাদিয়া বলেন, ‘মুক্তিযোদ্ধারা হলেন জীবন্ত কিংবদন্তী। তাদের কাছে থেকে নতুন প্রজন্মের কৌতুহল মেটানোর মাধ্যমেই সত্যিকারের ইতিহাস ভবিষ্যতের কাছে রেখে যাওয়া সম্ভব। প্রবাসের মুক্তিযোদ্ধারা সহযোগিতা দিলে আমি কন্স্যুলেটে তাদের কাছে থেকে মুক্তিযুদ্ধের কাহিনী নতুন প্রজন্মকে শোনাতে চাই।’
তিনি বলেন, ‘সামনের বছর বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে নিউ ইয়র্কেও ব্যাপক প্রস্তুতি চলছে। সেই সমাবেশে প্রবাস প্রজন্মের সম্পৃক্তি বাড়াতে চাই সকলের সহযোগিতা। একইভাবে ২০২১ সালে স্বাধীনতার রজতজয়ন্তী উৎসবকে সামনে রেখেও সকলকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। এসব উৎসব-আয়োজনের মধ্য দিয়েই আমেরিকা তথা আন্তর্জাতিক মহলকে বাঙালির এগিয়ে চলার কাহিনী ছড়িয়ে দিতে হবে।’
এ অনুষ্ঠানে একাত্তরের ৭ মার্চে বঙ্গবন্ধুর ঐতিহাসিক সেই ভাষণ অবিকলভাবে উপস্থাপন করে তৃতীয় গ্রেডের ছাত্র শাহ শেখ আলফি সিয়াম। উপস্থিত সকলে অভিভূত হন সিয়ামের উপস্থাপনায়। অভিভূত কন্সাল জেনারেল তাকে কাছে টেনে আদর করেন এবং অভিবাদন জানান।
এরপর মুক্তিযোদ্ধার সন্তান সেজুতি বাংলায় তার বাবার একাত্তরের ভূমিকার আলোকে বক্তব্য দেয়। সুসজ্জিত একটি বাহিনীকে কীভাবে বাঙালিরা পর্যুদস্ত করেছিল তা বিবৃত হয় সেজুতির কণ্ঠে। শিশু প্রিয়া নন্দি আবৃত্তি করে ‘আমাদের এই বাংলাদেশ’ নামক একটি কবিতা- যার মূল উপজীব্য মুক্তিযুদ্ধের ঘটনাবলি।
বাঙালির ইতিহাস-ঐতিহ্যের আলোকে দলীয় নৃত্য পরিবেশন করে ৩ শিশু- প্রিণা, লিরা এবং সামিদা।
লাল-সবুজের ব্যাক গ্রাউন্ডে স্বাধীনতা দিবসের এ অনুষ্ঠান শুরু হয় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীতের পর শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে সকলে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে।
স্বাগত বক্তব্যে ফোরামের সভাপতি রাশেদ আহমেদ অনুষ্ঠানের প্রেক্ষাপট উপস্থাপনকালে বলেন, ‘আমেরিকায় জন্মগ্রহণকারি ও বড় হওয়া প্রজন্মকে আমাদের উত্তরাধিকার করতে চাই সর্বান্তকরণে। সেজন্যে আজকের অনুষ্ঠানটি তাদেরকেই নিবেদিত হয়েছে। শিশুরাই বলবে মুক্তিযুদ্ধের কথা, জাতিরজনকের অবিস্মরণীয় নেতৃত্বগুণের কথা।’
ফোরামের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা রেজাউল বারির অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
কবি ও কলামনিস্ট ফকির ইলিয়াস, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী এবং যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিয়া এতে বক্তব্য দেন।
তাদের বক্তব্যে স্বাধীনতার চেতনার বিরুদ্ধে নিউ ইয়র্কেও সংঘবদ্ধ একটি চক্র সক্রিয় রয়েছে এবং তারা অত্যন্ত কৌশলে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠে আসে।
ফকির ইলিয়াস তার বক্তব্যে অভিযোগ করে বলেন, “শত কোটি টাকার প্রকল্প নিয়ে রাজধানী ঢাকা থেকে লন্ডন-নিউইয়র্ক পর্যন্ত একটি টিম মাঠে নেমেছে। সুশীল সমাজ, কবি-লেখকের ছদ্মাবরণে ওরা কাজ করছে মুক্তিযুদ্ধের নাম-নিশানা মুছে ফেলার মতলবে। এ ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে।”
“মুক্তিযুদ্ধের চেতনার সাথে আপস বা ব্যালেন্স করার কোন অবকাশ থাকতে পারে না।”
জাকারিয়া চৌধুরী বলেন, “গণমাধ্যমের আড়ালে একটি অপশক্তি নিউ ইয়র্কে বাংলাদেশের বিরুদ্ধে কাজ করছে। বাংলাদেশের চলমান উন্নয়ন-অগ্রগতি সম্পর্কেও ওরা পাশ্চাত্যে অপপ্রচার চালাচ্ছে।”
অনুষ্ঠানের বিশেষ অতিথি জাতিসংঘে বাংলাদেশ মিশনের ফার্স্ট সেক্রেটারি (প্রেস) নূরএলাহি মিনা বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ রচনায় অনেক অগ্রগতিসাধিত হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে। আন্তর্জাতিকভাবে বাংলাদেশ এখন উন্নয়নের মডেলে পরিণত হয়েছে। এই ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আর এভাবেই স্বাধীনতার প্রত্যাশা পূরণ হবে।’
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা খোরশেদ আনোয়ার বাবলু একটি কবিতা পাঠ করেন।
প্রবাসের জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠন ‘বহ্নিশিখা সঙ্গীত নিকেতন’ এর কর্মকর্তা উইলি নন্দির নেতৃত্বে একদল শিল্পী দেশের গান পরিবেশন করেন। একক সঙ্গীত পরিবেশন করেন চন্দনা ভট্টাচার্য।
গভীর রাতে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে কণ্ঠযোদ্ধা শহীদ হাসানের গাওয়া দেশের গানের মধ্য দিয়ে।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন সেক্টর কমান্ডার্স ফোরামের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু এবং হারুন ভূইয়া, যুগ্ম সম্পাদক কাদের মিয়া এবং আস্রাব আলী খান লিটন, কোষাধ্যক্ষ মো. আলিম খান, প্রচার সম্পাদক শাহ জে চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক উইলি নন্দি, নির্বাহী সদস্য মুক্তিযোদ্ধা লাবলু আনসার, মুক্তিযোদ্ধা এম এ আওয়াল, মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা এনামুল হক এবং কমিউনিটি লিডার ফাহাদ সোলায়মান।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
