২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কানাডার অটোয়ায় স্বাধীনতা দিবসে পালিত হবে ‘বাংলাদেশ ডে’

বাংলাদেশের স্বাধীনতা দিবসকে প্রতিবছর ‘বাংলাদেশ ডে’ হিসেবে উদযাপনের ঘোষণা দিয়েছেন কানাডার অটোয়ার মেয়র জিম ওয়াটসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রবাস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2019, 07:30 PM

Updated : 08 Apr 2022, 04:00 PM

কানাডার মধ্যে অটোয়াই হতে যাচ্ছে প্রথম শহর যেখানে এখন প্রতিবছর স্বাধীনতা দিবসে বাংলাদেশের পতাকা রাষ্ট্রীয়ভাবে ওড়ানো হবে।

স্থানীয় সময় মঙ্গলবার বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে দ্য বেঙ্গলি কমিউনিটি সার্ভিস সেন্টার অব কানাডা (বিসিএসএসসি) এবং কানাডা-বাংলাদেশ পার্টনারশিপ ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট (সিবিপিএসডি) এর আয়োজনে অটোয়া সিটি হল প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ওই অনুষ্ঠানেই সিটি মেয়র জিম ওয়াটসন ‘বাংলাদেশ ডে’ পালনের ঘোষণা দেন।

অনুষ্ঠানে কানাডায নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মিজানুর রহমানসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।

এসময় সিটি মেয়র জিম, রাষ্ট্রদূত মিজানুর রহমানসহ বাকিরা জাতীয় পতাকা উত্তোলন করেন।

পরে সিটি হলে এক আলোচনা সভায় বক্তব্য দেন সিটি মেয়র, হাইকমিশনার ও দেশটিতে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত।

এ অনুষ্ঠানে দেশটির কেন্দ্রীয় সাংসদ চন্দ্র আরিয়াসহ বিশিষ্ট ব্যক্তি ও হাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় আয়োজক বিসিএসসিসি এর পক্ষ থেকে সংগঠনের চেয়ারপার্সন ওমর এস শের স্বাগত বক্তব্য রাখেন।

এরপর অপর আয়োজক সংগঠন সিবিপিএসডি এর চেয়ার পার্সন রাশেদা নেওয়াজ  বক্তব্য দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী পড়ে শোনান।

আলোচনা সভার শেষে সাংস্কৃতিক পর্বের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!