আবুধাবিতে বাংলাদেশ মিশনে স্বাধীনতা দিবস পালন
স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
স্থানীয় সময় মঙ্গলবার আবুধাবিতে জাতীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করেন তারা।
দূতাবাস প্রাঙ্গণে রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানের নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেয় ‘বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি’ এবং জাতীয় পতাকাবাহী প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলো।
দূতাবাস মিলনায়তনে আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনান দূতাবাসের কর্মকর্তারা।
সন্ধ্যায় স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আবুধাবি ইন্টারকন্টিনেন্টাল হোটেলে রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানের দেওয়া অভ্যর্থনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমিরাত ফেডারেল সরকারের প্রতিমন্ত্রী মাইথা বিনতে সালেম আল শামসি।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডাইরেক্টর ওয়েস্ট এশিয়া আহমেদ আল হামেলিসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা, সরকারের কর্মকর্তা, ৬০টিরও বেশি দেশের রাষ্ট্রদূত ও তাদের স্ত্রী এবং বাংলাদেশ দূতাবাস কর্মকর্তা ও প্রবাসী বাংলাদেশিরা।
