২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যে ‘লন্ডন বাংলা প্রেস ক্লাবে’ স্বাধীনতার দিবস

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ‘মুক্তিযুদ্ধে হারিয়ে যাওয়া বাবাকে ফিরে পাওয়ার গল্প’ শিরোনামে অনুষ্ঠানের আয়োজন করেছে যুক্তরাজ্য প্রবাসী সংগঠন ‘লন্ডন বাংলা প্রেস ক্লাব’।

সৈয়দ নাহাস পাশা

যুক্তরাজ্য প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2019, 12:51 PM

Updated : 10 Oct 2022, 09:01 PM

সোমবার পূর্ব লন্ডনে প্রেস ক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠানে সাংবাদিকরা ছাড়াও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ জোবায়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি এমদাদুল হক চৌধুরী।

শুরুতে ২৫ মার্চের কালরাত ও একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সম্পাদক ও ‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’ যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক জামাল খান মুক্তিযুদ্ধে শহীদ তার বাবা নুরুল হক খানের গল্প বলেন।

তিনি জানান, শহীদ নুরুল হক খান তৎকালীন ইস্ট পাকিস্তান রাইফেলসের একজন সৈনিক ছিলেন। মুক্তিযুদ্ধ শুরুর আগে গ্রামের বাড়ি সিলেটের বালাগঞ্জ উপজেলার সিরাজপুরে ছুটিতে ছিলেন তিনি। যুদ্ধ শুরু হলে একাত্তরের এপ্রিল মাসে গর্ভবতী স্ত্রীকে রেখে বাড়ি থেকে বেরিয়ে গেলে গত ৪৮ বছর তার খোঁজ আর পাওয়া যাচ্ছিলো না।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালের ভাই বদরুজ্জামান খান, সদরুজ্জামান খান, খসরুজ্জামান খান ও জয়নাল খান।

সদরুজ্জামান খান বলেন, “মুক্তিযুদ্ধে বাবা শহীদ হয়েছেন ৭২ সালে, সরকারিভাবে এটি জানানো হলেও এতদিন আমরা জানতামনা বাবা মুক্তিযুদ্ধে কখন কোথায় শহীদ হয়েছেন। গত মাসে বিজিবি সদর দপ্তর থেকে ডকুমেন্ট ও ছবি উদ্ধারের পরই আমরা জানতে পারি ১৯৭১ সালের ৫ মে আমার বাবা শহীদ হন এবং সিলেট ক্যাডেট কলেজে একটি গণকবরে তাকে মাটিচাপা দেওয়া হয়।”

অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য দেন- ব্রিটেনে মুক্তিযুদ্ধের সংগঠক সুলতান শরীফ, সাংবাদিক নজরুল ইসলাম বাসন, ‘সত্যবাণী’ সম্পাদক সৈয়দ আনাস পাশা, সাংবাদিক বুলবুল হাসান, কাউন্সেলার আহবাব হোসেন, কাউন্সেলার শাহ সোহেল আমীন, আব্দুল কাদির মুরাদ, রায়হান আহমেদ তফাদার ও সৈয়দ আব্দুল কাদির।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!