দূতাবাসের নিরাপত্তা নিয়ে অনেক হুমকি রয়েছে: রাষ্ট্রদূত মুনা তাসনিম
লন্ডনে বাংলাদেশ দূতাবাস ভাংচুরের পর সেখান থেকে বঙ্গবন্ধু এবং জাতির জনক শেখ মুজিবর রহমানের ছবি নিয়ে যাওয়াকে ‘গুরুত্ব’ নিয়ে বিবেচনা করেছেন যুক্তরাজ্যের বিচার বিভাগ বলে জানিয়েছেন সেখানে নিযুক্ত বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত সাঈদা মুনা তাসনিম।
পাশাপাশি নানা হুমকির প্রেক্ষাপটে দূতাবাসের নিরাপত্তা বাড়ানোর কথাও জানিয়েছেন তিনি।
লন্ডনে স্থানীয় সময় বুধবার স্থানীয় বাংলা সংবাদ মাধ্যমের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “দূতাবাস থেকে বঙ্গবন্ধুর একটি ছবি নিয়ে যাওয়ার ঘটনাকে বিচারক শুধু একটি ছবি হিসেবে দেখেননি, এর সাথে জড়িত আবেগে তিনি গুরুত্ব দিয়েছেন। এটি জাতির পিতার ছবি।”
খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে যুক্তরাজ্য বিএনপির বিক্ষোভ থেকে গত ৭ ফেব্রুয়ারি লন্ডনে বাংলাদেশ দূতাবাসে ভাংচুর চালানো হয়। ভাংচুর করা হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিও। তখন ঘটনাস্থল থেকে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুক্তরাজ্য শাখার সভাপতি নাসির আহমেদ শাহিন গ্রেপ্তার করেছিল লন্ডন পুলিশ। পরে বিচারে তাকে ১০২০ পাউন্ড জরিমানা করা হয়।
দূতাবাসের নিরাপত্তা নিয়ে নবনিযুক্ত রাষ্ট্রদূত সাঈদা মুনা তাসনিম আরও বলেন, “নিরাপত্তা নিয়ে আমাদের অবশ্যই অনেক হুমকি রয়েছে। দূতাবাসের ও কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করা আমার টপ প্রায়োরিটি। দূতাবাস একটি রাষ্ট্রীয় সম্পদ।”
“এখানে কোনও ধরনের ভাংচুরের ব্যাপারে জিরো টলারেন্স থাকা উচিত। ইতোমধ্যে দূতাবাসে নিরাপত্তা বাড়ানো হয়েছে। আরও কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে, যার জন্য ঢাকার অনুমতির অপেক্ষায় রয়েছি। এতে মানুষের কিছু অসুবিধা হতে পারে তবে দূতাবাস আরও নিরাপদ হবে।”
পূর্ব লন্ডনে অবস্থিত দূতাবাসে সাংবাদিকদের সাথে আলাপকালে মুনা তাসনিম কাজের ক্ষেত্রে তিনটি বিষয়ের উপর প্রাধান্য দেবেন বলে জানান।
রাষ্ট্রদূত বলেন, “এগুলোর মধ্যে রয়েছে প্রথমত ব্রিটেনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক উন্নয়ন, দ্বিতীয়ত কমিউনিটি সেবা বাড়ানো ও তৃতীয়ত স্থানীয় মূলধারার মিডিয়া ও যুক্তরাজ্যে অবস্থিত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং দূতাবাসগুলোর সঙ্গে সুসম্পর্ক বাড়িয়ে বাংলাদেশের ভাবমূর্তিকে ইতিবাচকভাবে তুলে ধরা।”
নবনিযুক্ত প্রেস মিনিস্টার আশিকুন নবীর পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ জুলকারনাইন ও মিনিস্টার কাউন্সেলর মোহাম্মদ লুৎফুল হাসান।
সাঈদা মুনা তাসনিম জানান, লন্ডনে বাংলাদেশের কোনও একক ট্রেড ফেয়ার হয়নি। ২০০৫ সালের পরে বাংলাদেশের প্রোডাক্ট শোকেইজিং হয়নি।
তিনি বলেন, “আমরা একটি ট্রেড ইনভেস্টমেন্ট এক্সপোর আয়োজন করবো এখানে। ব্রিটেন বাংলাদেশ থেকে যে তৈরি পোশাক আমদানি করে- এর একটি প্রদর্শনী করবে দূতাবাস। আমরা ইথিক্যাল ম্যানুফেকচারিং বিষয়টি কী- সেটা এখানে দেখাতে চাই।”
রাষ্ট্রদূত জানান, বাংলাদেশেও এক্ষেত্রে ব্রিটিশ বিনিয়োগে আকৃষ্টের লক্ষ্যে কাজ করবেন।
ব্রিটেনের বাংলাদেশের কমিউনিটি হচ্ছে হাই কমিশনারের দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রাধান্য।
তিনি বলেন, “বাংলাদেশ কমিউনিটি যাতে দূতাবাসে ভাল সেবা পায় সেটা কেবল নয়, তাদের সঙ্গে যাতে একটি টু ওয়ে কমিউনিকেশন থাকে এবং কমিউনিটির ভাবমূর্তি উন্নয়নে কমিউনিটির প্রাণকেন্দ্রে যাওয়ার চেষ্টা করবো আমি।”
কমিউনিটিকে সেবা দিতে কোনও বৈষম্য না থাকে সেদিকেও নজর রাখবে হাই কমিশন।
হাই কমিশনার বলেন, “লন্ডনে ১৮৬টি দেশের দূতাবাস রয়েছে। নিউ ইয়র্কের পরে এটিই দ্বিতীয় স্থান। কুয়েতের রাষ্ট্রদূত হচ্ছেন এখানকার ডিপ্লোম্যাটিক ফোরামের ডিন, তার সঙ্গে আমার যোগাযোগ হয়েছে। এখানকার কূটনৈতিক কমিউনিটিতে বাংলাদেশকে আরও বেশি করে তুলে ধরতে চাই। বাংলাদেশের জাতীয় অনুষ্ঠানগুলোতে তাদেরকে বেশি করে আমন্ত্রণ জানাতে চাই। এতে বাংলাদেশের ভাবমূর্তিরও উন্নয়ন হবে।”
সাঈদা মুনা তাসনিম বলেন, “আমাদের এখানে নির্দিষ্ট কালচারাল ও এডুকেশন অফিসার নেই। কালচারাল কাউন্সিল নেই। আমাদের পার্শ্ববর্তী দেশগুলো পাবলিক ডিপ্লোম্যাসিকে অনেক গুরুত্ব দেয়। এর মাধ্যমে দেশের প্রোফাইল বাড়ায়।”
তিনি জানান, পাবলিক এবং কালচারাল ডিপ্লোম্যসির দিকেও নজর দিবেন। এজন্য ব্রিটিশ ‘থিংকট্যাঙ্ক’-দের নিয়ে তিনি বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করেছেন।
তিনি বাংলা সংবাদ মাধ্যম ও ব্রিটিশ বাংলাদেশিদেরও সহযোগিতা কামনা করেন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
