২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয় রেস্তোরাঁর অন্ধ গিটারবাদক

দ্বীপ দেশ ইন্দোনেশিয়া সম্পর্কে আমার যেমন ধারণা ছিল গত বছর দেশটিতে বেড়ানোর পর সব বদলে যায়। পরপর দুইবার দেশটিতে বেড়ানোর সুযোগ হয়েছে আমার। মূলত দেশটিকে ভালো লেগে যাওয়া আর প্রথম ভ্রমণ অসমাপ্ত থেকে যাওয়ায় দ্বিতীয়বার দেশটিতে যাওয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাঈম হাবিব, জার্মানি থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2018, 03:48 PM

Updated : 11 Oct 2022, 12:50 PM

দুইবার মিলে দেশটিতে অবস্থান করেছি প্রায় দুই মাসের মতো। চষে বেড়িয়েছি দেশটির এক দ্বীপ  থেকে অন্য দ্বীপে। ঘুরে বেড়িয়েছি প্রায় পুরো ইন্দোনেশিয়া। পূর্ব সুমাত্রার বুকিটিংগি শহর থেকে একটি পাবলিক মাইক্রোবাসে করে আমরা কয়েকজন যাচ্ছিলাম পরবর্তী পাদাং শহরে।

যাত্রাপথে গাড়ি থামিয়ে উঠলেন এক গিটারিস্ট। কুশল বিনিময় শেষে নিজের পরিচয় দিয়ে গিটারের তালে গাইলেন গান। শেষে থলে বাড়িয়ে বখশিশ যা পেলেন যাত্রীদের বিদায় বলে আবার নেমে গেলেন মাঝপথে।

ব্যাপারটা আমি ব্যাপক উপভোগ করলাম। আর ভাবলাম, এত ছোট গাড়িতে এত বড়ো গিটার, গান, বাজনা এতো কিছুর জায়গা কোথায়! যাত্রীদের যেখানে বিরক্তি হওয়ার কথা, সবার বখশিশ দেওয়া দেখে সেটা মনে হলো না আর। এভাবে মাত্র দুই তিন ঘণ্টার যাত্রাপথে তিনজন পথগায়ক মাইক্রোবাসে উঠলেন আর গাড়ি চলা অবস্থায়ই যাত্রীদের উদ্দেশ্যে গাইলেন, কিছুক্ষণ যাত্রীদের বিনোদন দিয়ে আবার নেমে পড়লেন। জাকার্তা শহরের জনপ্রিয় মালিওবরু সড়কে গিটার হাতে একদল কিশোর-গায়কের সঙ্গে পরিচয় হলো। ইন্দোনেশিয় ভাষায় গাওয়ার পাশাপাশি বিভিন্ন বিদেশি ভাষার গানেও দক্ষ এসব কিশোররা। ওরা গিটার বাজিয়ে চলতে চলতে গান গায়। এদের অনেকেই স্কুল পড়ে। বিকেলবেলা গিটার হাতে গানফেরি করে বেড়ায় এসব শিশু-কিশোরা। সন্ধ্যাবেলা এক রেস্তোরাঁয় বসে চা পান করছিলাম, একদল ইন্দোনেশিয় পথগায়ক গেয়ে শুনালেন। কবি শামসুর রাহমানের একটি কবিতা মনে পড়লো, 'গলির অন্ধ বেহালাবাদক'।

আপনি গাড়ি চড়ে কোথাও যাচ্ছেন, যাত্রাপথে সড়কে লাল সিগনালে পড়েছেনতো কোনো সমস্যা নেই, অল্প বিরতিতে সেখানেও রয়েছে বিনোদন। দেখবেন কিনারায় দাঁড়িয়ে গাইছেন একদল, ঢোল ও নানা বাদ্যযন্ত্রের তালে। বাঁশের তৈরি একধরণের বাদ্যযন্ত্র বেশ মুগ্ধ করেছিল আমায়। কি আকর্ষণীয় সেই যন্ত্রের বাজনা! জাকার্তা শহরে খুবই জনপ্রিয় এমন বাদ্যযন্ত্র। জাকার্তার আইকনিক মালিওবরু সড়কে দেখা পাওয়া যাবে এমন বাদ্যযন্ত্র ও মিউজিসিয়ানদের।

উত্তর সুমাত্রায় হোটেল কর্মকর্তা আমাদের আগমনে স্বাগতম জানালেন গানে গানে। লেক তুবা এলাকায় রেস্তোরাঁ কর্মকর্তা গানে গানে আমাদের জানালেন বিদায়। সুমাত্রা, জাবা ও বালি দ্বীপের সড়কে কোণায় কোণায় চোখে পড়লো রঙ-বেরঙের কারাওকে দোকান। ইন্দোনেশিয় টিভি চ্যানেলে সারা মাসই গান প্রতিযোগিতা হয়। মালয়েশিয়া, থাইল্যান্ড, ব্রুনাই, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়া মিলে জনপ্রিয় কিছু গান প্রতিযোগিতার অনুষ্ঠান ইন্দোনেশিয় কিছু টিভি চ্যানেলে প্রচার হয়ে থাকে। আর সব মিলিয়ে আমার এমন মনে হলো, গানপাগল বা গানপ্রেমী ইন্দোনেশিয়া!

ইন্দোনেশিয়রা আমাদের বাংলাদেশকে চেনেন খুব ভালো। আর যারা চেনেন না ভারত পাশে বললেই চিনে যান অতি দ্রুত। বহু সাংস্কৃতিক ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ইন্দোনেশিয়া। দেশটিতে ঘুরতে গত কয়েক বছর ধরে বাংলাদেশিদের ভিসার প্রয়োজন হয় না।

লেখক: প্রবাসী বাংলাদেশি

ইমেইল: md.naim@aol.com

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!