২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের আটলান্টায় সঙ্গীতানুষ্ঠান

যুক্তরাষ্ট্রের আটলান্টায় মঞ্চ মাতিয়ে গেলেন বাংলাদেশের দুই জনপ্রিয় শিল্পী দিলরুবা খান ও দিনাত জাহান মুন্নী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জর্জিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2018, 06:57 PM

Updated : 11 Oct 2022, 12:37 PM

স্থানীয় সময় রোববার গুইনেট কাউন্টির বার্কমার হাই স্কুল মিলনায়তনে সন্ধ্যে সাড়ে ৮টায় ‘সম্প্রীতি’ নামে এক আয়োজনে এ দুই শিল্পী বেশ কয়েকটি দর্শকনন্দিত গান পরিবেশন করে প্রবাসী বাংলাদেশিদের চিত্ত জয় করেন।

নব্বই দশকের শুরুতে ‘পাগল মন’, ‘ভ্রমর কইয়ো গিয়া’সহ বেশ কয়েকটি গান গেয়ে সঙ্গীতের জগতে ঝড় তোলা শিল্পী দিলরুবা খান দীর্ঘ দুই যুগের ব্যবধানে সেই গানগুলির পরিবেশনা শুরু করলে সুরের মূর্ছনায় গোটা মিলনায়তনের দর্শক-শ্রোতা এক অভাবনীয় ব্যঞ্জনায় আবিষ্ট হয়ে পড়েন।

তবে চলচ্চিত্রের প্লেব্যাক শিল্পী দিনাত জাহান মুন্নীর ভিন্ন স্বাদের পাঁচমিশালী গান শুরু হলে প্রাণোচ্ছ্বল উচ্ছ্বাসে অনেককেই মঞ্চের আশপাশে নাচতে দেখা যায়। মুন্নী জনপ্রিয় দেশাত্মবোধক ‘একবার যেতে দে না আমার ছোট্র সোনার গাঁয়’ দিয়ে গান শুরু করেন এবং আঞ্চলিক, পল্লীগীতি, ভাওয়াইয়া, আধুনিকসহ তার স্বামী গীতিকার কবির বকুলের পুরস্কারপ্রাপ্ত ও ছায়াছবির কয়েকটি গান গেয়ে দর্শকদের মাতিয়ে রাখেন।

অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের মধ্যে মহসিনুল হক, শান্তনু কর ও নতুন প্রজন্মের তানজিলা ইসলাম তৃষার গান দর্শকদের মন কেড়ে নেয়।

শিল্পীদের গানের সাথে কীবোর্ডে রিপন, লিড গিটারে মীর্জা মনু ও অক্টপ্যাডে রীড জামান ছিলেন।

‘সম্প্রীতি’ নামের এই পরিচ্ছন্ন ও মনোজ্ঞ অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে তিনটি সংগঠন যথাক্রমে বাংলাদেশ কালচারাল সোসাইটি অব জর্জিয়া, আটলান্টা কালচারাল সোসাইটি ও বেঙ্গলী বয়েজ এন্ড কালচারাল অর্গানাইজেশন অব জর্জিয়া।

অনুষ্ঠানে আয়োজক গোষ্ঠীর পক্ষ থেকে সকল দর্শক,স্পনসর ও শুভানুধ্যায়ীদেরকে এ দুই গুণী শিল্পীর গানের আয়োজনকে সফল করে তোলার জন্যে আন্তরিক ধন্যবাদ জানান অন্যতম সংগঠক আরেফীন বাবুল।

বাবুল  এসময় প্রয়াত বারী সিদ্দিকীর একটি গান গেয়ে দর্শক নন্দিত হন। এরপর সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য দেন অপর দুই আয়োজক সংগঠক এম মওলা দিলু ও মহিন উদ্দিন দুলাল।

অনুষ্ঠানটির উপস্থাপনা করেছেন লেখক-সাংবাদিক রুমী কবির। এছাড়া সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠক ও ব্যবসায়ী মাহমুদ রহমান। দুই অতিথি শিল্পীকে মধ্যাহ্ন ও নৈশ ভোজে পূর্ণিমা রেস্টুরেন্টের পক্ষ থেকে আপ্যায়িত করায় শহিদুল ইসলাম ঠান্ডুকে আন্তরিক ধন্যবাদ জানানো হয় আয়োজক গোষ্ঠীর পক্ষ থেকে।  

‘সম্প্রীতি’র প্রধান স্পনসর হিসেবে পাশে দাঁড়িয়েছে আটলান্টার নন প্রফিট সেবা সংগঠন এমঅ্যান্ডজে ফাউন্ডেশন। এমঅ্যান্ডজে ফাউন্ডেশনের সভাপতি জামিল ইমরান অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরো অনুষ্ঠানটি উপভোগ করেন।

অন্যান্য স্পনসর হিসেবে এগিয়ে এসেছেন মোহাম্মদ এনামুল হক (রিয়েল এস্টেট), মাহবুবুর রহমান ভূঁইয়া (মর্টগেজ লোন অরিজেনেটর), এম মওলা দিলু (রিয়েল এস্টেট) ও মোহাম্মদ এস হক (রিয়েল এস্টেট)। এছাড়া স্পন্সর হিসেবে ব্যবসায়িক প্রতিষ্ঠান মনসুন মাসালা, ফার্স্ট এটিএম এলএলসি, টাকার অটো বডি শপের নাম উল্লেখযোগ্য।

অনুষ্ঠানে এমঅ্যান্ডজে ফাউন্ডেশনের পরিচালনায় বাংলাদেশিসহ বিভিন্ন অভিবাসী গোষ্ঠীর উন্নয়নে নানামুখী সেবাকর্মের একটি ভিডিওচিত্র দেখানো হয়।

এছাড়া ডিসিআই পরিচালিত বাংলাদেশে অসহায় দরিদ্র শিশুদের জন্যে সেবামূলক কর্মকাণ্ডের আরও একটি ভিডিও চিত্র দর্শক-শ্রোতাদের দেখানো হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!