২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাইন-ইলেভেনের বর্ষপূর্তিতে ৬ বাংলাদেশিকে স্মরণ

নাইন-ইলেভেনের সন্ত্রাসী হামলার ১৭ বছর পূর্তিতে নিউ ইয়র্কে অনুষ্ঠিত স্মরণ সভায় এ ঘটনায় নিহত ৬ বাংলাদেশিকে শ্রদ্ধা জানানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2018, 12:05 PM

Updated : 11 Oct 2022, 12:37 PM

মঙ্গলবার নিউ ইয়র্কের ডাউন টাউনে ন্যাশনাল সেপ্টেম্বর একাদশ মেমরিয়্যাল অ্যান্ড মিউজিয়ামের কাছে গ্রাউন্ড জিরোতে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। একইসাথে পেনসিলভেনিয়া, পেন্টাগনে ধসে যাওয়া স্থলেও শোক-সমাবেশ অনুষ্ঠিত হয়।

টুইন টাওয়ার ধ্বংস হবার সাথে সাথে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশিসহ মোট ২৯৭৮ জনের প্রাণহানী ঘটেছিল। নিহত বাংলাদেশিরা হলেন মুক্তাগাছার নূরল হক মিয়া এবং তার স্ত্রী মৌলভীবাজারের শাকিলা ইয়াসমীন, সুনামগঞ্জের সাব্বির আহমেদ, কুমিল্লার মো. শাহজাহান, সিলেটের সালাহউদ্দিন চৌধুরী এবং নোয়াখালীর আবুল কে চৌধুরী। 

এই বাংলাদেশিসহ ভয়ংকর সেই সন্ত্রাসী হামলার শিকার হওয়া ব্যক্তিদের শ্রদ্ধার সাথে স্মরণের পর মোমবাতি প্রজ্বলন ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায়। বহুজাতিক এ কর্মসূচির আয়োজন করে ‘ওয়াল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট’ নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থা।

সংস্থাটির প্রেসিডেন্ট শাহ শহীদুল হক সাঈদের সভাপতিত্বে সন্ত্রাসের নিন্দা, প্রতিবাদ এবং সন্ত্রাসীদের প্রতি ধিক্কার জানিয়ে বক্তব্য দেন আয়োজক সংগঠনের ভাইস প্রেসিডেন্ট শাহরিয়ার শরীফ আহমেদ, সেক্টর কমান্ডার্স ফোরামের সেক্রেটারি রেজাউল বারি, মহিলা সম্পাদিকা সবিতা দাস ও সাংস্কৃতিক সম্পাদক উইলি নন্দী।

যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশনের পর গীতা থেকে পাঠ করা হয়। দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয় ইমাম কাজী কায়্যুমের নেতৃত্বে। মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে আরও অংশ নেন বাবলী হক, বিনা বর্মণ, নার্গিস রহমান, শাহনাজ বেগম, তামান্না হাসিনা, রওশন আরা বেগম, আফরোজা জাহান, চামেলি গমেজ, ফারহানা আমান, কাজী শফিকুল হকসহ আরও অনেকে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!