শেখ হাসিনার যুক্তরাষ্ট্র সফরে বিক্ষোভের প্রস্তুতি বিএনপির
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন যুক্তরাষ্ট্র সফর ঘিরে বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে দেশটিতে বিএনপি ও তার সহযোগী সংগঠনগুলো।
স্থানীয় সময় সোমবার সন্ধায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের ইত্যাদি পার্টি হলে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভা থেকে ‘যেখানে শেখ হাসিনা সেখানেই প্রতিরোধ’ শিরোনামে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির নেতা-কর্মীরা।
যুবদলের কেন্দ্রীয় নেতা এম এ বাতিনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি বাবরউদ্দিন।
তারা জানান, ২৩ সেপ্টেম্বর দুপুরে জন এফ কেনেডি বিমানবন্দরে শেখ হাসিনাকে কালো পতাকা দেখানো ও ২৭ সেপ্টেম্বর বিকেলে জাতিসংঘে শেখ হাসিনার ভাষণের সময় বাইরে বিক্ষোভের প্রস্তুতি নেওয়া হয়েছে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জেলে রেখে বিএনপির কেউই নির্বাচনে যাবে না জানিয়ে তার মুক্তির দাবি জানায় সংগঠনগুলো।
সভায় অন্যান্য নেতা-কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সাবেক প্রধান সমন্বয়কারি আব্দুল লতিফ সম্রাট, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ সভাপতি সোলায়মান ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সুরুজ্জামান, যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক কাওসার আহমেদ, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জনি, বিএনপি নেতা জাহাঙ্গির সোহরাওয়ার্দি, সোহরাব হোসেন, খলকুর রহমান ও যুবদলের নেতা ওয়েস আহমেদ।
এদিকে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাতে প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলো।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
