যুক্তরাষ্ট্রে আ.লীগের দুই অংশের আলাদা মানববন্ধন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন জাতিসংঘ সফরকে সফল করতে প্রবাসীদের আহ্বান জানিয়ে আলাদা মানববন্ধন করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দুটি অংশ।
সোমবার ওয়াশিংটন ডি.সির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে একাংশ ও একইদিন নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস ডাইভার্সিটি প্লাজায় সংগঠনটির অপর অংশের নেতা-কর্মীরা এ কর্মসূচি পালন করেন।
উভয় কর্মসূচি থেকেই বঙ্গবন্ধুর ঘাতক রাশেদ চৌধুরী ও একাত্তরের ঘাতক আশরাফুজ্জামান খানকে দেশে ফেরানো এবং রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর দাবি জানানো হয়।
ওয়াশিংটন ডি.সির কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান, আব্দুস সামাদ আজাদ, এনাম দুলাল মিয়া, আবুল হাসিব মামুন, তৈয়বুর রহমান টনি, খোরশেদ খন্দকার, শাহানারা রহমান, নান্টু মিয়া, মোহাম্মদ আলমগীর, শেখ সেলিম, জি আই রাসেল ও শিব্বির আহমেদ।
নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে অপর অংশের মানববন্ধন
আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র শাখার বর্তমান কমিটির মেয়াদ ৪ বছর আগেই ফুরিয়ে যাওয়ায় নতুন কমিটির দাবিতে দলটির বড় একটি অংশ সোচ্চার রয়েছে বলে জানা গেছে। সম্মেলন প্রত্যাশী নেতা-কর্মীরাই নিউ ইয়র্ক জ্যাকসন হাইটসে আলাদা মানববন্ধন করেন।
এর আগে স্থানীয় সময় রোববার রাতে নিউ ইয়র্কের বাংলাদেশ প্লাজায় শেখ হাসিনার সফরের সমর্থনে একটি প্রস্তুতি সমাবেশও করেন তারা।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
