২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি প্রকৌশলীদের সম্মেলন

যুক্তরাষ্ট্রে ‘আমেরিকান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার অ্যান্ড আর্কিটেক্ট (এএবিইএ)’-এর দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2018, 11:35 AM

Updated : 11 Oct 2022, 12:36 PM

নিউ ইয়র্ক সিটি সংলগ্ন লং আইল্যান্ডের ইউনিয়নডেলে একটি হোটেলের বলরুমে বাংলাদেশি প্রকৌশলী ও স্থপতিদের নিয়ে আয়োজিত তিন দিনব্যাপী এ সম্মেলন শেষ হয়েছে রোববার।

সম্মেলনের প্রধান অতিথি জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী এ সময় বুয়েটের বর্তমান নাজুক অবস্থার আলোকে একটি ভিডিওচিত্র প্রদর্শন করে বলেন, “বাংলাদেশে বর্তমানে ১০৩টি প্রাইভেট ও ৪৬টি পাবলিক ইউনিভার্সিটির একটিও বিশ্ব র‌্যাংকিংয়ের প্রথম দুই হাজারের মধ্যেও নেই। আমরা যারা বিভিন্ন দেশে চাকরি-শিক্ষকতা করছি, তারা বুয়েটের অ্যালামনাই হিসেবে এহেন নাজুক পরিস্থিতির অবসানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারি।”

রেজা একশ’ কোটি টাকার একটি তহবিল তৈরির প্রস্তাবনা উপস্থাপন করে আরও বলেন, “এই অর্থ দ্বারা গবেষণা প্রকল্প হাতে নেওয়া হবে। পাশাপাশি বুয়েটের সাজ-সরঞ্জাম কিনতে হবে। ছাত্রাবাসের ভঙ্গুর অবস্থা দূর করার পাশাপাশি খাদ্যের মান উন্নত করা যাবে।”

সমাবেশে অতিথি হিসেবে আরও ছিলেন ‘বাংলাদেশ উইমেন ইন আইটি (বিডব্লিউআইটি)’র পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবোটিক্স ও ম্যাকিনটোনিক্স বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক লাফিফা জামাল ও ম্যাক্স গ্রুপের প্রধান গোলাম মোহাম্মদ আলমগীর।

সম্মেলনে তথ্য-প্রযুক্তি, প্রকৌশল ও উদ্ভাবন, ব্যবসা ও তারুণ্য, ক্লাউড কম্পিউটিং, শক্তি ও ডাটা, উদ্যোক্তা, বিগড্যাটা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, হাইটেক, তারুণ্যের ক্যারিয়ার, সাইবার সিকিউরিটি, সিভিল ইঞ্জিনিয়ারিং ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা হয় ২০টিরও বেশি সেমিনার-সিম্পোজিয়ামে।

সাংস্কৃতিক আয়োজন ছাড়াও সমাপনী অনুষ্ঠানে ছিল ম্যানহাটারের চারদিকে নৌ-ভ্রমণের ব্যতিক্রমী আয়োজন। সম্মেলনে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্যে বেশ কয়েকজনকে ‘বিশেষ সম্মাননা ক্রেস্ট’ দেন জামিলুর রেজা চৌধুরী। ক্রেস্টপ্রাপ্তদের অন্যতম ছিলেন ‘পিপল এন টেক ইন্সটিটিউট’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী আবু হানিপ।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!