২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে ডেমক্র্যাটিক প্রার্থীর সঙ্গে প্রবাসীদের মতবিনিময়

নিউ ইয়র্ক কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট-১৪ এর ডেমক্র্যাটিক পার্টির প্রার্থী আলেক্সান্দ্রিয়া ওকাসিয়ো করটেজের সঙ্গে মতবিনিময় করেছেন অঙ্গরাজ্যটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2018, 06:52 PM

Updated : 19 Aug 2022, 02:30 PM

স্থানীয় সময় শনিবার নিউ ইয়র্কের কুইন্সের অ্যাস্টোরিয়ায় এ সভার আয়োজন করে প্রবাসী বাংলাদেশি সংগঠন ‘বাংলাদেশি আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপ’।

সভায় আলেক্সান্দ্রিয়া বলেন, “আমি আপনাদের মতোই খেটে খাওয়া একজন অভিবাসী। বলতে দ্বিধা নেই আমি আপনাদেরই লোক। তাই নতুন অভিবাসী হিসেবে বাংলাদেশিরা কী ধরনের সমস্যার মধ্যে রয়েছেন, তা আমি ভালো করেই জানি। তেমন পরিস্থিতির অবসানেই কংগ্রেসে সদা সোচ্চার থাকবো।”

মার্কিন কংগ্রেসে চতুর্থ শীর্ষস্থানীয় ডেমক্র্যাট যোসেফ ক্রাউলিকে পরাজিত করে দলীয় মনোনয়ন পাওয়া আলেক্সান্দ্রিয়া বলেন, “নিউ ইয়র্ক সিটিতে বহু বাংলাদেশি নাগরিকত্ব গ্রহণ করেছেন। তাদেরকে নভেম্বরের জাতীয় নির্বাচনে দলে দলে ভোট দিতে হবে। ভোটের হিসাব-নিকাষ অনুযায়ী কেন্দ্রীয় ও স্থানীয় প্রশাসনের বিভিন্ন প্রকল্প দেওয়া হয়। বাংলাদেশিরাও যাতে তার ন্যায্য হিস্যা পান সে ব্যাপারে আমি সজাগ থাকবো।”

দলীয় প্রার্থী বাছাইয়ের নির্বাচনে বিজয়ের পর স্থানীয় গণমাধ্যমে ‘উদীয়মান তারকা-রাজনীতিক’ খেতাব পাওয়া আলেক্সান্দ্রিয় আরও বলেন, “অভিবাসী সমাজের পক্ষে কথা বলবো বলেই স্বার্থান্বেষী মহল এবং কর্পোরেশনের কাছে থেকে কোন চাঁদা নেইনি। খেটে খাওয়া মানুষেরাই আমরাই প্রেরণার উৎস।”

এসময় কমিউনিটি নেতা হাসানুজ্জামান হাসানের এক প্রশ্নের জবাবে আলেক্সান্দ্রিয়া বলেন, “বাংলাদেশিরা আমার জন্য যেভাবে খেটেছেন এবং এখনও সোচ্চার রয়েছেন, সে ঋণ আমি শোধ করবো তাদের ন্যায়সঙ্গত অধিকার সুসংহত করার মধ্য দিয়ে। একইসাথে প্রেসিডেন্ট ট্রাম্পের গণবিরোধী সব কর্মকাণ্ড রুখে দিতেও কংগ্রেসে সোচ্চার থাকবো।”

প্রবাসীরা জানান, কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট-১৪ এর ভোটারের ৭০ শতাংশ হলেন ডেমক্র্যাট। তাই দলীয় প্রার্থী হিসেবে জয়ী হবার পর নির্বাচনে জয় পাওয়া সহজ। আগামী ৬ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সভায় আরও উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের কামাল ভূইয়া, এম বিল্লাহ, হুমায়ূন খান, ওয়াজেদ এ খান, আবু তাহের, খন্দকার ফারহাদ ও জয়নাল আবেদীন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!